১০:৫৪ এম
বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের মূল ভিত্তি হলো এর ভূকৌশলগত অবস্থান। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ, একদিকে বঙ্গোপসাগরের উপকূলীয় রাষ্ট্র এবং অন্যদিকে ভারত, চীন ও মিয়ানমারের নিকটবর্তী প্রতিবেশী। এই অবস্থান বাংলাদেশের জন্য আঞ্চলিক যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। ফলে, বাংলাদেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও যোগাযোগ অবকাঠামোকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক শক্তিগুলোর বিশেষ আগ্রহ ও পরিকল্পনার বিষয় সামনে এসেছে।
বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অবকাঠামো এখন শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের বিষয় নয়; বরং এগুলো প্রধান শক্তিগুলোর কৌশলগত স্বার্থের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। বিশেষ করে অতীতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করার এশিয়ান হাইওয়ে প্রকল্প, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের মানবিক করিডোর-সংক্রান্ত উদ্যোগ ও আগ্রহ, চীনের বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের ধারণা, জাপানের ‘Bay of Bengal Industrial Growth Belt’ বা BIG-B পরিকল্পনা এবং ভারতের সাবরুম বিশেষ অর্থনৈতিক করিডোরকে চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দরের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখযোগ্য। এসব প্রকল্পের অন্তরালে রয়েছে আঞ্চলিক প্রভাব বিস্তার, বাণিজ্যিক প্রবেশাধিকার, ভূরাজনৈতিক অবস্থান সুসংহত করা এবং বঙ্গোপসাগরকে ঘিরে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার বাস্তবতা। বাংলাদেশের জন্য মূল প্রশ্ন হলো—কীভাবে এই প্রতিযোগিতামূলক উদ্যোগগুলোকে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তার অনুকূলে ব্যবহার করা যায়।
এশিয়ান হাইওয়ে : আঞ্চলিক যোগাযোগের স্বপ্ন ও ট্রানজিট বিতর্ক
আরও পড়ুন: ইসরাইলের নাগরিকদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া
বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগব্যবস্থার কেন্দ্রে নিয়ে আসার ধারণা নতুন নয়। ১৯৫৯ সালে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (UNESCAP) এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের পরিকল্পনা গ্রহণ করে। এর উদ্দেশ্য ছিল এশিয়ার বিভিন্ন দেশকে সড়কপথে সংযুক্ত করে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। ২০০৯ সালে বাংলাদেশ এশিয়ান হাইওয়ে চুক্তিতে যুক্ত হয়। তবে প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের উদ্বেগ ছিল মূলত রুট নির্ধারণ ও ট্রানজিট সুবিধা প্রদানকে কেন্দ্র করে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল মিয়ানমারের সঙ্গে টেকনাফ সীমান্তকে যুক্ত করে দক্ষিণ এশিয়ামুখী যোগাযোগ সম্প্রসারণ। কিন্তু ভারত চেয়েছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগে নেটওয়ার্ক তৈরি করা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও নিরাপত্তাগত বিতর্ক তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ভারতের সঙ্গে সমঝোতার অভাবে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
জাপানের বিগ-বি : অর্থনৈতিক সংযোগ ও আঞ্চলিক শিল্পায়নের কৌশল
২০১৪ সালে জাপান ও বাংলাদেশের মধ্যে জাপানের বিগ-বি উদ্যোগের ধারণা আনুষ্ঠানিকভাবে সামনে আসে। এর লক্ষ্য ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ করা।
বিগ-বির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উপাদান হলো মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। একে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ এবং ভূরাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণের সম্ভাবনাময় কৌশলগত উদ্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জাপানের ঋণ ও প্রযুক্তিগত সহযোগিতায় নির্মাণাধীন এই বন্দরের মাধ্যমে বড় আকারের জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে ভিড়তে পারবে। মাতারবাড়ীকে কেন্দ্র করে বিদ্যুৎ, জ্বালানি, শিল্পাঞ্চল, সড়ক ও রেল যোগাযোগের সমন্বিত অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: গ্রিসে বাংলাদেশি টিকটকারের ভিডিও বিতর্ক, ৫০ অভিবাসী ফেরত
মাতারবাড়ী বন্দরের গুরুত্ব কেবল বাংলাদেশের আমদানি-রপ্তানি সক্ষমতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, সামুদ্রিক সম্পদের ওপর অধিকার এবং পররাষ্ট্রনীতির স্বাধীনতা। প্রশ্ন হচ্ছে, মাতারবাড়ীকে বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে? অন্য কোনো রাষ্ট্রের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের অবকাঠামো হিসেবে, নাকি নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বন্দরটির প্রকৃত তাৎপর্য।
জাপানের কৌশলগত উদ্দেশ্যও এখানে গুরুত্বপূর্ণ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিপরীতে জাপান বঙ্গোপসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উন্নয়ন সহযোগিতা, মানসম্মত অবকাঠামো এবং আঞ্চলিক অর্থনৈতিক সংযোগের মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করতে চায়। বিশেষ করে বাংলাদেশের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হলে জাপানের আঞ্চলিক অর্থনৈতিক প্রভাব বাড়বে। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জাপান-যুক্তরাষ্ট্র-ভারতের সহযোগিতামূলক কৌশলের সঙ্গেও এই উদ্যোগের পরোক্ষ সম্পর্ক রয়েছে।
ভারতের সাবরুম-চট্টগ্রাম-মাতারবাড়ী : সংযোগের সুযোগ ও ভারসাম্যের প্রশ্ন
সম্ভাব্য এই করিডোরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম থেকে মৈত্রী সেতু পেরিয়ে বাংলাদেশের রামগড়, হেঁয়াকো ও বারৈয়ারহাট হয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত প্রস্তাবিত আঞ্চলিক যোগাযোগপথ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে সাবরুম-চট্টগ্রাম সংযোগ গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ত্রিপুরার সাবরুম থেকে ফেনী নদীর ওপর মৈত্রী সেতুর মাধ্যমে বাংলাদেশের রামগড়ের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে। সাবরুম থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। ভারতীয় পরিকল্পনায় এই সংযোগ উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নিকটবর্তী অবস্থানও এ অঞ্চলের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা বাড়ায়। সাবরুম-চট্টগ্রাম-মাতারবাড়ীকে একটি আনুষ্ঠানিক একক বন্দর করিডোর হিসেবে দেখার চেয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে জাপানের বিগ-বি প্রকল্পের আওতায় বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক অবকাঠামোর সঙ্গে যুক্ত করার বৃহত্তর যোগাযোগ পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ভেনেজুয়েলা বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করেছে
বাংলাদেশের সমুদ্রবন্দর ও যোগাযোগ অবকাঠামোর সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক সংযোগের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের বিশেষ আগ্রহ রয়েছে। ভারতের জন্য এর সুবিধা হলো উত্তর-পূর্বাঞ্চলের পরিবহন ব্যয় ও সময় কমানো এবং বঙ্গোপসাগরে বাণিজ্যিক প্রবেশাধিকার বৃদ্ধি। বাংলাদেশের জন্যও ট্রানজিট ফি, বন্দর ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলা হচ্ছে। তবে ভারতকে অতীতে করিডোর ও বন্দর সুবিধা দেওয়ার অভিজ্ঞতা সুখকর নয়। পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের জন্য ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপথ, রেল ও সড়ক নেটওয়ার্ক ব্যবহারের অবাধ সুযোগ করে দিয়েছিল। অথচ এসবের বিপরীতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ট্রানজিট ফি পায়নি বাংলাদেশ। এখনো ট্রানজিট বা বন্দর সুবিধার বিনিময়ে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রাপ্তি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই। বাংলাদেশি পণ্যের জন্য উত্তর-পূর্বাঞ্চলে অবাধ প্রবেশ থাকবে কি না, সে উত্তরও নেই। বরং সাবরুম বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে বিনিয়োগ চাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
এই করিডোরের পেছনে ভারতের সুস্পষ্ট অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে, বিশেষত সেভেন সিস্টার্সে তার অধিকতর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, পরিবহনের ব্যয় ও সময় হ্রাসকরণ এবং বিকল্প যোগাযোগপথ তৈরি করা। জাপান তার বিগ-বি প্রকল্প বিনির্মাণের খাতিরে এর বিভিন্ন অংশে অর্থায়ন ও অবকাঠামো বিনির্মাণ করছে। সাবরুম করিডোর-সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে প্রকল্প-সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এসব ক্ষতি প্রশমনে কী উদ্যোগ নেওয়া হবে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে বড় ব্যাপার হলো, সম্ভাব্য এই করিডোরের মাধ্যমে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামীদের দমনে সামরিক সরঞ্জাম পরিবহন করলে তা বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।
বাংলাদেশের করণীয়
কৌশলগত স্বায়ত্তশাসন : এই উদ্যোগগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখা, অর্থাৎ চীন, ভারত, জাপান কিংবা যুক্তরাষ্ট্র—কোনো রাষ্ট্রের আধিপত্যবাদী স্বার্থের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ সাংঘর্ষিক হলে বাংলাদেশকে নিজের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে।
আরও পড়ুন: প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট
সংসদে আলোচনা ও জাতীয় ঐকমত্য তৈরি : যেকোনো করিডোর ও চুক্তির শর্ত, প্রকল্প পরিচালনা, ইজারার মেয়াদ, ঋণের শর্ত, তথ্যের নিরাপত্তা ও প্রকল্পে কোন দেশকে সংযোগ সুবিধা দেওয়া উচিত হবে কি না, তা নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করতে হবে। এ ধরনের কৌশলগত সিদ্ধান্তে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, ব্যবসায়ী সমাজ ও নিরাপত্তা বিশ্লেষকদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কারণ গোপন চুক্তি জনআস্থা নষ্ট করে এবং বিদেশি চাপের সুযোগ বাড়ায়।
সমন্বিত জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ : চট্টগ্রাম, মোংলা, পায়রা, মাতারবাড়ী ও বে-টার্মিনালকে বিচ্ছিন্ন প্রকল্প হিসেবে না দেখে একটি সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তুলতে হবে। কোন বন্দরে কী ধরনের পণ্য পরিবহন হবে, কোন বন্দর আঞ্চলিক ট্রানজিটে ভূমিকা রাখবে এবং কোন বন্দর শিল্পায়নের কেন্দ্র হবে, তা নির্ধারণ করা জরুরি।
রোহিঙ্গা ইস্যু কূটনীতিতে অগ্রাধিকার : রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতিকে করিডোর কূটনীতির সঙ্গে যুক্ত করা দরকার। চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বাস্তবায়নের ক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রাখাইনের রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিতে হবে।
সামুদ্রিক নিরাপত্তা ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি : সমুদ্রবন্দর, সমুদ্রসীমা, জ্বালানি অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব নৌবাহিনী, কোস্টগার্ড, সামুদ্রিক নজরদারি ও সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া প্রকল্প পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক ব্যবস্থাপনায় বাংলাদেশি দক্ষতা বৃদ্ধি করতে হবে। কোনো বিদেশি শক্তির উপস্থিতির ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব সক্ষমতা গড়ে তোলাই হওয়া উচিত অগ্রাধিকার।
আরও পড়ুন: মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার আজ ঢাকায় আসছেন
আঞ্চলিক বাণিজ্যের হাব হিসেবে প্রতিষ্ঠা : নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বন্দর ও যোগাযোগ সহযোগিতা সম্প্রসারণ করতে হবে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ দিতে হলে ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার, নেপাল-ভুটানের সঙ্গে বিদ্যুৎ ও বাণিজ্য সহযোগিতা, আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশি শিল্পের অংশগ্রহণ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে।
ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে এক বিরল সুযোগ দিয়েছে। ভূরাজনীতির বড় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা আছে বলেই বাংলাদেশের কাছে বিনিয়োগ ও সহযোগিতার একাধিক প্রস্তাব আসছে। দেশের জন্য এটি দরকষাকষির মুহূর্ত। এই মুহূর্ত কাজে লাগানোর একমাত্র পথ হলো দেশের স্বার্থ আগে নির্ধারণ করা, তারপর অংশীদার নির্ধারণ। এটাই হতে পারে বঙ্গোপসাগরকেন্দ্রিক নতুন ভূরাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে কার্যকর রাষ্ট্রীয় কৌশল।
লেখক : এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড থটস (কাস্ট); সাবেক অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন: নেতানিয়াহুর হাতে অন্তর্বর্তী মেয়াদে কতটুকু ক্ষমতা?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন