০৩:৪৪ পি.এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে। তিনি উল্লেখ করেন, যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।
রবিবার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মৎস্য দিয়ে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অষ্টম স্থান ধারণ করছে এবং কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। তিনি আরও জানান, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে এগিয়ে যাবে। মন্ত্রী পূর্বাভাস দেন, এই জায়গা-জমি নিয়ে যুদ্ধ হবে না, বরং মিষ্টি পানি নিয়ে যুদ্ধ হবে। তিনি বলেন, বাংলাদেশে মিষ্টি পানি হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি এবং আগামী দিনে আরও বেশি হবে। মন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি উল্লেখ করে জানান, পৃথিবীর ৭-৮টি দেশের মধ্যে এখনও নদীর পানি নিয়ে যুদ্ধ হয়।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম
তিনি আরো বলেন, রাজশাহীর আশেপাশের খাল বিলগুলো এবং মাছ চাষের উপযোগী করা হবে। রাজশাহীর চাষীরা মাছ চাষ করে সেই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। ভূমিমন্ত্রী রাজশাহীর চাষীদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহ্বান জানান।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশিদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন