০১:৫৪ পি.এম
ফরিদপুরের সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়, যেখানে সড়কে যানজট, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের চলাচল, অবৈধ স্থাপনা এবং চালকদের অনিয়মের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রচারিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন সড়কে যানজটের কারণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়া, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ির চলাচল, যানবাহনের কালো ধোঁয়া, সড়কে হকার ও অবৈধ দোকানপাট এবং বিভিন্ন স্থাপনার কারণে সৃষ্ট সমস্যা।
আরও পড়ুন: মাদকমুক্ত প্রজন্ম গড়তে ছাত্রসমাজের ভূমিকা চান গণপূর্তমন্ত্রী
এছাড়া ইজিবাইক, থ্রি-হুইলার, সিএনজি, ভ্যান ও রিকশার চলাচল এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর বিষয়েও আলোচনা করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এসব সমস্যার সমাধানের প্রয়োজনীয়তা সভায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পলাশ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ।
এছাড়া সভায় সদরপুর শ্রমিক দলের সভাপতি দেলোয়ার তালুকদার, মোটরশ্রমিক নেতৃবৃন্দ, গাড়িচালক, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগে উদ্বেগ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন