ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলল প্রশাসন


শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলল প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষিতে। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে গেটটি খুলে দেওয়া হয়। এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা রাত ৯টা ৫০ মিনিটের দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন। পরে তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে মুজিব হলের পকেট গেটের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ বিক্ষোভে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও সূর্যসেন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী এবং অধ্যাপক ড. এনামুল হক সজীব। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। আন্দোলন শুরু হওয়ার প্রায় আধা ঘণ্টার মধ্যে প্রশাসন গেটটির তালা খুলে দেয়।

আরও পড়ুন: হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, ইডেন শিক্ষার্থীরা ৯টি বাস আটকে রাখলেন

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গেটটি বন্ধ থাকার কারণে যাতায়াতে ভোগান্তির অভিযোগ তুলে শিক্ষার্থীরা এটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেলসির মাঠে ১৯৯৯ সালের পর লিডসের ঐতিহাসিক জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ এম


চেলসির মাঠে ১৯৯৯ সালের পর লিডসের ঐতিহাসিক জয়

লিডস ইউনাইটেড ১৯৯৯ সালের পর চেলসির মাঠে প্রথমবারের মতো জয়লাভ করেছে নোয়া ওকাফোরের দুটি গোলে। এই জয়ের ফলে তারা ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে, যা চতুর্থ স্থানে থাকা বোর্নমাউথের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে রয়েছে।

চেলসি, যারা সান্ডারল্যান্ডের কাছে হারের পর মাঠে নেমেছিল, ২৮ মিনিটে এগিয়ে যায় গ্রীষ্মের দলবদলে আসা ইমানুয়েল এমেগার গোলে। এই ডাচ ফরোয়ার্ড নিজের পূর্ণাঙ্গ অভিষেকে বাঁ পায়ের জোরালো শটে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন। কিন্তু সেই স্বস্তি মাত্র তিন মিনিট স্থায়ী হয়েছিল; চেলসির ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে নিচু শটে দূরের কোনায় বল জড়িয়ে সমতা ফেরান ওকাফোর।

স্টামফোর্ড ব্রিজে প্রথমার্ধে ডমিনিক ক্যালভার্ট-লুইন একাধিক সুযোগ হাতছাড়া করেন—একবার ক্রসবারে লাগান এবং দুবার তার হেড প্রতিপক্ষ গোলরক্ষক আটকে দেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে ভুল করেননি তিনি। জেইডেন বোগলের শট মর্গ্যান রজার্স হাত দিয়ে আটকালে রেফারি মাইকেল অলিভার পেনাল্টির বাঁশি বাজান, আর নিচু শটে লক্ষ্যভেদ করেন ক্যালভার্ট-লুইন।

ম্যাচের ৫৮ মিনিটে লাফিয়ে ওঠা বল দারুণভাবে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল ও লিডসের নিয়ন্ত্রণ আরও পোক্ত করেন ওকাফোর। চেলসি কোচ জাবি আলোনসো দ্রুত ড্যানি ওয়েলবেক ও পেদ্রো নেতোকে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও লিডসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। একেবারে শেষ মুহূর্তে মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে একা বেরিয়ে গিয়ে নিচু শটে ব্যবধান আরও বাড়ান ব্রেন্ডেন অ্যারনসন। এই হারের ফলে চেলসি লিগ টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার ফোন যোগাযোগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ এম


ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার ফোন যোগাযোগের অভিযোগ

ঢাকা কলেজের ছাত্রাবাসে ককটেল বিস্ফোরণের ঘটনার পর আটক হওয়া ছয় শিক্ষার্থীর একজনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাসাররুফ তুহিনের একাধিকবার ফোনে যোগাযোগের অভিযোগ উঠেছে। ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতার দাবি, তুহিন আটক ওই শিক্ষার্থীকে ককটেল সরবরাহ করেছেন।

এ বিষয়ে তুহিনকে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে গত ৩ নভেম্বর তুহিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে।

রাতের সময় ঢাকার কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা ছয় শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক শিক্ষার্থীদের মধ্যে আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) এবং শিখন হোসেন (১৭) অন্তর্ভুক্ত রয়েছে। শিখন ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, অন্যরা সাবেক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার শিহাব দাবি করেন, আটক শিখনের সঙ্গে তুহিনের যোগাযোগ ছিল। শিহাবের অভিযোগ, তুহিন আটক শিক্ষার্থীকে ককটেল সরবরাহ করেছেন এবং তাদের মধ্যে ফোনে একাধিকবার কথা হয়েছে। এমনকি আটকের ২০ মিনিট আগে তুহিন ফোন করেছিলেন বলেও তিনি দাবি করেন।

শিহাব আরো বলেন, ‘ছাত্রলীগের ছেলেদের ককটেল সরবরাহ করেছেন তুহিন। ওই ককটেল নিয়ে তারা কলেজের হলে বিস্ফোরণ ঘটিয়েছে। যাদের মাধ্যমে ককটেল পাঠানো হয়েছে, তাদের ফোনেও তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আমাদের কারো সঙ্গে তাদের ব্যক্তিগত শত্রুতা নেই।’

তিনি জানান, তুহিনের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছু ভিডিও ও ছবি রয়েছে। শিখনকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফোনে কল আসার তথ্য ও ছবিগুলো দেখিয়েছে এবং ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে তারা দুটি ককটেল ঢাকা কলেজে নিয়ে এসেছিল বলেও দাবি করেন শিহাব।

অন্যদিকে, গত ৩ নভেম্বর সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে তাসাররুফ তুহিনকে কারণ দর্শানোর নোটিশ দেয় ঢাবি শাখা ছাত্রদল। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৫ নভেম্বরের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর পরের অগ্রগতি জানা যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ এবং অভিযুক্ত তাসাররুফ তুহিনকে একাধিকবার ফোন করা হলেও কেউই সাড়া দেননি।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্‌ঘাটন করবে। তবে তাদের কাছ থেকে আর কিছু উদ্ধার করা যায়নি।’

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) পাস করা কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে শিখন নামের শিক্ষার্থীকে আগে এক ঘটনায় বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদের পরিচালক নিযুক্ত হলেন রাফায়েল নাদাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ এম


রিয়াল মাদ্রিদের পরিচালক নিযুক্ত হলেন রাফায়েল নাদাল

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।

শনিবার (২১ নভেম্বর) ক্লাবের সাধারণ সভায় তার এ নিয়োগ অনুমোদন পায়।

২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী নাদাল ২০১১ সাল থেকে ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবে আছেন এবং রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার পর নাদাল বলেন, "আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যখন আমাকে সম্মানসূচক সদস্য করেছিলেন, সেটি ছিল অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত; আর আজকের দিনটি আরও এক ধাপ এগিয়ে যাওয়ার।"

তিনি আরো বলেন, "আমার জন্য এটি এক বিশাল দায়িত্ব। রিয়াল মাদ্রিদ প্রজন্ম থেকে প্রজন্মে—বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের কাছে ছড়িয়ে পড়ে। এটি মানুষকে একসূত্রে গাঁথে। এখন এমন একটি সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।"

নাদালের আগমনে ক্লাবের ভবিষ্যৎ আরো সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পেরেজ। তিনি মন্তব্য করেন, "তার এই যুক্ত হওয়া কেবল একজন অসাধারণ ব্যক্তিত্বকে দলে নেওয়ার মতো বিষয় নয়; এর অর্থ হলো অন্যতম সেরা এক কিংবদন্তি আমাদের সঙ্গে ভবিষ্যৎ গড়তে চান। আমি নিশ্চিত, আগামী প্রজন্মের জন্য আমরা যে রিয়াল মাদ্রিদ গড়ে তুলতে চাই, সেটি বাস্তবায়নে তার উপস্থিতি বড় ভূমিকা রাখবে।"

বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী নাদাল। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছা তার রয়েছে, তবে সেই পদের জন্য তিনি যোগ্য কিনা তা নিয়ে সন্দিহান। চলতি বছর ক্লাব নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার গুঞ্জন থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই স্প্যানিশ তারকা। গত জুনে এনরিকে রিকুয়েলমেকে হারিয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%