ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাঁঠালবাগানের বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩ জন গুরুতর আহত


কাঁঠালবাগানের বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ৩ জন গুরুতর আহত

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ ৫ জন বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসকি সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শিকদার জানান, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। এ পর্যন্ত ৫ জন অগ্নিদগ্ধ রোগী আমাদের ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন, যাদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

তিনি আরও জানান, আহত সব রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চ সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের বৃহত্তম ধর্ম: পিউ রিসার্চ সেন্টার

পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে ইসলাম অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। তবে আগামী কয়েক দশকে ইসলাম ও খ্রিষ্টধর্ম উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু ইসলামের অনুসারী বৃদ্ধির হার খ্রিষ্টধর্মের তুলনায় বেশি হবে।

মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠানটি ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করেছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস রয়েছে।

গবেষণায় মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত নন—এমন জনগণের ভবিষ্যৎ জনসংখ্যার চিত্র পর্যালোচনা করা হয়েছে।

পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় এ গবেষণা পরিচালিত হয়। প্রকল্পটির লক্ষ্য হলো বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করা।

তবে পিউ রিসার্চ জানিয়েছে, এসব পূর্বাভাসের উদ্দেশ্য ভবিষ্যতের সব ধরনের পরিবর্তন সম্পর্কে নিশ্চিত ধারণা দেওয়া নয়। বিভিন্ন ঘটনা যেমন আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে।

জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে মুসলিমরা

প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের ধর্মীয় জনগণের মধ্যে সর্বাধিক। এই কারণে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হিসেবে বিবেচিত হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ জন্মহারের ক্ষেত্রে খ্রিষ্টান নারীদের জন্য এ হার ২ দশমিক ৫।

সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগণের জনসংখ্যা বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়বে।

তবে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে, খ্রিষ্টান জনগোষ্ঠীতে এ সংখ্যা হতে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।

কমবে খ্রিষ্টান জনসংখ্যা

ধর্ম পরিবর্তনের কারণে মুসলিম জনগণের তুলনায় খ্রিষ্টান জনগণের জনসংখ্যায় বেশি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীর সংখ্যার ব্যবধানের কারণে মুসলিম জনগণের নিট জনসংখ্যা প্রায় ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে, খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।

খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। তাদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।

তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইসলাম ধর্মের অনুসারী বৃদ্ধির প্রধান কারণ খ্রিষ্টানদের ইসলাম গ্রহণ নয়। বরং ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর সংখ্যার চেয়ে সামান্য বেশি হতে পারে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই বেশি প্রবৃদ্ধি ঘটবে।

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে বর্তমানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ।

২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। এছাড়া, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলমানদের সংখ্যা ধর্মীয় পরিচয়হীন জনগণের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরো প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট সম্ভাব্য বৃদ্ধির ৭৪ শতাংশই ঘটবে এসব দেশে।

উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেছে পিউ রিসার্চ। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর মধ্য দিয়ে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।

অন্যদিকে, খ্রিষ্টান জনগণের জনসংখ্যা বৃদ্ধিও মূলত সেই ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে, যেখানে বর্তমানে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ।

এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেফতার, ৬০ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেফতার, ৬০ মামলা

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয় যে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৩, লালবাগ বিভাগ থেকে ৫৪, ওয়ারী বিভাগ থেকে ৭৪, মতিঝিল বিভাগ থেকে ৪৩, তেজগাঁও বিভাগ থেকে ৯১, মিরপুর বিভাগ থেকে ১০৩, গুলশান বিভাগ থেকে ৬৬, উত্তরা বিভাগ থেকে ৪৬, এসআরইউ থেকে ৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, চার বোতল দেশি মদ, একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস

রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি পড়তে দেখা গেছে। এই বৃষ্টির ফলে শীতের আমেজ সৃষ্টি হয়েছে। অনেককে শীতের পোশাক পরে বাইরে বের হতে দেখা গেছে।

মোহাম্মদপুর, ফার্মগেট, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, আফতাবনগর, গুলশান ও শাহজাদপুর এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। ভোর থেকে আকাশ মেঘলা থাকার কারণে সূর্যের দেখা নেই। বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব বাড়তে শুরু করে। তবে এবারের শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর আবহাওয়ায় তার আগমনী বার্তা দেখা যাচ্ছে। সকালের কুয়াশা, হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় নগরজীবনেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে বিচারের মুখোমুখি করার দাবি আল-সাইয়েদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে বিচারের মুখোমুখি করার দাবি আল-সাইয়েদের

নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র অস্ত্র ও সহযোগিতা দিয়ে সহায়তা করেছে। এজন্য তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অভিযানে সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।

আল-সাইয়েদ ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে আলোচিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সরাসরি সমর্থন জানাননি। তার মতে, ভবিষ্যতে এক রাষ্ট্র, দুই রাষ্ট্র কিংবা অন্য কোনো কাঠামোয় শান্তিচুক্তি হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে ইসরাইলি ও ফিলিস্তিনিদেরই।

১৭ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে দ্য আটলান্টিক সামিটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নেন সাময়িকীটির কর্মী লেখক জোনাথন লেমায়ার। ১৮ নভেম্বর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য জেরুজালেম পোস্ট।

সাক্ষাৎকারে আল-সাইয়েদ উল্লেখ করেন, ইসরাইলের নেতৃত্বে পরিবর্তন এলেও গাজা যুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই। নতুন সরকার যেই গঠন করুক, তাকে অতীতের ঘটনাগুলোর মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, “আমি মনে করি, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। যারা তাকে এসব অপরাধে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”

আল-সাইয়েদের বক্তব্য অনুযায়ী, শুধু নেতানিয়াহু নন, তার সরকারের কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তার এই বক্তব্যের মাধ্যমে ইসরাইলে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পরও গাজা যুদ্ধের দায় নির্ধারণের প্রশ্নটি সামনে এসেছে।

গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন নবনির্বাচিত এই সিনেটর। তার অভিযোগ, ওয়াশিংটন শুধু ইসরাইলকে অস্ত্র সরবরাহ করেনি, বরং সামরিক ও রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে গাজায় সংঘটিত অপরাধে সহায়তা করেছে।

আল-সাইয়েদ বলেন, “আমরা গণহত্যায় সহায়তা করেছি, অস্ত্র দিয়েছি এবং সহযোগিতা করেছি। এটাই বাস্তবতা।”

তিনি আরো বলেন, প্রতিবার গাজা নিয়ে আলোচনা হলে বিষয়টিকে অতীতের ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অথচ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা হওয়া উচিত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রীয় বিষয়গুলোর একটি।

তার মতে, অন্য কোনো দেশ একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হতো। তাই গাজা যুদ্ধের ক্ষেত্রে মার্কিন নীতি ও সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছে। এ ব্যবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃত থাকার কথা।

তবে এ বিষয়ে সরাসরি সমর্থন জানাতে রাজি হননি আল-সাইয়েদ। তার বক্তব্য, ইসরাইলি ও ফিলিস্তিনিদের নিজেদের মধ্যে সমান মর্যাদায় আলোচনার সুযোগ তৈরি করতে হবে। এরপর তারাই ঠিক করবেন, ভবিষ্যতের শান্তি চুক্তি কোন কাঠামোর ওপর প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের এমন একটি স্বাধীন ও উন্মুক্ত রাজনৈতিক আন্দোলন থাকা প্রয়োজন, যারা ইসরাইলি ইহুদিদের সঙ্গে সমান অবস্থানে বসে ভবিষ্যৎ শান্তির রূপরেখা নিয়ে আলোচনা করতে পারবে।

সম্ভাব্য সমাধানের ধরন সম্পর্কে তিনি বলেন, “সেটি কি দুই রাষ্ট্র হবে, এক রাষ্ট্র হবে, নাকি ২৫টি রাষ্ট্র হবে—আমি সত্যিই জানি না। সিদ্ধান্তটি আমার নেওয়ার বিষয় নয়।”

আল-সাইয়েদের বক্তব্যে মূলত ফিলিস্তিনি ও ইসরাইলি—উভয় জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সাক্ষাৎকারে আল-সাইয়েদ দাবি করেন, গাজায় অন্তত ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের অন্তত অর্ধেক শিশু। তবে জেরুজালেম পোস্ট জানিয়েছে, তার উল্লেখ করা পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) ৪ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ৭৪ হাজার ৬১৮ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া ৭৪ হাজার ২৩৭ জনের বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ হাজার ৯৭৬ জন শিশু। এসব পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য।

কে এই আবদুল আল-সাইয়েদ?

আবদুল আল-সাইয়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতিক। ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে তিনি সিনেটর নির্বাচিত হন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।

রাজনীতিতে আসার আগে তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ডেট্রয়েট ও ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিয়েছেন। তার নির্বাচনি প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল সর্বজনীন স্বাস্থ্যসেবা, রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানো এবং ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তার সমালোচনা।

নির্বাচনী প্রচারেও গাজা যুদ্ধ ও ইসরাইলের সামরিক কর্মকাণ্ড নিয়ে তার অবস্থান আলোচনায় ছিল। ফলে সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই মধ্যপ্রাচ্যনীতি নিয়ে তার বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।

আল-সাইয়েদের বক্তব্য গুরুত্বপূর্ণ হলেও সিনেটে দায়িত্ব গ্রহণের পর তার একক অবস্থানই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে দেবে—এমন নিশ্চয়তা নেই। ইসরাইলকে সামরিক সহায়তা, অস্ত্র বিক্রি, কূটনৈতিক সমর্থন এবং গাজা যুদ্ধ নিয়ে মার্কিন নীতির পরিবর্তন নির্ভর করবে কংগ্রেস, প্রশাসন ও বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ওপর।

তবে প্রথম মুসলিম সিনেটর হিসেবে তার দায়িত্ব গ্রহণ এবং গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ্য অবস্থান মার্কিন রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুতে নতুন বিতর্কের ক্ষেত্র তৈরি করতে পারে। বিশেষ করে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি, সামরিক সহায়তার শর্ত এবং যুদ্ধকালীন কর্মকাণ্ডের জবাবদিহি নিয়ে কংগ্রেসে আলোচনার ক্ষেত্রে তার ভূমিকার দিকে নজর থাকবে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%