ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজস্ব বাড়াতে সম্পদে ন্যায্য কর আরোপের সুযোগ: গবেষণা


রাজস্ব বাড়াতে সম্পদে ন্যায্য কর আরোপের সুযোগ: গবেষণা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : একটি গবেষণায় উঠে এসেছে যে, করের হার বৃদ্ধি না করে বরং করের আওতা সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং সম্পদের ওপর কার্যকর কর আরোপের মাধ্যমে বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণাটির শিরোনাম হলো ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’, যেখানে দেশের বিদ্যমান কর রাজস্ব আহরণের সম্ভাবনা, কর ফাঁকি এবং কর ব্যবস্থার বণ্টনগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

শনিবার রাজধানীতে গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: সরকার সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করতে চায়: বাণিজ্যমন্ত্রী

গবেষণায় ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণার নেতৃত্ব দেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহ-গবেষক হিসেবে ছিলেন র‌্যাপিডের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং র‌্যাপিডের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্য সংযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: সুস্থ কর্মপরিবেশ প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি: গবেষণা

আলোচক হিসেবে অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

আলোচনা সঞ্চালনা করেন র‌্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আর ইউসুফ।

গবেষণার ফলাফলে উল্লেখ করা হয়, ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও এর পুরো অর্থ সরকারি কোষাগারে পৌঁছায় না। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাসময়ে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। এই ক্ষেত্রে করের হার বৃদ্ধি না করে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর মাধ্যমে অতিরিক্ত রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।

গবেষণায় আরও বলা হয়, বাংলাদেশে সম্পদের বৈষম্য আয়বৈষম্যের তুলনায় অনেক বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১০ শতাংশ পরিবারের হাতে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে। শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশের সম্পদের অংশ ৫৩ শতাংশের বেশি।

আরও পড়ুন: রমজানে আপেল ও মাল্টার শুল্ক-কর কমালো সরকার

গবেষণায় পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের মূল্য সরাসরি বিবেচনায় নেওয়া হয়েছে।

কর-নথিভিত্তিক তথ্যের সীমাবদ্ধতা এবং সম্পদ মূল্যায়নের পদ্ধতিগত পার্থক্যের কারণে এই হিসাবের সঙ্গে আন্তর্জাতিক কিছু হিসাবের পার্থক্য থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

গবেষণায় উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করের আওতা সম্প্রসারণ, ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায় ও পরিপালনব্যবস্থা উন্নত করা এবং সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের প্রেক্ষাপটে উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে।

এছাড়া করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন, রাজস্ব আহরণের নামে হয়রানিমূলক ব্যবস্থা পরিহার, করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ এবং কর প্রশাসনের আধুনিকায়নের সুপারিশও করা হয়েছে।

আরও পড়ুন: ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

গবেষণার মূল বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের বিদ্যমান কর ব্যবস্থার মধ্যেই উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে। এজন্য করের হার বৃদ্ধি প্রধান সমাধান নয়; বরং করের আওতা সম্প্রসারণ, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বড় ধরনের অগ্রগতি সম্ভব।

গবেষণার ফলাফল উপস্থাপনকালে ড. এম এ রাজ্জাক মন্তব্য করেন, রাজস্ব আহরণের সাফল্য কেবল কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩, হাসপাতালে ভর্তি ১৬৭৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩, হাসপাতালে ভর্তি ১৬৭৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে ২০ দিনে ৯৭ জন মারা গেছেন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন, সংখ্যা ৭৪৪ জন। এছাড়া, চট্টগ্রামে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, বরিশালে ১৪৫ জন, রাজশাহীতে ১৪৬ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিটিএ ৬-এর আদলে হোয়াটসঅ্যাপের নাম বদল, কুনালের প্রশ্ন ‘হোয়াটসআপ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


জিটিএ ৬-এর আদলে হোয়াটসঅ্যাপের নাম বদল, কুনালের প্রশ্ন ‘হোয়াটসআপ’

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এর প্রচারণার আলোচনায় হোয়াটসঅ্যাপ যুক্ত হয়েছে। গেমটির কাল্পনিক মেসেজিং অ্যাপ ‘হোয়াটআপ’-এর আদলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের প্রোফাইলের নাম এবং ছবি পরিবর্তন করেছে মেটার মালিকানাধীন এই বার্তাভিত্তিক প্ল্যাটফর্ম। বিষয়টি হোয়াটসঅ্যাপের প্রধান কুনাল শাহের দৃষ্টিতে এসেছে। তিনি মজার ছলে প্ল্যাটফর্মটিকে ট্যাগ করে লিখেছেন, ‘হোয়াটসআপ?’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের এক্স অ্যাকাউন্টের প্রচলিত সবুজ প্রোফাইল ছবির পরিবর্তে তিনটি বিন্দু থাকা নীল রঙের আইকন ব্যবহার করেছে। এছাড়া অ্যাকাউন্টের পরিচিতি বা বায়োতে লেখা হয়েছে, ‘হোয়াটআপ এভরিওয়ান!’

গেমটির কাল্পনিক মেসেজিং অ্যাপ ‘হোয়াটআপ’-এর সঙ্গে মিল রেখে প্রতিষ্ঠানটি এই পরিবর্তন করেছে। বৃহস্পতিবার এক্সে হোয়াটসঅ্যাপ লিখেছে, ‘ভাইস সিটিতে আমাদের দেখে থাকলে, না, আপনারা আমাদের দেখেননি।’ গেমটির কাল্পনিক শহর ভাইস সিটির প্রতি ইঙ্গিত করেই প্রতিষ্ঠানটি এমন মজার পোস্ট দিয়েছে।

হোয়াটসঅ্যাপের এই পরিবর্তনের পর কুনাল শাহও এক্সে প্রতিষ্ঠানটিকে ট্যাগ করে ‘হোয়াটসআপ?’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। এতে গেমারদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জিটিএ ৬-এ পরিচিত অ্যাপের কাল্পনিক নাম

জিটিএ ৬-এ বাস্তবের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও ডিজিটাল সেবার নাম সরাসরি ব্যবহার না করে সেগুলোর আদলে কাল্পনিক নাম তৈরি করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস।

গেমটিতে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে রয়েছে ‘হোয়াটআপ’, অ্যামাজনের আদলে ‘সাহারা’, উবার ও লিফটের মতো যাতায়াত সেবার বিকল্প ‘রাইডমি’ এবং ক্যাশ অ্যাপের আদলে ‘বাকমি’। এ ছাড়া ইনস্টাগ্রামের সঙ্গে মিল রয়েছে এমন ‘স্ন্যাপম্যাটিক’ নামের একটি সেবাও রাখা হয়েছে।

এসব অ্যাপ শুধু গেমের পটভূমিতে থাকা কাল্পনিক নাম নয়। গেমের ডিজিটাল জগতে বার্তা আদান-প্রদান, কেনাকাটা, যাতায়াত এবং অর্থ লেনদেনের মতো কাজেও সেবাগুলো ব্যবহার করা যাবে।

গেমের বাইরেও আলোচনায় জিটিএ ৬

জিটিএ ৫ প্রকাশের এক দশকেরও বেশি সময় পর নতুন গেমটি ঘিরে আগ্রহ সৃষ্টি হয়েছে। গেমটি নিয়ে আলোচনা এখন আর শুধু গেমারদের মধ্যে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, কর্মক্ষেত্র ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও এর প্রভাব দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গেমটি খেলার জন্য কিছু কর্মী ছুটির আবেদন করছেন। কয়েকটি প্রতিষ্ঠান আবার গেমটি ঘিরে অনলাইন আয়োজন ও অতিরিক্ত ছুটির সুযোগও তৈরি করেছে। ভাইস সিটি-থিমের বিভিন্ন পণ্যও ক্রেতাদের আগ্রহ পাচ্ছে।

হোয়াটসঅ্যাপের সাময়িক নাম ও প্রোফাইল পরিবর্তনও সেই আগ্রহের একটি উদাহরণ। গেমের কাল্পনিক জগতের একটি অ্যাপকে বাস্তবের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের এভাবে তুলে ধরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতবর্ষ পেরিয়ে শৈশবের ভালোবাসায় অমলিন ‘উইনি-দ্য-পুহ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


শতবর্ষ পেরিয়ে শৈশবের ভালোবাসায় অমলিন ‘উইনি-দ্য-পুহ’

একটি সাধারণ টেডি বেয়ার হিসেবে দেখা যায়, যে মধু খেতে ভালোবাসে। এর নাম উইনি-দ্য-পুহ। শিশুদের কাছে পরিচিত এই চরিত্রটি এক শতাব্দী ধরে পাঠক ও দর্শকদের মনে বিশেষ স্থান অধিকার করে আছে। ১০০ বছর আগে এ এ মিলনে বইটি রচনা করেছিলেন। সময়ের সাথে সাথে চলচ্চিত্র, টেলিভিশন সিরিজ এবং বিভিন্ন বিনোদন আয়োজনের মাধ্যমে এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তবে এত বছর পরেও কেন এই মধুপ্রেমী ভালুক শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সবার কাছে এত প্রিয়, তার পেছনে রয়েছে বন্ধুত্ব, সরলতা ও শৈশবের স্মৃতির গল্প।

উইনি-দ্য-পুহ নামটি সবার কাছে পরিচিত হলেও চরিত্রটির আসল নাম ছিল এডওয়ার্ড বেয়ার। লেখকের ছেলে ক্রিস্টোফার রবিনের একটি টেডি বেয়ারের নাম ছিল এটি। পরবর্তীতে লন্ডন চিড়িয়াখানার ‘উইনি’ নামের একটি ভালুক এবং তার নিজের নাম দেওয়া ‘পুহ’ নামের একটি রাজহাঁসের নাম মিলিয়ে খেলনাটির নাম রাখা হয় উইনি-দ্য-পুহ।

১৯২৬ সালে প্রকাশিত বইটির শুরুতেই বাবা ও ছেলের কথোপকথনের মাধ্যমে পুহের পরিচয় তুলে ধরা হয়। বইটিতে ক্রিস্টোফার রবিন তার খেলনা ভালুককে নতুন নামে পরিচয় করিয়ে দেয় এবং বাবার কাছে তাকে নিয়ে গল্প শোনার আবদার করে।

এর আগে ১৯২৪ সালে মিলনের কবিতার বই ‘হোয়েন উই ওয়্যার ভেরি ইয়ং’-এ এডওয়ার্ড বেয়ারের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী সময়ে ১৯২৭ সালে ‘নাউ উই আর সিক্স’ এবং ১৯২৮ সালে ‘দ্য হাউস অ্যাট পুহ কর্নার’ প্রকাশিত হয়। এসব বইয়ে পুহ ও ক্রিস্টোফার রবিনের পাশাপাশি টিগারের মতো নতুন চরিত্রও যুক্ত হয়।

প্রথম বই প্রকাশের পরই ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে জনপ্রিয়তা লাভ করে উইনি-দ্য-পুহ। পরে ১৯৬১ সালে বইগুলোর চলচ্চিত্র নির্মাণের স্বত্ব পায় ওয়াল্ট ডিজনি কোম্পানি। ১৯৬৬ সালে মুক্তি পায় ‘উইনি দ্য পুহ অ্যান্ড দ্য হানি ট্রি’। এটি ছিল পুহকে নিয়ে ডিজনির প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র।

এরপর আরো কয়েকটি অ্যানিমেটেড চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ তৈরি হয়। ১৯৭৭ সালে পুহকে নিয়ে মুক্তি পায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য মেনি অ্যাডভেঞ্চারস অব উইনি দ্য পুহ’। ১৯৮৮ সালে শুরু হয় ‘দ্য নিউ অ্যাডভেঞ্চারস অব উইনি দ্য পুহ’ টেলিভিশন সিরিজ। পরবর্তী সময়ে নতুন নতুন চলচ্চিত্র ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে চরিত্রটি পরিচিতি পায় আরো অনেক প্রজন্মের কাছে।

তবে পুহের জনপ্রিয়তার কারণ শুধু চলচ্চিত্র বা বিনোদন আয়োজন নয়। চরিত্রটির সরলতা, মধুর প্রতি ভালোবাসা এবং বন্ধুদের সঙ্গে তার সম্পর্কও পাঠক-দর্শকদের আকৃষ্ট করে। পুহ ও তার বন্ধুদের গল্পে বন্ধুত্ব, আনুগত্য, সাহস এবং একে অপরের পাশে থাকার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অনেক প্রাপ্তবয়স্কের কাছে এই চরিত্র শৈশবের সহজ ও আনন্দময় সময়ের স্মৃতি ফিরিয়ে আনে।

পুহের জনপ্রিয়তার পেছনে সময়ের প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের পর বইটি প্রকাশিত হয়েছিল। লেখক এ. এ. মিলনে নিজেও যুদ্ধে অংশ নিয়েছিলেন। ওরচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিশুসাহিত্যের অধ্যাপক জিন ওয়েবের মতে, যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা মিলনের লেখায় প্রভাব ফেলেছিল। যুদ্ধ থেকে ফিরে তিনি একটি নিরাপদ ও শান্ত কল্পনার জগৎ তৈরি করতে চেয়েছিলেন। পুহের গল্পে সেই ভাবনার প্রতিফলন দেখা যায়।

গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র পিগলেট। আকারে ছোট হওয়ায় সে প্রায়ই ভয় পায় ও উদ্বিগ্ন থাকে। তবে বিপদের সময় সাহস দেখাতে পিছপা হয় না। ‘দ্য হাউস অ্যাট পুহ কর্নার’ বইয়ে ঝোড়ো বাতাসে আউলের বাড়ি ভেঙে পড়লে পুহ, আউল ও পিগলেট সেখানে আটকা পড়ে। তখন ভয় কাটিয়ে সাহায্য আনতে বেরিয়ে যায় পিগলেট। এমন গল্প শিশুদের নিজেদের ভয় ও উদ্বেগ মোকাবিলায় উৎসাহিত করতে পারে।

দীর্ঘদিন শিশুতোষ চরিত্র হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে পুহকে নিয়ে ভিন্নধর্মী কাজও তৈরি হয়েছে। ২০২২ সালে মিলনের ১৯২৬ সালের বইটি যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে আসে। এরপর ২০২৩ সালে মুক্তি পায় স্বাধীন হরর সিনেমা ‘উইনি-দ্য-পুহ: ব্লাড অ্যান্ড হানি’। এতে পুহ ও পিগলেটকে ভয়ংকর খুনির চরিত্রে দেখানো হয়। এ ছাড়া পুহকে নিয়ে তৈরি হয়েছে ভৌতিক ভিডিও গেমও।

তবে পুহের এমন ভিন্ন উপস্থাপন অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। কারণ, দীর্ঘদিন ধরে চরিত্রটি নিষ্পাপ শৈশব, বন্ধুত্ব ও সরলতার প্রতীক হিসেবে পরিচিত।

‘দ্য মেনি অ্যাডভেঞ্চারস অব উইনি দ্য পুহ’ চলচ্চিত্রে ক্রিস্টোফার রবিন একসময় পুহকে জিজ্ঞেস করে, তার বয়স ১০০ বছর হলেও পুহ তাকে মনে রাখবে কি না। পুহ তাকে কখনো ভুলবে না বলে প্রতিশ্রুতি দেয়।

প্রকাশের এক শতাব্দী পরেও পাঠকেরা ক্রিস্টোফার রবিন ও তার বন্ধু পুহকে ভোলেননি। বরং নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয়তা ধরে রেখেছে মধুপ্রেমী এই টেডি বেয়ার। বন্ধুত্ব, সাহস ও শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই চরিত্রের আবেদনই হয়তো তার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ জেলা পুলিশ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে উল্লেখ করেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বেন্দারচর গ্রামে কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।’

শনিবার (২১ নভেম্বর) নড়াইল জেলা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

পুলিশ সুপারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগের ধারনকৃত ও এআই দ্বারা নির্মিত ভিডিও চিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুন্ন করছে।’

এতে দাবি করা হয়েছে, ‘বেন্দারচর এলাকায় কোন হিন্দু বসতি নাই। পাশাপাশি উক্ত ঘটনায় কোন হিন্দু সদস্যের কোন পরিবারের উপর হামলা বা কোন ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটে নাই।’

এতে আরো উল্লেখ করা হয়েছে, ‘মূলত নড়াইল জেলায় গত ১৮ নভেম্বর সন্ধ্যা অনুমান ৬টায় কালিয়া থানাধীন বেন্দারচর সুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীগণ বিএনপির মিছিলে হামলা করে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ ও কালিয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে (৪০) হত্যা করা হয়। তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১), রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়।

হত্যাকাণ্ডের পর গতকাল বিকাল পৌনে ৫টায় ভুক্তভোগীর বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও উত্তেজিত অন্যান্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে। পরে খবর পেয়ে কালিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%