০৪:৫৬ পি.এম
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নবজাতকের পরিচয় এবং মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।
সোমবার (২৯ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয় উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সকালবেলা কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি নদী থেকে উদ্ধার করে।
আরও পড়ুন: নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
পুলিশ সূত্রে জানা গেছে, একটি কালো শার্টে মোড়ানো ছিল নবজাতকের মরদেহটি। সেটি লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরে মরদেহটি ভেসে ওঠে।
এই বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি নবজাতকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন