০৪:৩২ পি.এম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ই ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো ধরনের চাপের মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত আয়োজন করবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এই জাতীয় তথাকথিত কোনো কর্মকাণ্ড যদি থাকে।’
আরও পড়ুন: প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার
তিনি আরও বলেন, ‘সরকার সবসময় সতর্ক আছে। আসিব আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই। একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর। আমরা সবসময় সতর্ক আছি। কিসের চাপ, আপনাদের কাছে মনে হয়? এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কাজ।’
এছাড়া, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দল হিসেবে নিষিদ্ধ করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি আইনানুগ বিষয়।
তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে একটি সংশ্লিষ্ট ধারায় সংশোধনের মাধ্যমে ইন্টেরিম গভর্নমেন্টের সময় দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের কার্যক্রম হাতে নেওয়ার জন্য তদন্ত পরিচালনা করার সুযোগ সৃষ্টি হয়েছিল। তদন্ত চলছে, তদন্ত সম্ভবত শেষ পর্যায়ে।’
বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে আদালতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দল হিসেবে বিচারের বিষয়টি নির্ধারিত হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু, সংবিধানের আর্টিকেল ৪৭ অনুসারে বিধান আছে যে, ব্যক্তি, গোষ্ঠী আর দল হিসেবে কোনো সংগঠন যদি মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আরেকটি অপরাধ তিনটা অপরাধের বিষয়ে যদি জড়িত থাকে তাহলে ব্যক্তির সাথে দলকে সংগঠনকেও বিচারের আওতায় আনা যাবে। সেটা বিচারিক কার্যক্রম শেষ হলে শাস্তির বিষয়টা উল্লেখ আছে, দল নিষিদ্ধ করা পারমানেন্টলি অথবা কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা অথবা সংগঠনের সম্পত্তি জব্দ করা এ সমস্ত বিধান ওখানে আছে। তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল হলে সেই ট্রায়ালের পরে আদালত যেটা বিবেচনা করবেন সেই হিসেবে সেটা হবে।’
সাবেক অন্তর্বর্তী সরকারের আমলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘এখন বাকি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। নির্বাচন কমিশন তাদের নির্ধারিত আইনের মধ্য দিয়ে তাদের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড করেছে সেটা এখনো বহাল আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন