০৭:১০ এম
লক্ষ্মীপুরের রায়পুরে একটি মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু ঘটেছে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের। শনিবার সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কামাল হোসেনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া মোস্তফা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই কামালের মৃত্যু ঘটে।
মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কামাল একটি মই নিয়ে বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি নিচে পড়ে যান।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আওয়ামী লীগকে দায়ী করছে স্থানীয় নেতাকর্মীরা
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতান খানের ছেলে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন।
চরপাতা সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমির কর্মকার বলেন, ‘মন্দিরের পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।’
রায়পুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন ভক্ত জানান, এটি একটি দুর্ঘটনা। তাঁরা এ ঘটনায় মর্মাহত এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁদের মতে, এ ঘটনায় মণ্ডপ কমিটির কোনো গাফিলতি নেই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁঞা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটিকে দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন