ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল


ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল

ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড পরিমাণে কমে যাওয়ার ঘটনা ঘটেছে, যা নিষেধাজ্ঞা ও অবরোধের ক্রমবর্ধমান চাপের ফলস্বরূপ। মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময়মূল্য ৩০ লাখের কাছাকাছি পৌঁছেছে, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে ইরান কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির সম্মুখীন হয়েছে। নয় মাস ধরে চলমান যুদ্ধের প্রভাবে দেশটিতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। এছাড়া চলতি মাসের শুরুতে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত সামগ্রীর চলাচল সীমিত করতে ওয়াশিংটন ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

শাহরুখ খানের আসন্ন অ্যাকশন এন্টারটেইনার ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে শোনা যাচ্ছিল, সিনেমাটির দৈর্ঘ্য হতে পারে ২ ঘণ্টা ৩৫ মিনিট। তবে জনপ্রিয় মার্কিন টিকিট বুকিং ওয়েবসাইট ফ্যানড্যাঙ্গোর তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার দৈর্ঘ্য ৩ ঘণ্টা ১৭ মিনিট হিসেবে উল্লেখ করা হয়েছে।

যদি এই দৈর্ঘ্য চূড়ান্ত হয়, তাহলে ২০ বছরের মধ্যে এটি হবে শাহরুখ খানের প্রথম সিনেমা, যা তিন ঘণ্টার সীমা অতিক্রম করবে। এর আগে অভিনেতার তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সর্বশেষ সিনেমা ছিল করণ জোহর পরিচালিত ‘কভি আলবিদা না কেহনা’ (২০০৬)।

একসময় শাহরুখ খান নিয়মিত তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করতেন। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে তার বহু জনপ্রিয় সিনেমার দৈর্ঘ্য ছিল বেশ লম্বা—এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতে’ (২০০০), ‘কভি খুশি কভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) এবং ‘স্বদেশ’ (২০০৪)। এর মধ্যে ৩ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের ‘মোহাব্বাতে’ তার ক্যারিয়ারের অন্যতম দীর্ঘ সিনেমা হিসেবে বিবেচিত।

তবে সময়ের পরিবর্তনের সাথে নির্মাতাদের ধারণায় পরিবর্তন এসেছে; তারা মনে করতে শুরু করেছেন দর্শকেরা ছোট ও আঁটসাঁট সিনেমা বেশি পছন্দ করেন। এমনকি শাহরুখ খানের ‘জব তক হ্যায় জান’ (২০১২) এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমাগুলো তিন ঘণ্টার সামান্য আগে শেষ হয়েছিল। সাম্প্রতিক ব্লকবাস্টার ‘পাঠান’ (২০২৩) এবং ‘জওয়ান’ (২০২৩)-এর দৈর্ঘ্য যথাক্রমে ২ ঘণ্টা ২৬ মিনিট এবং ২ ঘণ্টা ৪৯ মিনিট ছিল।

তবে ভারতীয় বক্স অফিসে যেন আবার পুরোনো ধারায় ফেরার ইঙ্গিত দেখা যাচ্ছে। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর’-এর মতো দীর্ঘ সিনেমার সাফল্য এই ধারণা পরিবর্তন করেছে যে বর্তমানে দর্শকের মনোযোগের সময়সীমা খুব কম। সেই হিসেবে গল্পের প্রয়োজনে ‘কিং’-এর মতো বড় বাজেটের সিনেমার দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি হওয়া যুক্তিসংগত মনে করছেন অনেকে। বেশি দৈর্ঘ্যের সিনেমা নির্মাতাদের জন্য তারকাবহুল অভিনয়শিল্পী, অ্যাকশন দৃশ্য এবং আবেগের জায়গাগুলো যথাযথভাবে ফুটিয়ে তোলার সুযোগ প্রদান করে।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়ার সময় ফ্যানড্যাঙ্গোতে থাকা এই দৈর্ঘ্য বহাল থাকে কিনা, সেটিই এখন দেখার বিষয়। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবনের দিকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে এই হামলার ঘটনা ঘটে। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানিয়েছেন, রাত দেড়টার সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবনে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষে সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় চারজন পুলিশ সদস্য বাসভবন প্রহরার দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সদস্যরা ঘটনাস্থলে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের এই ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশ টহল জোরদার করেছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। তবে ওই ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল অস্তিত্বের সংকটে

॥ হারুন আল নাসিফ ॥

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল বর্তমানে নিজ দেশে অস্তিত্বের সংকটে রয়েছে। মিষ্টি শিস এবং চঞ্চল স্বভাবের এই পাখিটি দেশের পরিচিত প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে।

একসময় ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে বাংলার প্রকৃতিকে জাগিয়ে তুলত যে ছোট্ট পাখিটি, সেটিই আজ আমাদের জাতীয় পাখি দোয়েল। সাদা-কালো পালকের চঞ্চল স্বভাবের এই পাখিটি বাংলার প্রকৃতি ও লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। বর্তমানে সেই চেনা সুর এবং পাখিটি উভয়ই প্রকৃতি থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে, আজ প্রকৃতিতে তার দেখা মেলা কঠিন হয়ে পড়েছে। দোয়েল এখন দেশজুড়ে একটি সংকটাপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে।

পরিবেশবিদ ও পাখি গবেষকদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, নির্বিচারে গাছপালা কাটা এবং ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশকের ব্যবহারে আমাদের জাতীয় পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কীটনাশক প্রয়োগের ফলে দোয়েলের প্রধান খাদ্য কীটপতঙ্গ ও পোকামাকড় ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে পাখিগুলো তীব্র খাদ্যসংকটে পড়ে অকালেই প্রাণ হারাচ্ছে।

আজকের শিশু-কিশোরদের কাছে দোয়েল কেবল পাঠ্যবইয়ের একটি স্থিরচিত্র। শহরের ইট-কাঠ-পাথরের জঙ্গলে হারিয়ে গেছে সবুজ, এবং সেই সাথে চিরচেনা দোয়েলও নতুন প্রজন্মের কাছে অচেনা হয়ে উঠেছে। আজকের শিশুরা সাধারণ জ্ঞানের খাতায় ‘জাতীয় পাখির নাম দোয়েল’ মুখস্থ করলেও বাস্তবে চোখে দেখে না বললেই চলে।

স্বাধীনতার পর দেশের অসংখ্য পাখির ভিড়ে বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও গবেষকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে মূলত পাঁচটি প্রধান কারণ বিবেচনা করে দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়।

প্রথমত, দোয়েল দেশের প্রায় সব অঞ্চলেই সহজে দেখা যায়। গ্রাম, শহর, পাহাড় কিংবা বনাঞ্চল—সব জায়গাতেই এদের অবাধ বিচরণ ছিল। ফলে এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও আপন একটি পাখি।

দ্বিতীয়ত, জাতীয় পাখি নির্বাচনের সময় দেখা গিয়েছিল, বিশ্বের অন্য কোনো দেশ দোয়েলকে তাদের জাতীয় পাখি হিসেবে গ্রহণ করেনি। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিজস্ব ও স্বতন্ত্র প্রতীক হিসেবে এটি অনন্য হয়ে ওঠে।

তৃতীয়ত, সাধারণত বনের পাখি শহরে টিকতে পারে না, আবার শহরের পাখি বনে মানিয়ে নিতে পারে না। কিন্তু দোয়েল কোলাহলপূর্ণ জনবসতি এবং নির্জন বন উভয় পরিবেশেই সমানভাবে খাপ খাইয়ে টিকে থাকতে পারে।

চতুর্থত, দোয়েলের গানের গলা অত্যন্ত মিষ্টি। ভোরবেলায় এর সুমধুর শিস যেমন মন কাড়ে, তেমনি সাদা-কালো পালক ও লম্বা লেজ উঁচিয়ে লাফিয়ে বেড়ানোর চঞ্চল ভঙ্গি একে এক অনন্য নান্দনিকতা দান করেছে।

পঞ্চমত, দোয়েল মূলত পতঙ্গভুক পাখি। এরা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এবং প্রকৃতির পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলার ঐতিহ্যের সাথে মিশে থাকা জাতীয় এই পাখির সম্মানার্থে রাজধানী ঢাকায় নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী দোয়েল চত্বর। এছাড়া বাংলাদেশের দুই টাকার নোটেও এর ছবি যুক্ত করে একে জাতীয় জীবনে চিরস্থায়ী মর্যাদা দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশের জাতীয় পাখি হলেও দোয়েলের বিচরণ কেবল এই ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক পাখিবিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনালের তথ্যমতে, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও প্রায় ১৫টি দেশে এই পাখিটি দেখা যায়।

দোয়েল দৈর্ঘ্যে প্রায় ২০ সেন্টিমিটার এবং ওজনে প্রায় ৪০ গ্রাম হয়ে থাকে। পুরুষ দোয়েলের শরীরের উপরিভাগ ও গলার নিচে কালো রঙের এবং পেট সাদা হয়; ডানার দুই পাশে সাদা রঙের ছোপ (প্যাচ) থাকে। অন্যদিকে, স্ত্রী দোয়েলের উপরিভাগ ও গলার নিচে ছাই-রঙা হয় এবং পেটের অংশ পুরুষ দোয়েলের মতো উজ্জ্বল নয়, কিছুটা ফিকে সাদা।

মার্চ থেকে জুলাই দোয়েলের প্রজননকাল। এ সময় গাছের গর্ত, দেয়াল বা পাইপের ফাঁকে ঘাস-পাতা দিয়ে বাসা তৈরি করে এরা সবুজ রঙের ৪-৫টি ডিম দেয়, যা থেকে ১২-১৩ দিনের মধ্যে ছানা বের হয়।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কায় দোয়েলের অবাধ বিচরণ রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও ফিলিপাইনেও প্রচুর পরিমাণে দোয়েল পাওয়া যায়। পূর্ব এশিয়ার চীনের দক্ষিণাঞ্চল এবং তাইওয়ানেও এই পাখিটির উপস্থিতি রয়েছে। অঞ্চলভেদে বিভিন্ন দেশে পাখিটি ভিন্ন ভিন্ন স্থানীয় নামে পরিচিত। যেমন, ভারতে এটি ‘দাহিয়াল’, শ্রীলঙ্কায় ‘পোলকিচ্চা’ এবং দক্ষিণ থাইল্যান্ডে ‘বিনলা’ নামে পরিচিত।

অপরিকল্পিত নগরায়ণের ফলে গ্রামীণ ও নগর উভয় অঞ্চলেই দোয়েলের আবাসস্থল ধ্বংস হচ্ছে। গ্রামে নির্বিচারে পুরোনো বড় গাছপালা ও বাঁশঝাড় কাটা এবং শহরে উচ্চ ভবনের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার কারণে দোয়েল তাদের প্রাকৃতিকভাবে বাসা বাঁধার পরিবেশ ও নিরাপদ প্রজনন ক্ষেত্র হারাচ্ছে।

এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার মোবাইল টাওয়ার থেকে নির্গত ক্ষতিকর অদৃশ্য তরঙ্গ পাখিদের অভ্যন্তরীণ দিকনির্ণয় ক্ষমতা এলোমেলো করে দিচ্ছে এবং ডিমের ভেতরের ভ্রূণ নষ্ট করছে, যা তাদের বংশবৃদ্ধির হারকে মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। আইন থাকা সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চলে শিকারিদের ফাঁদ পেতে দোয়েল পাখি শিকার ও খাঁচাবন্দি করে কেনাবেচা করার প্রবণতাও এদের মুক্ত প্রজননে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাস্তুসংস্থানে দোয়েলের ভূমিকা উল্লেখ করে বিশেষজ্ঞরা জানান, দোয়েল প্রাকৃতিকভাবে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে ফসলের ক্ষতিকর পোকা দমনে ভূমিকা রাখে। এই পাখি কমে যাওয়ার ফলে প্রকৃতিতে ক্ষতিকর পোকার উপদ্রব বেড়ে যাচ্ছে, যা পরোক্ষভাবে কৃষির ফলন ক্ষতিগ্রস্ত করছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

বাংলাদেশের বন্যপ্রাণী ও পাখিকুল রক্ষার্থে দেশে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ রয়েছে। এই আইন অনুযায়ী যেকোনো দেশীয় বন্য পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় বা পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোটা অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে। বন্য পাখি শিকার বা বিক্রির যেকোনো তথ্য জানাতে বন অধিদপ্তরের অধীনে বিশেষায়িত ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট’ কাজ করছে।

জাতীয় পাখি দোয়েলকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পরিবেশবিদরা বেশ কিছু সুপারিশ করেছেন। এর মধ্যে কৃষিক্ষেত্রে রাসায়নিক বিষের বদলে পরিবেশবান্ধব সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা, নগর পরিকল্পনায় ‘সবুজ করিডোর’ রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের শতভাগ কঠোর প্রয়োগ নিশ্চিত করা এবং কৃত্রিম আবাসন হিসেবে পার্ক ও বনাঞ্চলে গাছের ডালে মাটির হাঁড়ি বা কৃত্রিম ‘পাখির বাসা’ বেঁধে দেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দোয়েল কেবল একটি পাখি নয়, এটি আমাদের জাতীয় পরিচয় ও লোকজ ঐতিহ্যের অংশ। অবিলম্বে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ না নিলে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গানের পাখিটি কেবল কাগজের নোট আর পাঠ্যবইয়ের ছবিতেই সীমাবদ্ধ থেকে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল

একজন ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার অন্যতম নেতা, অন্যজন উপমহাদেশের প্রভাবশালী কবি ও দার্শনিক। দুজনের রাজনৈতিক দর্শনে ভিন্নতা ছিল। তবুও ব্রিটিশবিরোধী বিপ্লবী ভগত সিংয়ের অধিকার রক্ষায় একই অবস্থানে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ ও আল্লামা ইকবাল। ভগত সিং মুসলিম ছিলেন না এবং মুসলিম লীগের সদস্যও ছিলেন না। কিন্তু তার অনশন, বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তারা। ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় নয়, তাদের কাছে বড় হয়ে উঠেছিল ন্যায়বিচার ও একজন রাজনৈতিক বন্দির অধিকার।

ইতিহাসে কিছু ঘটনা থাকে, যা কেবল অতীতের গল্প নয়; বরং বর্তমানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে নতুনভাবে ভাবতে শেখায়। ভগত সিংয়ের পক্ষে মুহাম্মদ আলী জিন্নাহ ও আল্লামা ইকবালের অবস্থান তেমনই একটি ঘটনা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যখন ভগত সিং রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের মুখোমুখি হন, তখন তার পাশে দাঁড়িয়েছিলেন উপমহাদেশের দুই প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব।

পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরের লেখা একটি নিবন্ধে উঠে এসেছে এই ইতিহাস। ২০২৬ সালের ২৬ নভেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত নিবন্ধে তিনি দেখিয়েছেন, ভগত সিংয়ের প্রতি জিন্নাহ ও ইকবালের সমর্থন কেবল ব্যক্তিগত সহানুভূতি ছিল না; বরং তা ছিল অন্যায় বিচার ও ঔপনিবেশিক দমননীতির বিরুদ্ধে একটি নীতিগত অবস্থান।

জিন্নাহর আইনসভায় ভগত সিংয়ের অধিকার নিয়ে প্রশ্ন

১৯২৯ সাল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডের অভিযোগে কারাবন্দি ভগত সিং তখন মিয়ানওয়ালি কারাগারে। কারাগারে রাজনৈতিক বন্দিদের সঙ্গে সাধারণ অপরাধীদের মতো আচরণ করা হচ্ছিল। এর প্রতিবাদে তিনি দাবি জানান, রাজনৈতিক বন্দিদের জন্য আলাদা মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

কিন্তু ব্রিটিশ কারা কর্তৃপক্ষ তার দাবি মানতে অস্বীকৃতি জানায়। প্রতিবাদে দীর্ঘ অনশন শুরু করেন ভগত সিং। তার এই আন্দোলন দ্রুত উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ওই বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় আইনসভায় বিষয়টি নিয়ে সরব হন মুহাম্মদ আলী জিন্নাহ। ভগত সিংয়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি রাজনৈতিক বন্দিদের অধিকার ও তাঁদের সঙ্গে আচরণের বিষয়টি তুলে ধরেন।

জিন্নাহর এই অবস্থানের তাৎপর্য ছিল বিশেষ। কারণ, ভগত সিংয়ের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে জিন্নাহর রাজনৈতিক অবস্থানের মিল ছিল না। ভগত সিং ছিলেন ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। অন্যদিকে জিন্নাহ তখন সাংবিধানিক ও রাজনৈতিক পরিসরে ব্রিটিশ শাসনের বিরোধিতা করছিলেন। তবে রাজনৈতিক মতপার্থক্য তাঁদের একজন বন্দির ন্যায্য অধিকার নিয়ে কথা বলা থেকে বিরত রাখতে পারেনি।

বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইকবাল

ভগত সিংয়ের বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা চলছিল। সাধারণ আদালতের পরিবর্তে বিশেষ আদালতে তাঁর বিচার করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।

বিশেষ আদালত গঠনের সাংবিধানিক বৈধতা যাচাই করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন তৎকালীন বার সভাপতি স্যার ড. গোকুল চাঁদ নারাং, মালিক বরকত আলী, পণ্ডিত নানক চাঁদ, আল্লামা ড. মুহাম্মদ ইকবাল, স্যার মোতি সাগর ও জগন নাথ।

কমিটির ছয় সদস্যের মধ্যে স্যার মোতি সাগর ও জগন নাথ কোনো বৈঠকে অংশ নেননি। ফলে তারা প্রতিবেদনে স্বাক্ষরও করেননি। অন্য চার সদস্য কয়েক দফা বৈঠকে বসে ব্রিটিশ ভারতের শাসন আইনের আলোকে বিশেষ আদালত গঠনের বিষয়টি পর্যালোচনা করেন।

তাদের সিদ্ধান্ত ছিল, জরুরি পরিস্থিতি ছাড়া এ ধরনের বিশেষ আদালত গঠনের সুযোগ নেই। অথচ ব্রিটিশ সরকার তখন কোনো জরুরি অবস্থা ঘোষণা করেনি। ফলে ভগত সিং ও তার সহযোগীদের বিচারের জন্য গঠিত বিশেষ আদালতকে অসাংবিধানিক বলে মত দেন তাঁরা।

এই প্রতিবেদনে স্বাক্ষর করেছিলেন আল্লামা ইকবাল, গোকুল চাঁদ নারাং, মালিক বরকত আলী ও পণ্ডিত নানক চাঁদ।

এখানে ইকবালের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যাকে পরবর্তী সময়ে পাকিস্তানের জাতীয় কবি ও দেশটির আদর্শিক চিন্তার অন্যতম প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, তিনিই ধর্মীয় পরিচয়ের ভিন্নতা উপেক্ষা করে একজন হিন্দু বিপ্লবীর ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছিলেন।

মৃত্যুদণ্ড ঠেকাতে শেষ চেষ্টা

কমিটির প্রতিবেদন ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি। সরকার ঘোষণা করে, ১৯৩১ সালের ২৩ মার্চ ভগত সিংকে ফাঁসি দেওয়া হবে।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে বাঁচানোর শেষ চেষ্টাও চালানো হয়েছিল। ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি আল্লামা ইকবাল ভগত সিংয়ের অন্য আইনজীবীদের সঙ্গে নিয়ে ব্রিটেনের প্রিভি কাউন্সিলে আবেদন করেন। উদ্দেশ্য ছিল মৃত্যুদণ্ড স্থগিত করা। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

শেষ পর্যন্ত ২৩ মার্চ ভগত সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। তবে মৃত্যুর আগপর্যন্ত তার পক্ষে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘটনা উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

ইতিহাসের আয়নায় বর্তমান পাকিস্তান

ভগত সিংয়ের পক্ষে জিন্নাহ ও ইকবালের অবস্থানের প্রসঙ্গ টেনে হামিদ মীর বর্তমান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও ইতিহাসের যোগসূত্র তৈরি করেছেন।

নিবন্ধে তিনি লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী বিভিন্ন আন্দোলনেও সংগঠনটির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন তৎকালীন বার সভাপতি স্যার মুহাম্মদ শাফি। একই বছর বিচার ছাড়াই নাগরিকদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া রাওলাট আইনের বিরোধিতা করেন জিন্নাহ। প্রতিবাদে তিনি ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন।

এ ছাড়া ১৯৩৭ সালে পাঞ্জাবে মুসলিম লীগকে সংগঠিত করার কাজে আল্লামা ইকবালের সঙ্গে যুক্ত ছিলেন বার অ্যাসোসিয়েশনের আরেক সাবেক সভাপতি খলিফা শুজাউদ্দিন।

হামিদ মীরের মতে, এসব ঘটনা প্রমাণ করে, আইনজীবী সমাজের দায়িত্ব শুধু আদালতে মামলা পরিচালনা করা নয়; অন্যায় আইন, রাজনৈতিক নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের বিরুদ্ধেও সোচ্চার হওয়া।

সম্প্রতি পাকিস্তানের সংবিধানের ২৬তম ও ২৭তম সংশোধনীর বিরোধিতায় লাহোর হাইকোর্টে আয়োজিত সর্বদলীয় সম্মেলনেও তিনি বিষয়টি তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও আইনজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান সেখানে যাওয়ার পথে গৃহবন্দি হলেও পরে অনলাইনে বক্তব্য দেন।

সম্মেলনে হামিদ মীর স্মরণ করিয়ে দেন, পাকিস্তানে এখনো এমন আইন রয়েছে, যার মাধ্যমে বিচার ছাড়াই নাগরিকদের আটক করা সম্ভব। ১৯৬০ সালে আইয়ুব খানের শাসনামলে চালু হওয়া জনশৃঙ্খলা রক্ষা আইনও (এমপিও) এর একটি উদাহরণ।

তার বক্তব্য, বিরোধী দলগুলোর আন্দোলন কেবল দুটি সাংবিধানিক সংশোধনী কিংবা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বন্দিদের মুক্তির দাবিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। সব দমনমূলক আইনের বিরুদ্ধে এবং সব রাজনৈতিক বন্দির অধিকার প্রতিষ্ঠায় সমানভাবে সোচ্চার হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%