০৯:৫৯ এম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি এলাকায় নেশার টাকার দাবিতে স্ত্রীকে মারধর, চুল কেটে দেওয়া এবং দুই সন্তানসহ ঘরের ভেতর জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে নাজমুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল স্থানীয় নোয়াব আলীর ছেলে।
ভুক্তভোগী সনিয়ার অভিযোগ, স্বামী নাজমুল নিয়মিত নেশা করেন। মঙ্গলবার সকালে নেশার জন্য টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল তাকে মারধর করেন, চুল কেটে দেন এবং তিন বছর ও ১০ বছর বয়সী দুই ছেলেসহ তার হাত-পা বেঁধে ঘরের দরজা-জানালা বন্ধ করে জিম্মি করে রাখেন। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও নাজমুল একাধিকবার তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন।
আরও পড়ুন: রাঙামাটিতে পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ১১ জন আটক
অন্যদিকে, নাজমুলের দাবি, তার স্ত্রী প্রায়ই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ কারণেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নাজমুল প্রায়ই স্ত্রীকে মারধর করেন এবং পারিবারিক কলহ লেগেই থাকে। মঙ্গলবারের ঘটনার পর এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সনিয়া ও তার দুই সন্তান ঘরের ভেতর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংযুক্ত করা হবে।
আরও পড়ুন: মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন