১০:২৪ এম
সাভারে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) দোকানে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় ‘জাহাঙ্গীর এন্টারপ্রাইজ’ নামক দোকানে এই ঘটনা ঘটে।
অভিযোগের সূত্রে জানা গেছে, দোকানটিতে চাল ও আটা বিক্রি করার সময় এফ রহমান রূপক (৪৮) নামে একজন যুবক দোকানে অনিয়মের অভিযোগ তোলে এবং নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়। তার সঙ্গে ছিলেন মো. মনজুরুল হক মঞ্জু (৫২), মো. আবু বক্কর সিদ্দিক (৪১) ও পিন্টু শেখ (৪৭)। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন।
আরও পড়ুন: বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
পরবর্তীতে, তারা দোকানটিতে অভিযান পরিচালনা ও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। দোকানের মালিক মো. জাহাঙ্গীর হোসেন এবং উপস্থিত কর্মচারীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। একপর্যায়ে, উপস্থিত জনগণের সন্দেহ হলে স্থানীয়রা হাতেনাতে তাদের আটক করে, তবে পিন্টু শেখ কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার এসআই আব্বাস উদ্দিন জানান, এলাকাবাসী চারজনকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় দোকান মালিক মো. জাহাঙ্গীর হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এর সাথে বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী এজেন্টদের মতবিনিময় সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন