০২:৩১ পি.এম
বরিশাল নগরীতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাসেলের উশৃঙ্খল ছেলে ধারালো অস্ত্রের আঘাতে মো. কালাম নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন।
বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার মানিক মিয়ার গ্যারেজ সংলগ্ন স্থানে এই নির্মম ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
স্থানীয় বাসিন্দা ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার আগে যুবদল নেতা রাসেলের ১৭ বছর বয়সী ছেলে আসাদুল রিকশাচালক কালামের ছেলেকে বেধড়ক মারধর করে। ঘটনাটি জানতে পেরে রিকশাচালক কালাম যুবদল নেতা রাসেলের বাসায় গিয়ে নিজের সন্তানের ওপর হামলার বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে উঠে রাসেলের ছেলে আসাদুল। একপর্যায়ে সে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিকশাচালক কালামের ওপর অতর্কিত হামলা চালায় এবং উপর্যুপরি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
কালামের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
এদিকে এলাকাবাসীর তীব্র অভিযোগ, গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই যুবদল নেতার ছেলে আসাদুল হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। সে এলাকায় নিজস্ব একটি 'কিশোর গ্যাং' গড়ে তুলে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। রাসেলের ছেলের নেতৃত্বাধীন এই কিশোর গ্যাংয়ের ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ।
হামলার এই ঘটনায় ভুক্তভোগী কালামের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন
বিষয়টি নিশ্চিত করে বরিশালের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, "ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন