শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৯ পি.এম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশবিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক হবে।’
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, ‘দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা অদৃশ্য বা অস্পর্শনীয়। এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে।’
উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে, আমাদের দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়। এই সেমিনারে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা—যারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। এই প্রেক্ষাপটে, শিক্ষার বিষয়ে আমাদের অত্যন্ত আন্তরিক ও মনোযোগী হতে হবে। যা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ধুনট থানার পুলিশ তাকে বগুড়া আদালতে পাঠায়।
বিচারক পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। সেই সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রিমিয়ার লিগ (আইপিএল) বিপুল অর্থের ঝনঝনানি, বিশ্বসেরা ক্রিকেটারদের উপস্থিতি এবং বাণিজ্যিক সাফল্যের মাধ্যমে এগিয়ে চলেছে। অপরদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পৃষ্ঠপোষক সংকট, সীমিত বাজার এবং বাণিজ্যিকভাবে পিছিয়ে থাকার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে ব্যবধান স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে, পিএসএল আইপিএলের সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে না। আর্থিক সীমাবদ্ধতা এবং টানা লোকসানের কারণে তিনি ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করার পরিকল্পনা করছেন।
নাদিম ওমর জানিয়েছেন, যদি উপযুক্ত প্রস্তাব আসে এবং তার কিছু শর্ত পূরণ হয়, তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বিক্রি করার জন্য তিনি প্রস্তুত। তিনি বলেন, “আমার মনে হয়, পিএসএলকে বিদায় জানানোর এটাই আমাদের জন্য সঠিক সময়। ভালো প্রস্তাব পেলে এবং আমাদের কয়েকটি শর্ত পূরণ হলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে আমরা প্রস্তুত।”
২০২৫ সাল থেকে আইপিএল এবং পিএসএল একই সময়ে (মার্চ থেকে মে মাসের মধ্যে) অনুষ্ঠিত হচ্ছে। নাদিম ওমরের মতে, পিএসএলের জন্য আইপিএলের সঙ্গে একই সময়ে প্রতিযোগিতায় নামার সিদ্ধান্তটি সঠিক নয়। দুই লিগের বাণিজ্যিক সামর্থ্যের মধ্যে পার্থক্য অত্যন্ত বেশি।
তিনি বলেন, “আমরা আইপিএল কিংবা তাদের বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব না। তাদের তুলনায় আমাদের বাজার অনেক ছোট। দুর্ভাগ্যজনকভাবে, আইপিএলের মতো পিএসএলে অর্থ বিনিয়োগ করার জন্য আমাদের পর্যাপ্ত স্পন্সর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই।”
আইপিএলের আয়ের প্রধান উৎস হচ্ছে সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষকতা, টিকিট এবং দলের জার্সিসহ বিভিন্ন পণ্য বিক্রি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক জানিয়েছেন, পিএসএলে এসব খাত থেকে প্রত্যাশিত আয় করতে না পারার কারণে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে পাকিস্তানে জার্সির নকল সংস্করণ বিক্রির কারণে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
নাদিম ওমর বলেন, “আইপিএলে দলের বিভিন্ন পণ্য বিক্রি থেকে প্রচুর আয় হয়। ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে ম্যাচের টিকিট বিক্রিও ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের বড় উৎস। এর সঙ্গে সম্প্রচার স্বত্বের আয় তো আছেই।”
পাকিস্তানের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “পিএসএলে পণ্য বিক্রি করা প্রায় অসম্ভব। আমরা একটি অফিশিয়াল জার্সি বাজারে ছাড়ি ১ হাজার পাকিস্তানি রুপিতে। অথচ একই জার্সির নকল সংস্করণ বাজারে বিক্রি হয় ২০০ রুপিতে। এতে আমাদের আয়ের একটি বড় উৎস নষ্ট হয়ে যাচ্ছে।”
২০১৯ সালে পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
বাণিজ্যিক সীমাবদ্ধতা ছাড়াও, দীর্ঘদিনের লোকসানও নাদিম ওমরকে হতাশ করেছে। তিনি বলেন, “কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে যে সাফল্য এনে দিতে পারতাম, তা পারিনি। ৭ বছর ধরে আমরা লোকসানে ছিলাম। আমার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সেগুলোর সব বাস্তবায়ন করতে পেরেছি বলে মনে হয় না।”
২০১৬ সালে পিএসএলের উদ্বোধনী আসরের আগে বার্ষিক ১১ লাখ মার্কিন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন নাদিম ওমর। তার লক্ষ্য ছিল শুধুমাত্র ব্যবসা করা নয়, পাকিস্তানের ক্রিকেটের উন্নতিতেও অবদান রাখা। বিশেষ করে বেলুচিস্তানের ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া এবং কোয়েটায় পিএসএলের ম্যাচ আয়োজন করা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
এত হতাশার পরও, নাদিম ওমর পিএসএলকে একেবারে ছোট করে দেখছেন না। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে এখনো সেরা তিনে আছে পিএসএল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স চারবার ফাইনালে উঠেছে এবং একবার শিরোপাও জিতেছে। তবে আইপিএলের সঙ্গে আর্থিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকার বাস্তবতা মেনে নিয়ে তিনি ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বহু মানুষ এমন রয়েছে, যারা অন্যদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত। নিয়মিত নামাজ পড়ে, দ্বিনদার, ধার্মিক, আলেম কিংবা আল্লাহওয়ালা হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রকাশ্যে তাকে পাপকাজ করতে দেখা যায় না। কিন্তু গোপনে গোপনে তিনি নানা ধরনের গোনাহের কাজে লিপ্ত। কিছু মানুষ প্রকাশ্যে ভালো মানুষ হলেও গোপনে কবিরা গোনাহ করে। এটি একদিকে মুনাফেকি, অন্যদিকে ধীরে ধীরে তার আমল ও ইবাদত নষ্ট করে দেয়। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো, যারা পাপ করে, অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে।’ (সুরা : আনআম, আয়াত : ১২০)
এ ধরনের গোপন পাপ কথার দ্বারাও হতে পারে, চিন্তা বা নিয়তের দ্বারাও হতে পারে, আবার কর্মের দ্বারাও হতে পারে। গোপনে গাইরুল্লাহর নাম নিয়ে পশু জবাই করা—কথার গোপন পাপ। রিয়া বা অন্যকে দেখানোর জন্য ইবাদত করা—নিয়ত বা চিন্তার গোপন পাপ।
অপ্রকাশ্য ব্যভিচার বা গোপন জিনা—কর্মগত গোপন পাপ। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘বলে দাও, নিশ্চয়ই আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং অসংগত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা—যার কোনো সনদ তিনি প্রেরণ করেননি। আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যা তোমরা জানো না।’ (সুরা : আরাফ, আয়াত : ৩৩)
প্রকাশ্য গোনাহের চেয়ে গোপনে করা গোনাহ বেশি ভয়াবহ। কারণ, যখন কেউ গোপনে গোনাহ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিয়ে নেয়। ক্রমাগত সে ধ্বংস ও অধঃপতনের দিকে এগিয়ে যেতে থাকে। কখনো কখনো অবস্থার এত ভয়াবহতা ঘটে যে, তার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ঈমানহীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমান সময়ে গোপন গোনাহের সরঞ্জাম অনেক বেশি, আর উপকরণগুলোও সহজলভ্য। তাই সমাজের মানুষ দিন দিন গোপন গোনাহে বেশি জড়িয়ে পড়ছে। সামান্য ব্যতিক্রম ছাড়া দ্বিনদার শ্রেণির মানুষ থেকে শুরু করে আলেমরাও বাদ পড়ছেন না।
আল্লামা ইবনে জাওজি (রহ.) বলেন, ‘সবচেয়ে নিকৃষ্ট ও ক্ষতিগ্রস্ত সে, যে মানুষের সামনে ভালো আমল করে, কিন্তু যে মহান সত্তা তার শাহ রগ থেকেও অধিক নিকটবর্তী, তার সামনে বদ আমল করে।’ বলা হয়, ‘গোপন গোনাহ ও অবাধ্যতার কারণে মানুষের খারাপ মৃত্যু (অপমৃত্যু) হয়।’
গোপন গোনাহ থেকে বেঁচে থাকার উপায়
এক. আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করে দোয়া করা উচিত। তিনি যেন তার অবাধ্যতা, নাফরমানি ও সব ধরনের গোনাহ থেকে রক্ষা করেন।
দুই. নফস তথা আত্মার সঙ্গে মোজাহাদা (লড়াই) করা, মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা।
তিন. কিয়ামতের দিন গোপন গোনাহকারীদের আমলগুলো ধূলিকণার মতো উড়িয়ে দেওয়ার কথা চিন্তা করা। হাদিসে ইরশাদ হয়েছে, মহানবী (সা.) বলেন, ‘আমি আমার উম্মতের কিছু মানুষ সম্পর্কে জানি, যারা কিয়ামতের দিন তিহামার (বিখ্যাত পাহাড়) শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। হজরত সাওবান (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন। যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তিনি বললেন, তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক, যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত কর্মে (গোপন গোনাহ) লিপ্ত হবে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৪১৮)
চার. আল্লাহ তাআলার উপস্থিতির কথা চিন্তা করা। তিনি আমাকে সর্বদা দেখছেন এবং এ ব্যাপারে তাঁকে ভয় করা। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘...নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক।’ (সুরা নিসা, আয়াত : ১)
পাঁচ. গোনাহ করার সময় এ কথা চিন্তা করা, কেউ কি দেখলে আমি এমন গোনাহ করতে পারতাম? এভাবে নিজের ভেতরের লজ্জাবোধ জাগ্রত করা। এ বিষয়ে হাদিসে ইরশাদ হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তুমি তোমার পরিবারের কোনো প্রভাবশালী সদস্যকে যেমন লজ্জা পাও, আল্লাহকে (কমপক্ষে) তেমন লজ্জা করো।’ (মুসনাদুল বাজ্জার : ৭/৮৯)
ছয়. এ চিন্তা করা, গোনাহরত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে কিভাবে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব? মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘প্রত্যেক ব্যক্তিকে (কিয়ামতের দিন) ওই অবস্থায় ওঠানো হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২০৬)
সাত. আল্লাহর নিয়ামত ও জান্নাতের সুখ-শান্তির কথা স্মরণ করা এবং জাহান্নামের আজাব ও ভয়ানক শাস্তি কল্পনা করা।
আট. অবসরে জিকির ও ফিকিরে থাকার চেষ্টা করা। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলি রয়েছে বোধশক্তিসম্পন্ন মানুষের জন্য। যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, হে আমাদের রব! আপনি এগুলো নিরর্থক সৃষ্টি করেননি। আপনি পবিত্র। আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯০-১৯১)
গোপন গোনাহ থেকে বেঁচে থাকতে একাকী না থাকার পরামর্শ দিয়ে থাকেন আলেম-উলামারা। ভালো মানুষের সান্নিধ্যে থাকা, অবসর সময়ে বেশি বেশি কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও ইসলামী বই বেশি বেশি অধ্যয়ন করা। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।’ (সুরা : তওবা, আয়াত : ১১৯)
মহান আল্লাহ আমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ থেকে দূরে থাকার তাওফিক দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পরিবেশবান্ধব শিল্পায়নে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। দেশের ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ অর্জন করেছে।
এখন দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৩০২টিতে পৌঁছেছে। এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সব দেশের মধ্যে সবুজ কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে।
নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে অবস্থিত। ফলে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।
নতুন প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট অর্জন করেছে। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়েছে। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট অর্জন করেছে।
চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে অর্জন করেছে।
অন্যদিকে, গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, যা ৬৮ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট অর্জন করেছে।
লিড সনদ হলো পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। এটি জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রদান করা হয়।
বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশের ৫৩টির অবস্থান দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নতুন ১২টি কারখানার অন্তর্ভুক্তির মাধ্যমে এই অর্জন আরও সমৃদ্ধ হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ