সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৮ পি.এম
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক আটকানোর পর বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার সুয়াগাজি চেকপোস্টে দায়িত্বে থাকা এক বন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে যে, ট্রাকটি ছেড়ে দেওয়ার জন্য মাত্র ১০ মিনিটের সময় বেঁধে চার লাখ টাকা দাবি করা হয়। এরপর ওই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তৃতীয় এক নারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দিতে বলা হয়। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, টাকা জমা দেওয়ার পরই ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
অভিযুক্ত বন কর্মকর্তা মো. নাজমুল হোসেনের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, টাকা লেনদেনের পর বিষয়টি আড়াল করার জন্য ওই নারীর সঙ্গে আপসনামা করানো হয়। তবে বন কর্মকর্তা নাজমুল হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার দাবি, ব্যবসায়ীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
ভুক্তভোগী ব্যবসায়ী হলেন সিরাজ টিম্বার অ্যান্ড ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী সিরাজুদ্দৌলা। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় গত ১৫ নভেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া, গত ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে অসংখ্য সাফল্য ও সম্মাননা অর্জন করেছেন। এবার তার অর্জনের তালিকায় যুক্ত হতে চলেছে একটি বিশেষ স্বীকৃতি। তিনি সম্মানসূচক ডি. লিট ডিগ্রি পেতে যাচ্ছেন।
আগামী ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডি.এসসি সম্মাননা প্রদান করা হবে পশ্চিমবঙ্গের বিজ্ঞানী ও অধ্যাপক জি পার্থসারথি এবং ভূপেন্দ্রনাথ গোস্বামীকে।
আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় সূত্রের বরাতে জানানো হয়েছে, বিশিষ্ট এই তিন ব্যক্তিকে সম্মান জানানোর প্রস্তাবে ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। গত ১৭ নভেম্বর রাজভবনের সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথের কাছে এ-সংক্রান্ত চিঠি পৌঁছেছে। সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতিও শুরু হয়েছে।
বাংলা ও হিন্দি সিনেমায় সমান জনপ্রিয় মিঠুন চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি নাচ ও নিজস্ব পর্দা-ব্যক্তিত্ব দিয়ে তিনি কয়েক প্রজন্মের দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। ভারতীয় সিনেমার পাশাপাশি বিভিন্ন ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেতা। অভিনয়ের বাইরেও রাজনীতিতে সক্রিয় তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী এর আগে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। ২০২৪ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর আগে ২০২২ সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেন দেশটির চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অতিরিক্ত মদ্যপানের ফলে দুই যুবকের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে নান্টু ঘোষ এবং উজ্জ্বল দেব নামের দুই যুবক রয়েছেন। এই ঘটনায় আরও দুজন ব্যক্তি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সোমবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন।
ওসি জানান, গত শুক্রবার মোহরা এলাকায় একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কিছু ব্যক্তি মদ্যপান করেন। পরে তাদের মধ্যে ৫-৬ জন অসুস্থ হয়ে পড়েন এবং তাদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন এবং সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়। এর মধ্যে একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে সীমান্ত পারাপারের দালাল, চিহ্নিত মাদক চোরাকারবারি ও অনুপ্রবেশকারীসহ মোট ছয়জনকে আটক করেছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ৫৮ বিজিবির অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর থানার বেনীপুর গ্রামস্থ বিস্তিপাড়া এলাকা থেকে চারজনকে আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে তিনজন বাংলাদেশি নাগরিক (দুজন পুরুষ ও একজন নারী) এবং একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় পুরুষ নাগরিককে আটক করা হয়েছে।
আটক পুরুষ বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন নড়াইল সদর থানার দেবীপুর গ্রামের সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানার নগরচাপরাইল গ্রামের সুজন বিশ্বাস (৩৪)। এছাড়া আটক বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিকের নাম রাহুল মীর (২১)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তাঁর বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাঁকড়া গ্রামে এবং বাংলাদেশে তাঁর ঠিকানা খুলনার দিঘলীয়া থানার কুলা গ্রামে। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে রোববার (২২ নভেম্বর) মহেশপুর উপজেলার দুটি পৃথক এলাকায় বিশেষ টহল পরিচালনা করে অবৈধভাবে পারাপারে সহায়তাকারী দুই দালালকে আটক করে ৫৮ বিজিবি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার ভেতরে জিন্না নগর বাজারের পাকা রাস্তার ওপর থেকে মো. জহুরুল হক (৩৮) নামের এক দালালকে আটক করা হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জহুরুল হকের বাড়ি মহেশপুর থানার ছয়ঘরিয়া গ্রামে। বিজিবি জানিয়েছে, তাঁর বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।
একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৫-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের বটতলা রাস্তার ওপর থেকে মো. আকবর আলী মণ্ডল (৪০) নামের আরেকজনকে আটক করা হয়। হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলে আটক আকবর আলীকে চিহ্নিত মাদক চোরাকারবারি ও অবৈধভাবে পারাপারে সহায়তাকারী দালাল হিসেবে উল্লেখ করেছে বিজিবি। তাঁর বাড়ি মহেশপুর থানার মাটিলা মাঠপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি পাসপোর্ট আইনে মামলা রয়েছে বলে জানানো হয়েছে। পরে আটককৃত দুজনকেই মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজ দেশে ফিরে এসেছেন জাপানে দুই মাসের সফর শেষে। সফরের সময় তিনি দেশটির বিভিন্ন শহরে জাদু প্রদর্শনীর মাধ্যমে হাজারো বিদেশি দর্শককে মুগ্ধ করেছেন। জাপানের বিভিন্ন শহরে, যেমন ওসাকা, কোবে, আওয়াজি, ফুকুচিয়ামা, নাগোয়া, টোকিও ও কিয়োটো, মোট ৪৯টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রদর্শনীতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
জাপানের বিভিন্ন প্রেক্ষাগৃহ, হোটেল, ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, নৌবিহার ও সার্কাস দলের উদ্যোগে এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন গড়ে দুটি করে শো করেছেন আলীরাজ, যার সঙ্গে ছিলেন একজন জাপানি সহকারী। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি প্রদর্শনীতে শতভাগ বিদেশি দর্শক উপস্থিত ছিলেন। টিকিটের ব্যাপক চাহিদা এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে প্রতিটি আয়োজন হাউসফুল হয়ে ওঠে। প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনযাপনের মধ্যে জাপানিদের কাছে জাদুশিল্পের জনপ্রিয়তা অটুট থাকার প্রমাণ এই আয়োজনের মাধ্যমে আবারও পাওয়া গেছে।
আলীরাজ জাপানের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করেছেন। তার জাদুশৈলী দিয়ে তিনি অসংখ্য বিদেশি দর্শকের মন জয় করেছেন। এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে জাদু প্রদর্শন করে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছেন।
এবারের বড় ও ব্যয়বহুল আয়োজনের পেছনে ছিল জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান প্যাসোনা কোম্পানি এবং আর্ট সার্কাস গ্রুপ। জাদু প্রদর্শনীর পাশাপাশি অপেরা, সংগীত, অ্যাক্রোবেটিকস ও ব্যালে নৃত্যের সমন্বয়ে আয়োজনটি আরও বর্ণিল হয়ে ওঠে। এতে অংশগ্রহণ করেন রাশিয়া, ইউক্রেন ও জাপানের শিল্পীরা। পুরো আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন এলিনা, লিয়ানা ও মোরিগুচি।
দীর্ঘদিন ধরে জাদুশিল্পের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরছেন আলীরাজ। এই কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য—বিশ্বের নানা দেশে টেলিভিশন অনুষ্ঠান ও আন্তর্জাতিক মঞ্চে জাদু প্রদর্শন করেছেন তিনি। ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি, তুরস্ক, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, দুবাই, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে।
জাদুশিল্পের গুরুত্ব এবং বাংলাদেশে এ শিল্পের সম্ভাবনা নিয়ে আলীরাজ বলেন, "জাদু এমন একটি শিল্পমাধ্যম, যা সব বয়সী মানুষকে আকৃষ্ট করতে পারে।" তিনি দেশের প্রচলিত জাদুশিল্প সম্পর্কে মানুষের ধারণা বদলাতে চান। এ লক্ষ্যেই তিনি সবাইকে তার জাদু প্রদর্শনী উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
তবে, বাংলাদেশে জাদুশিল্পের প্রসারে গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আগ্রহের ঘাটতি রয়েছে বলে মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, "বিশ্বের বিভিন্ন দেশে জাদুশিল্পের ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশে এখনো এ শিল্প যথাযথ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা পাচ্ছে না।"
বিদেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরে আলীরাজ বলেন, "বাংলাদেশের অনেক শিল্পী বিদেশে ছোট পরিসরের অনুষ্ঠানে মূলত প্রবাসী বাঙালি দর্শকদের সামনে পরিবেশনা করেন এবং এর বিনিময়ে নামমাত্র পারিশ্রমিক পান।" তবে, তিনি আন্তর্জাতিক মঞ্চে বিদেশি দর্শকদের সামনে জাদু প্রদর্শনের সুযোগ তৈরি করেছেন। বৈধ উপায়ে উপার্জিত অর্থ দেশে নিয়ে আসার পাশাপাশি জাদুশিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও অবদান রাখছেন বলে মনে করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ