০২:৩৪ পি.এম
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নিউইয়র্কের একটি নতুন জনপ্রিয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের জন্য ভিড় জমিয়েছিলেন অনেক মানুষ। তাদের পাতে ছিল রঙিন সালাদ, গ্রিল করা চিংড়ি এবং বিভিন্ন পাস্তা। তবে রেস্তোরাঁটির বিশেষত্ব খাবারে নয়, বরং এর অবস্থানে। এটি একটি শিল্প জাদুঘরের ভেতরে অবস্থিত।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রচলিত ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এসে নিউইয়র্কে বেশ কিছু আধুনিক ও উচ্চাভিলাষী রেস্তোরাঁ জাদুঘরগুলোকে খাবারের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছে।
আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আঞ্চলিক শত্রুর নাম নেই
এ ধরনের নতুন উদ্যোগের মধ্যে নিউ মিউজিয়াম অব কনটেম্পরারি আর্টে চালু হওয়া ‘ওবেরন’ উল্লেখযোগ্য। ম্যানহাটনের এই ভবনটি সালভাদর দালি ও মার্সেল দুশাঁর মতো শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনীর জন্য পরিচিত। এবার সেখানে যুক্ত হয়েছে মানসম্মত খাবারের আয়োজন।
জাদুঘরের পরিচালক ম্যাসিমিলিয়ানো জিওনি স্বীকার করেন, এই শহরে নামকরা রেস্তোরাঁর মধ্যে প্রতিযোগিতা বেশ তীব্র।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সাফল্য নির্ভর করবে বৃহত্তর বাজারে আমরা কতটা জায়গা করে নিতে পারি, তার ওপর। এ থেকেই আমাদের উচ্চাকাঙ্ক্ষার ধারণা পাওয়া যায়। যদিও তা পুরোপুরি অবাস্তবও হতে পারে।’
৯০ আসনবিশিষ্ট ডিম্বাকৃতির খাবারকক্ষের পাশে একটি আসনে বসে কথা বলেন জিওনি। তার মতে, কক্ষটি দেখতে অনেকটা মহাকাশযানের মতো। শৈল্পিক নকশায় অত্যন্ত যত্ন নিয়ে সাজানো হয়েছে এটি। এর জানালাগুলোও বিশেষভাবে তৈরি, যাতে জাদুঘরের ভেতর থেকে রেস্তোরাঁটি দেখা না যায়।
আরও পড়ুন: ইরাকের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ২, আহত ২৮
এ রেস্তোরাঁয় খেতে জাদুঘরের প্রবেশ টিকিট কেনার প্রয়োজন নেই। রাতের খাবারের জন্য রেস্তোরাঁয় প্রবেশের আলাদা পথও রয়েছে। গ্রাফিতিতে ঢাকা একটি সরু গলি দিয়ে স্পিকইজির আদলে তৈরি প্রবেশপথটি ব্যবহার করতে হয়।
জিওনি আশা করেন, ‘একসময় মানুষ জাদুঘরটির কথা না জেনেই শুধু রেস্তোরাঁয় খেতে আসবে।’
বিলাসবহুল সাময়িকী ‘কনডে নাস্ট ট্রাভেলার’ ওবেরনকে ‘ম্যানহাটনে সবচেয়ে আকর্ষণীয় নতুন রেস্তোরাঁ’ হিসেবে উল্লেখ করেছে। নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে উচ্চমানের রেস্তোরাঁ চালুর যে প্রবণতা দেখা যাচ্ছে, ওবেরন তারই অংশ।
গত বছর ফ্রিক কালেকশন তাদের ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে চালু করেছে। নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স গত এপ্রিলে ফরাসি রেস্তোরাঁ ‘মার্সেল’ চালু করেছে। এছাড়া কুইন্সে মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) পিএস১ শাখায় ২০২৭ সালের শুরুর দিকে ফরাসি-আফ্রিকান ক্যাফে ‘সিমোন’ চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হলেন মাওলানা আহমদ বাটলা
আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামসের এলিজাবেথ মেরিট বলেন, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই এমন খ্যাতিমান শেফদের ওপর নির্ভর করছে, যারা দর্শনার্থীদের আকর্ষণ করতে সক্ষম। তাদের মাধ্যমে জাদুঘরে নতুন দর্শকও আসতে পারেন।
‘স্রেফ কল্পনাপ্রসূত আশা’-
জাদুঘরে খাবারের আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে সফল উদাহরণ হলো ম্যানহাটনের মোমায় অবস্থিত ‘দ্য মডার্ন’। ২০০৫ সালে চালুর পর থেকে রেস্তোরাঁটি দুটি মিশেলিন তারকা অর্জন করেছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার টেইলর বলেন, জাদুঘরের রেস্তোরাঁর খাবার মানসম্মত নয়—এমন নেতিবাচক ধারণা বদলে দিয়েছে দ্য মডার্ন।
আরও পড়ুন: মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল, প্রত্যাবাসনের আশ্বাস দিল
তিনি বলেন, ‘অনেকের ধারণা, জাদুঘর বা হোটেলের রেস্তোরাঁয় খাবারের মান ও পরিবেশ অন্য অভিজাত রেস্তোরাঁর মতো হয় না।’
টেইলর আরও বলেন, ‘শুধু একটি স্যান্ডউইচ আর সান পেলেগ্রিনোর পানির বোতলের জন্য মানুষ সেখানে বেশিক্ষণ থাকবে না। জাদুঘরের যে ভাবমূর্তি, খাবারের আয়োজনও তার সঙ্গে মানানসই হওয়া উচিত।’
কোভিড মহামারির পর দর্শনার্থীর সংখ্যা কমে যাওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কেন্দ্রীয় তহবিলে কাটছাঁটের কারণে যুক্তরাষ্ট্রের অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখনো আর্থিক চাপের মধ্যে রয়েছে।
তবে টেইলরের মতে, জাদুঘরে রেস্তোরাঁ চালু করা বরং শক্তিশালী আর্থিক অবস্থারই ইঙ্গিত দেয়। কারণ, এসব প্রতিষ্ঠানের খাবার ব্যবসা অনেক সময় লোকসানে পরিচালিত হয়। এর উদ্দেশ্য প্রতিষ্ঠানের সুনাম বাড়ানো এবং দাতাদের আকৃষ্ট করা।
আরও পড়ুন: উচ্চ সুদ হার নিয়ে ভারতের দিকে নজর দেওয়ার পরামর্শ: ট্রাম্পের ক্ষোভ
তিনি বলেন, ‘বেশিরভাগ উন্নতমানের ও অভিজাত রেস্তোরাঁ এমন জাদুঘরগুলোতে চালু হচ্ছে, যেগুলো সম্প্রতি বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছে এবং বিপুল পরিমাণ তহবিল ও অনুদান পেয়েছে। এসব অর্থ তাদের রেস্তোরাঁ পরিচালনায় সহায়তা করছে।’
নিউ মিউজিয়ামের ৪৯ বছরের ইতিহাসে প্রথম রেস্তোরাঁ ওবেরন। ৮ কোটি ২০ লাখ ডলারের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এটি চালু হয়েছে। তবে রেস্তোরাঁটি কতটা লাভজনক হবে, তা এখনই বলা যাচ্ছে না।
জিওনি বলেন, ‘আমরা এমন একটি ধারণার ওপর বাজি ধরেছি, যা নিশ্চিত নয়। সেটি হলো, রেস্তোরাঁটি আমাদের আয় বাড়াতে ভূমিকা রাখবে। এটি হয়তো স্রেফ কল্পনাপ্রসূত আশা। তবে এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে।’
রেস্তোরাঁটির বার নিয়েও তার প্রত্যাশা রয়েছে। এ প্রসঙ্গে তিনি শিল্পী ও পানশালার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন নিহত-আহত
হেসে জিওনি বলেন, ‘আমি কাউকে খারাপ পথে প্ররোচিত করতে চাই না। তবে বিংশ শতাব্দীতে পানশালার ইতিহাস ছাড়া শিল্পকলার ইতিহাসও অসম্পূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন