ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কক্সবাজার শহরে ৩১% সড়কবাতি নষ্ট, ঝুঁকি বাড়ছে - ৭২৪ বাতির মধ্যে ৫০১টি সচল, ২২৩টি অকেজো


কক্সবাজার শহরে ৩১% সড়কবাতি নষ্ট, ঝুঁকি বাড়ছে - ৭২৪ বাতির মধ্যে ৫০১টি সচল, ২২৩টি অকেজো

কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপিত ৭২৪টি সড়কবাতির মধ্যে ২২৩টি বর্তমানে অকেজো অবস্থায় রয়েছে। এর মানে হলো মোট সড়কবাতির প্রায় ৩১ শতাংশ কার্যকর নয়। এই পরিস্থিতিতে শহরের বিভিন্ন সড়ক ও পর্যটন এলাকার রাতের আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কক্সবাজার পৌরসভার সড়কবাতি-সংক্রান্ত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকার বাতির পর্যালোচনায় দেখা গেছে, ৫০১টি বাতি সচল থাকলেও ২২৩টি বাতি অকেজো হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার সদর বাস টার্মিনাল থেকে বিজিবি ক্যাম্প, ঘুনগাছতলা হয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত মোট ১৬৯টি বাতি রয়েছে। এর মধ্যে ১৪৪টি সচল এবং ২৫টি বাতি অকেজো।

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

অন্যদিকে, সদর বাস টার্মিনাল থেকে কলাতলী বিচ পর্যন্ত স্থাপিত ২০৫টি বাতির মধ্যে ১৪০টি সচল এবং ৬৫টি বাতি অকেজো রয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে কলাতলী ডলফিন মোড় পর্যন্ত ১১৭টি বাতির মধ্যে ১০২টি সচল থাকলেও ১৫টি বাতি অকার্যকর রয়েছে।

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন সড়ক সুগন্ধা বিচ থেকে লাবণী বিচ, জাম্বুরি মোড়, হলিডে মোড় হয়ে ৩১গাছতলা পর্যন্ত এলাকায় চিত্র আরও উদ্বেগজনক। এ পথে মোট ২০৫টি সড়কবাতির মধ্যে ১০১টি সচল এবং ১০৪টি বাতি অকেজো রয়েছে। অর্থাৎ এই অংশে অর্ধেকেরও বেশি সড়কবাতি অকার্যকর।

এছাড়া জলিলের দোকান থেকে রুহুল আমিন স্টেডিয়াম হয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত সড়কে ১৪টি বাতি সচল রয়েছে। তবে সড়কের বিপরীত পাশে আলো নিশ্চিত করতে আরও ১৪টি বাতি স্থাপনের অপেক্ষায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সড়কবাতির এই পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ১০৪টি বাতি নষ্ট রয়েছে সুগন্ধা-লাবণী বিচ ও সংলগ্ন সড়ক এলাকায়। এরপর সদর বাস টার্মিনাল থেকে কলাতলী বিচ সড়কে ৬৫টি বাতি অকেজো।

আরও পড়ুন: চাঁদপুরে ১৭ দিনে ৩১৩ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

পর্যটননির্ভর কক্সবাজার শহরে সড়কবাতি শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের বিষয় নয়; রাতের যানবাহন চলাচল, পথচারীদের নিরাপত্তা এবং পর্যটকদের নির্বিঘ্ন চলাচলের সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে সমুদ্রসৈকতসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিপুলসংখ্যক বাতি নষ্ট থাকায় রাতের বেলায় চলাচলে ভোগান্তি ও নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে।

এই অবস্থায় নষ্ট সড়কবাতিগুলো দ্রুত মেরামত ও প্রয়োজনীয় স্থানে নতুন বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, “সড়কবাতি নষ্ট থাকার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে নানা কারণে এ সমস্যা সৃষ্টি হয়ে থাকে। একই খুঁটিতে একাধিক ধরনের সার্ভিস লাইন থাকা, বিদ্যুতের লোডশেডিং ও ভোল্টেজের ওঠানামা এর অন্যতম কারণ। এ ছাড়া নির্জন স্থানের খুঁটিতে স্থাপিত বাতি লক্ষ্য করে কিছু দুষ্কৃতকারী ঢিল ছুড়ে লাইট নষ্ট করে। কোথাও কোথাও বৈদ্যুতিক তার ও বাল্ব চুরির ঘটনাও ঘটে। এসব কারণে সড়কবাতি সচল রাখা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন: এক সকালেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫ প্রভাবশালী কূটনীতিকের বৈঠক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে রাজধানী মিরপুরে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছেন তার প্রেমিক। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

এই ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রেমিক রায়হানকে গ্রেপ্তার করেছে। নিহত নারীর নাম নূপুর, যিনি ভোলার বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা যায়, নূপুর দুপুরের খাবারের বিরতিতে কারখানা থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। ৫ নম্বর সড়কে পৌঁছানোর পর রায়হান এবং কিছু দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে নূপুরকে চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং এরপর পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, রায়হান ও নূপুরের সম্পর্ক তিন বছর ধরে চলছিল। সম্প্রতি রায়হান তার পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে নূপুর তা প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি, ছয় কর্মচারীর চাকরি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি, ছয় কর্মচারীর চাকরি বাতিল

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে নিয়োগের তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল করেছে অন্ধ কল্যাণ সমিতি। সমিতির চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই তাঁদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। ১৭ নভেম্বর তারিখে প্রায় তিন বছর পর তাঁদের নিয়োগ বাতিলের আদেশ জারি করা হয়।

ঝিনাইদহ অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ মজিদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির ১ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ বাতিল করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, তৎকালীন সময়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রে কোনো ধরনের সার্কুলার, পরীক্ষা কিংবা প্রতিষ্ঠানের বিদ্যমান চাকরিবিধি অনুসরণ না করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে অস্থায়ী ভিত্তিতে কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছিল।

নিয়োগ বাতিল হওয়া পাঁচজন হলেন, ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়, সমাজকল্যান সহকারী মোছা ইতি খাতুন, অফিস সহকারী জে এম মুরশিদা জাহান ডলি, স্টোর সহকারী মো. মাহফুজ হোসেন, স্টোর সহকারী মো. শুভ পারভেজ এবং পরিচ্ছন্নতাকর্মী শান্ত দাস।

সমিতির নথি অনুযায়ী, ২০২৩ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে ১১ নভেম্বর ২০২৩ তারিখে তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। ওই নিয়োগপত্রে তৎকালীন জেলা প্রশাসক ও অন্ধ কল্যাণ সমিতির সভাপতি এস এম রফিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

নিয়োগপত্রে ছয়জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ১৪ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে যোগদানপত্র জমা দেওয়ার শর্ত ছিল। ২০২৩ সালের নিয়োগপত্রে ছয়জনের নাম থাকলেও ২০২৬ সালের ১৭ নভেম্বর জারি করা নিয়োগ বাতিলের আদেশে পাঁচজনের নাম পাওয়া গেছে। তবে ষষ্ঠ নিয়োগপ্রাপ্ত ইসিজি টেকনিশিয়ান শম্পা রায়কেও পৃথক চিঠিতে চাকরী বাতিল করা হয় বলে তিনি জানান।

প্রশ্ন উঠেছে, নিয়োগের সময় প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুসরণ না করে কর্মচারী নিয়োগ দেওয়া হয়ে থাকলে সেই নিয়োগপ্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত ছিলেন এবং প্রায় তিন বছর ধরে তাঁরা কীভাবে দায়িত্ব পালন করে বেতন উত্তোলন করলেন? তিন বছরে বেতন ভাতা বাবদ গ্রহন করা টাকা ঝিনাইদহ অন্ধ কল্যাণ সমিতির ফান্ডে জমা হবে কিনা তাও আদেশে উল্লেখ নেই।

এ বিষয়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক মিলন হোসেন খবরের সত্যতা নিশ্চত করে বুধবার বিকালে জানান, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই ওই ৬ জনের নিয়োগ দেওয়া হয়েছিল। সে কারণে তাঁদের নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া তিন বছরে বেতন ভাতা বাবদ গ্রহন করা অর্থ কোষাগারে ফেরৎ যাবে কিনা তা পরিচালনা কমিটি নির্ধারণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মো: নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈষ্ণবপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির সদস্যরা বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাহসিকতা ও মানবিক সেবার স্বীকৃতি: রাষ্ট্রীয় পদকে ভূষিত ফায়ারফাইটার কামাল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


সাহসিকতা ও মানবিক সেবার স্বীকৃতি: রাষ্ট্রীয় পদকে ভূষিত ফায়ারফাইটার কামাল হোসেন

পেশাগত দক্ষতা, অসীম সাহসিকতা এবং ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক’ অর্জন করেছেন ঝালকাঠির কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ারফাইটার মো. কামাল হোসেন।

গত রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি-২ শাখার সিনিয়র সহকারী সচিব আছমা-উল-হোসনা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সম্মাননার ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালের দাপ্তরিক ও মানবিক কাজের মূল্যায়নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মোট ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীকে চারটি পৃথক ক্যাটাগরিতে এই রাষ্ট্রীয় পদক প্রদান করেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. কামাল হোসেন (পিআইএন-৯০০৫/৫০৩০৮৬) পিরোজপুরের ফায়ার স্টেশনে ফায়ারফাইটার হিসাবে কর্মরত ছিলেন। অনুসন্ধানে জানা যায় গত ২ মাস আগে তার পোস্টিং ঝালকাঠির কাঠালিয়া ফায়ার স্টেশনে, তিনি বর্তমানে কাঠালিয়া ফায়ার স্টেশনে ফায়ারফাইটার হিসেবে কর্মরত আছেন। দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণ এবং জরুরি মুহূর্তে জনসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়।

ব্যক্তিগত জীবনে মো. কামাল হোসেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা। উপকূলীয় অঞ্চলের সন্তান হওয়ায় দুর্যোগকালীন মানুষের জানমাল রক্ষায় তিনি শুরু থেকেই নিষ্ঠার সাথে কাজ করে আসছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যদের মধ্য থেকে যাঁরা জীবন বাজি রেখে অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অসামান্য অবদান রাখেন, তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এই রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। এই সম্মাননা বাহিনীর অন্যান্য সদস্যদেরও পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, দায়িত্বশীল ও সাহসী কাজের এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে মো. কামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন কাঠালিয়া ফায়ার স্টেশনের সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাঁর নিজ এলাকা পাথরঘাটার স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%