০২:১৪ পি.এম
মোজাম্বিক থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু ঘটেছে।
শুক্রবার (৯ অক্টোবর) মাপুতো থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের কিউআর ১৩৭৬ ফ্লাইটে এই ঘটনা ঘটে।
জসিমের বড় ভাই মো. ইউসুফ জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে মোজাম্বিকের রাজধানী মাপুতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন জসিম। দোহায় যাত্রাবিরতি শেষে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা ছিল। কিন্তু দোহা বিমানবন্দরে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। বিমানে তার পাশের আসনে থাকা একই এলাকার বাসিন্দা মহিব উল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দেশব্যাপী ১১৭টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৪ হাজার ৮১১ সাংবাদিক প্রশিক্ষণ পেলেন
তিনি আরও জানিয়েছেন, জসিম উদ্দিন পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন। গত বছর বাংলাদেশে অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে চলতি বছরের এপ্রিলে তিনি মোজাম্বিকে ফিরে যান। সেখানে প্রায় ছয় মাস ব্যবসা করার পর দেশে ফেরার উদ্দেশ্যে আবার যাত্রা করেন। তবে স্বজনদের কাছে ফেরার আর সুযোগ মিলল না তার।
জসিম উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার ছড়ারকূল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বান্ডুবর বাড়ির ছৈয়দ মিয়ার তৃতীয় ছেলে। তিনি চার ভাই ও চার বোনের মধ্যে ষষ্ঠ। দেশে তার মা-বাবা, স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে রয়েছে।
২০১৬ সালে মোজাম্বিকে যান জসিম উদ্দিন। সেখানে তার চার ভাই ব্যবসা করতেন। ২০২১ সালের ৭ আগস্ট করোনায় তার ভাই মো. ইদ্রিস মারা যান। বর্তমানে বড় ভাই মোহাম্মদ ইউনুস ও ছোট ভাই ফেরদৌস উদ্দিন মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশের মুলোমবো কুরুমানায় বসবাস করছেন।
আরও পড়ুন: দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন