মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)
০৪:৪৯ পি.এম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন কথা ও প্রত্যাশার কথা শুনছেন।
আল মামুন জুয়েলকে ঘিরে তার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। গণসংযোগকালে তিনি পোরজনা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জুয়েল আরও বলেন, রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান। পোরজনা ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সেই সাথে তিনি আরো বলেন নির্বাচিত হতে পারলে প্রতিটা ওয়ার্ডে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার এবং দলীয় প্রতিনিধি ও সেই ওয়ার্ডের গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি ওয়ার্ড উন্নয়ন কমিটি ও ওয়ার্ড উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
এদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন জুয়েলের গণসংযোগকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার অনুসারী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করছেন।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, পোরজনা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও তত বাড়ছে। এরই ধারাবাহিকতায় আল মামুন জুয়েলও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। এখন ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আসন্ন নির্বাচনে পোরজনা ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যায়।
মোঃ রাসেল সরকার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
মোবা:০১৭২৯-১৪৮৮৮৪
তারিখ: ১৪.১১.২৬ইং
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৪ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একটি বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫৪৯ জনকে আটক করা হয়।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া, মাদক মামলায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন মাদক বহনকারী এবং ৫৭ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৬১ জন মাদক ব্যবসায়ীও গ্রেফতার হয়েছেন। অভিযানের ফলে মোট ১২২ জনকে আটক করা হয়।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মোট ৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে ১১ হাজার ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
এছাড়া, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কক্সবাজারে ৫ জন, কুমিল্লায় ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালীতে ৩ জন, ফেনীতে ৩ জন, লক্ষ্মীপুরে ৯ জন, খাগড়াছড়িতে ২ জন এবং বান্দরবানে ১ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের মধ্যে চট্টগ্রামে ৭৬ জন, কক্সবাজারে ৩০ জন, কুমিল্লায় ২২৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, ফেনীতে ৫২ জন, লক্ষ্মীপুরে ৫৩ জন, রাঙামাটিতে ১৩ জন, খাগড়াছড়িতে ১০ জন এবং বান্দরবানে ৮ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লন্ডনের মেয়র সাদিক খান সম্প্রতি তুরস্ক সফরে গিয়ে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদে (ব্লু মস্ক) জুমার নামাজ আদায় করেছেন। এর আগে তিনি ঐতিহাসিক আয়া সোফিয়ায় নামাজ পড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সাদিক খান কপ৩১ সম্মেলনে অংশগ্রহণের জন্য তুরস্কে গিয়েছিলেন, এসময় শুক্রবার তিনি ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্কে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদের অভ্যন্তরে তোলা কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ছবিগুলোর সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন—ইস্তাম্বুলের সুন্দর ব্লু মস্ক থেকে জুম্মা মোবারক। এই ক্যাপশনটি দিয়ে তিনি তার অনুসারীদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। পরবর্তীতে তার এই পোস্টটি ইস্তাম্বুল সফরের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে ওঠে।
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার পরিদর্শনের সময় সাদিক খানের সঙ্গে ছিলেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী কোশকুন ইলমাজ এবং ফাতিহ জেলার মেয়র মেহমেত এরগুন তুরান।
সূত্র: ইয়েনি শাফাক
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন রোগী।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা পর্যালোচনা করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও শিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমেদ সিকদার। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় নিজের নাম প্রথমে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ডিলারশিপ না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদ সিকদার বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ সময়ে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের আহ্বায়ক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র, নিজস্ব গুদামসহ ডিলার নিয়োগের সব শর্ত পূরণ করে বুড়াইচ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য আবেদন করেন। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, তাঁর পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত এক ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ডিলারের পর্যাপ্ত নিজস্ব গুদাম নেই বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, নিয়োগপ্রাপ্ত ডিলারের টিনশেড স্থাপনাটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় সার পরিবহন ও ওঠানামায় অসুবিধা হতে পারে।
অন্যদিকে, নিজের দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ গুদাম হিসেবে ব্যবহারের উপযোগী এবং ভবনটি প্রধান সড়কের পাশে হওয়ায় সার সংরক্ষণ ও পরিবহনে সুবিধা রয়েছে বলে দাবি করেন আহমেদ সিকদার। যোগ্যতা ও প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও তাঁকে ডিলারশিপ না দেওয়ার বিষয়টি তদন্তের দাবি জানান তিনি। রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান চান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন কাজল, বিএনপি নেতা সুজনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, বুড়াইচ ইউনিয়নে নিয়োগ পাওয়া সার ডিলার ইনামূল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইনামুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি আরও যাচাই-বাছাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ