মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৪ পি.এম
জোহানেসবার্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাস্তবতা মেনে নিচ্ছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। তিনি জানিয়েছেন, দলের বোর্ডে রানের ঘাটতি রয়েছে এবং এ কারণে নিজেদের পিছিয়ে রাখছেন। তবে লাল-সবুজের প্রতিনিধিরা ম্যাচের বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর জন্য আশাবাদী।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'এখন যে অবস্থা, আমাদের মনে হয় ভালো রান নেই বোর্ডে। ১২০ রানের মতো বেশি। তবে যদি সকাল সকাল ২-৩টি উইকেট নিতে পারি, তবে ভিন্ন দৃশ্য হবে। না পারলে, কষ্ট করতে হবে। খেলা যেন লম্বা হয়। রান যেন না লিক করি। এটাই টার্গেট থাকবে আমাদের।'
উইকেটের আচরণ এবং বোলারদের কার্যকারিতা নিয়ে লিটন জানান, পেসারদের অতিরিক্ত ব্যাক অব দ্য লেংথ বা শর্ট বল না করে সঠিক লেংথে বল করার ওপর জোর দিতে হবে। বিশেষ করে হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের বোলিং বৈচিত্র্য নিয়ে তিনি মন্তব্য করেন। হাসানের পেস কিছুটা কম হলেও স্মুথ রানআপের কারণে নিয়ন্ত্রণ বেশি থাকে, যা এই উইকেটে বেশ কার্যকরী।
গেমপ্ল্যান এবং উইকেটের আচরণ সম্পর্কে লিটন বলেন, ‘আমাদের গেমপ্ল্যান এখন, আরও উইকেট নিতে হবে। তাদের অলআউট করতে হবে। সেই সঙ্গে রানও বেশি দেওয়া যাবে না। বেশি রান দিলে লিড অনেক বেশি হয়ে যাবে। হাসান-তাসকিনে পার্থক্য একটাই- হাসানের পেস কম। স্মুথ রানআপ আছে। যে কারণে কন্ট্রোল অনেক বেশি। উইকেট পেলে দেখবেন ডেলিভারি সামনের দিকেই রাখে। তাসকিন-ইবাদত জোরের ওপর বোলার। হার্ড লাইনে বেশি বল করতে হয়। এই উইকেট এমন ছিল না যে ব্যাক অব দ্যা লেন্থে বল করলে বেশি উইকেট পাওয়া যাবে। তাদের পেস বোলাররা বা আমাদের বোলাররাও যখন ব্যাক অব দ্যা লেন্থে বল করেছে, খেলা সহজ ছিল।'
দলের কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করার প্রসঙ্গে লিটন আরও বলেন, 'বিপদে থাকা এক জিনিস, সুযোগ আরেক জিনিস। দল চাপে থাকলে আমার কাছে মনে হয় অপরচুনিটি। আমি এটা করতে পেরে খুশি। আমি চাই ভবিষ্যতে যেন বারবার বিপদে যখন পড়ে আমি হ্যান্ডেল করতে পারি। একটাই ভাবনা থাকে রান যেন করতে পারি। রান করলে ভালো লাগে। রানের জন্যই খেলি আরকি।'
আজ তৃতীয় দিনে দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে লিড বড় হওয়া আটকানোই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পরপর তিনটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, নৈশপ্রহরীর তথ্য অনুযায়ী গভীর রাতে একটি মোটরসাইকেলে কয়েক ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিকট শব্দ শুনে পাশের কোয়ার্টারে থাকা ব্যাংকের কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, হামলায় কোনো ব্যক্তি আহত হননি। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় ব্যাংকেরও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলস্বরূপ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ডিএফসির যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই অর্জনের ফলে দেশের জ্বালানি, প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশীয় কর্মসংস্থানও বাড়বে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
এ সময় মাহদী আমিন পলাতক রাজনৈতিক শক্তির দেশ ও বিদেশে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে কেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।"
তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। তবে সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সেই পরিস্থিতির মোকাবিলা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন গন্তব্যগুলোকে তুলে ধরার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ইউএন ট্যুরিজমের সহযোগিতা চেয়েছেন। একইসঙ্গে, সংস্থাটি বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক আয়োজন করার প্রস্তাবও দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে, মন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
মন্ত্রী বাংলাদেশের পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় সংস্থাটির মহাসচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী।
বৈঠকে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় সংস্থাটির অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
এছাড়া, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন মহাসচিব।
বৈঠকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মন্ত্রী। জবাবে, বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শাইখা আল নুয়াইস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ভালো ফল অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করাই যথেষ্ট নয়। প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, ব্যক্তিগত অর্জন, নেতৃত্বের গুণাবলি এবং ভবিষ্যৎ লক্ষ্য যথাযথভাবে উপস্থাপন করতে হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার সময় শিক্ষার্থীর সামগ্রিক যোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আবেদনকে আরো গ্রহণযোগ্য ও আকর্ষণীয় করে তুলতে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন ছয়টি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছে। সেগুলো হলো—
একাডেমিক যোগ্যতাকে গুরুত্ব দিন
বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একাডেমিক ফল অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তাই আবেদনে পূর্ববর্তী পরীক্ষার ফল, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা, সম্পন্ন করা প্রাসঙ্গিক কোর্স এবং অর্জিত সনদের তথ্য স্পষ্টভাবে তুলে ধরতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, ডিগ্রি সনদসহ প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি। কোনো পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট তথ্য ও ব্যাখ্যা প্রদান করতে হবে।
স্টেটমেন্ট অব পারপাসে নিজের গল্প তুলে ধরুন।
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এটি শুধুমাত্র নিজের যোগ্যতা জানানোর মাধ্যম নয়, বরং কেন নির্দিষ্ট বিষয়ে পড়তে চান এবং ভবিষ্যতে কী করতে চান, তা তুলে ধরার সুযোগ। এসওপিতে নিজের একাডেমিক আগ্রহ, গবেষণার অভিজ্ঞতা, সম্পন্ন করা প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন কিংবা ব্যক্তিগত উদ্যোগের কথা উল্লেখ করা যেতে পারে। নির্বাচিত বিশ্ববিদ্যালয় ও কোর্সটি কেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটিও যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। মুখস্থ বা গতানুগতিক বক্তব্যের পরিবর্তে নিজের অভিজ্ঞতা ও লক্ষ্যকে প্রাধান্য দেওয়াই শ্রেয়।
সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরুন।
শুধু শ্রেণিকক্ষের ফল নয়, পাঠ্যবইয়ের বাইরের কার্যক্রমও একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও সক্ষমতা প্রকাশ করে। খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবা, সামাজিক উদ্যোগ কিংবা উদ্যোক্তা কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা আবেদনে যুক্ত করা যেতে পারে। বিশেষ করে, এসব অভিজ্ঞতার মাধ্যমে কীভাবে নেতৃত্বের দক্ষতা অর্জন করেছেন, দলগতভাবে কাজ করেছেন কিংবা কোনো উদ্যোগ বাস্তবায়ন করেছেন, তা উদাহরণসহ তুলে ধরুন। এতে একজন শিক্ষার্থী হিসেবে আপনার সামগ্রিক সক্ষমতা সম্পর্কে ভর্তি কর্তৃপক্ষের ইতিবাচক ধারণা তৈরি হতে পারে।
কার্যকর সুপারিশপত্র সংগ্রহ করুন
বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে সুপারিশপত্র বা লেটার অব রেকমেন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণত শিক্ষক, অধ্যাপক, গবেষণা তত্ত্বাবধায়ক কিংবা পেশাগত পরামর্শকের কাছ থেকে এ ধরনের সুপারিশপত্র সংগ্রহ করা যায়। যারা আপনার একাডেমিক যোগ্যতা, কাজের দক্ষতা ও ব্যক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে জানেন, তাদের সুপারিশকারী হিসেবে নির্বাচন করা উচিত। সুপারিশপত্রে শুধু প্রশংসাসূচক বক্তব্য না রেখে আপনার নির্দিষ্ট অর্জন, দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও দক্ষতার বাস্তব উদাহরণ থাকলে তা আরো বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।
ইন্টার্নশিপ ও কাজের অভিজ্ঞতা যুক্ত করুন।
বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা আবেদনকে আরো শক্তিশালী করতে পারে। তবে স্নাতকপর্যায়ের আবেদনকারীদের জন্যও ইন্টার্নশিপ, খণ্ডকালীন চাকরি, গবেষণায় অংশগ্রহণ কিংবা মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ ধরনের অভিজ্ঞতা থেকে কী শিখেছেন, কী ধরনের দায়িত্ব পালন করেছেন এবং তা নির্বাচিত বিষয়ে উচ্চশিক্ষার সঙ্গে কীভাবে সম্পর্কিত—সেসব বিষয় জীবনবৃত্তান্ত ও আবেদনে সংক্ষেপে তুলে ধরুন।
প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন, আবেদন করুন নির্ভুলভাবে
ভর্তির আবেদনে সামান্য ভুলও কখনো গুরুত্বপূর্ণ তথ্যের অসংগতি তৈরি করতে পারে। তাই আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, এসওপি, সুপারিশপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি তৈরির সময় ভাষা, বানান, ব্যাকরণ ও বিন্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। একই সঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনের শেষ সময় এবং নথি জমা দেওয়ার নির্দিষ্ট নিয়ম ভালোভাবে যাচাই করা জরুরি। ইংরেজি যাদের মাতৃভাষা নয়, তাদের ক্ষেত্রে আইইএলটিএস, টোফেলসহ বিশ্ববিদ্যালয়-স্বীকৃত ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষায় প্রয়োজনীয় স্কোর অর্জনও গুরুত্বপূর্ণ।
শেষ কথা
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে শুধু ভালো একাডেমিক ফল নয়, বরং নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে উপস্থাপন করাও জরুরি। তাই আবেদনের শেষ মুহূর্তের অপেক্ষা না করে আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন, বিশ্ববিদ্যালয়ের শর্ত যাচাই করুন এবং প্রতিটি আবেদন যত্নসহকারে সম্পন্ন করুন। মনে রাখবেন, একটি সুসংগঠিত ও তথ্যসমৃদ্ধ আবেদন আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ