০৪:২৬ এম
জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশে অবস্থিত গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কিছু অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। পাশাপাশি রাজশাহীর কিছু এলাকায়ও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন অঞ্চলে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড, টার্মিনাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো জানায়, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
এদিকে, নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কিছু এলাকায়ও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নওহাটা ফিডারের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো— দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া এবং আশপাশের এলাকা।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
আরও পড়ুন: ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলাকারীর পরিচয় জানা গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন