মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৩৪ পি.এম
খুলনা, ২৪ নভেম্বর, ২০২৬ : আগামীকাল ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস উদযাপন করা হবে। এবছর বিশ্ববিদ্যালয়টি ৩৬ বছরে পদার্পণ করছে। ১৯৯১ সালের এই দিনে সেসময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছিলেন। প্রতিবছর ২৫ নভেম্বর দিনটিকে স্মরণ করে ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়ে থাকে। এই বছর শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে বিশ্ববিদ্যালয়টি ৩৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
দীর্ঘ ৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ, মানসম্মত শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক সংযোগ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে তরুণ প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ ও প্রেরণার প্রতীক হয়ে উঠেছে। এখন এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম-এর নেতৃত্বে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণায় গতিশীলতা আনা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রশাসনিক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে।
খুবিতে দেশের প্রথমবারের মতো সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে অ্যাক্রেডিটেশনের আবেদন করা হয়েছে, স্নাতক পর্যায়ে গবেষণা অনুদান চালু করা হয়েছে এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনায় আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। এছাড়াও, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনে গুরুত্ব দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ‘খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবোরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম’-এর আওতায় গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসস’কে জানিয়েছে, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা-গবেষণার সক্ষমতা বাড়ানোর জন্য ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের তিনটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে আবাসিক হল, শ্রেণিকক্ষ ও গবেষণাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘ সাত বছর পর বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বাসস’কে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য গর্বের ও মর্যাদার বিষয়। এ অগ্রযাত্রায় যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।
দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিবসের আলোচনা সভা, কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনগুলোকে সম্মাননা প্রদান এবং স্মরণিকার মোড়ক উন্মোচন। পরে অদম্য বাংলা প্লাজায় বিভাগ ও ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন এবং আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন করা হবে।
এছাড়াও বাদ জোহর মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
24 শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের, কবরস্থানে জিয়ারত করতে যান, নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক মহানগরের নেতৃবৃন্দ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ,
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত আহবায়ক স্বেচ্ছাসেবক দলের, মোঃ জহিরুল ইসলাম হারুন, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি, মোহাম্মদ রনি মল্লিক, মাহফুজুর রহমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, যার শেষে মরহুম মমিন উল্লাহ ডেবিট এর আত্মার মাগুরাতে দোয়া কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা নতুন শ্রেণির শেয়ার ইস্যুর পরিকল্পনা স্থগিত করেছে, যা শেয়ারহোল্ডারদের করা মামলার কারণে হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের জন্য শেয়ার বিক্রির যে উদ্যোগ ছিল, সেটিও আপাতত পিছিয়ে যাচ্ছে।
সোমবার মেটা জানায়, শেয়ার পুনর্গঠন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার বিচার চলাকালীন তারা নতুন ক্লাস সি শেয়ার ইস্যু করবে না। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কোর্ট অব চ্যান্সারিতে মামলাটি দায়ের করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন শেয়ারহোল্ডার। আগামী ১৯ এপ্রিল ২০২৭ থেকে এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
মেটার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন ধরনের নন-ভোটিং বা ভোটাধিকারহীন ক্লাস সি সাধারণ শেয়ার চালু করার কথা ছিল। এর ফলে কার্যত শেয়ারের সংখ্যা দ্বিগুণ বা দুই-ফর-ওয়ান বিভাজনের মতো কাঠামো তৈরি হতো। এই ব্যবস্থার মাধ্যমে অধিগ্রহণের জন্য অর্থের জোগান এবং দক্ষ কর্মীদের ধরে রাখার ক্ষেত্রে বাড়তি সুযোগ পাওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির। একই সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ভোটাধিকার নিয়ন্ত্রণও অক্ষুণ্ন রাখার পরিকল্পনা ছিল।
এই সিদ্ধান্তের ফলে মেটার ৬০০০ কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনাতেও প্রভাব পড়েছে। বাজারে প্রচলিত শেয়ারের মাধ্যমে ধাপে ধাপে এই অর্থ সংগ্রহের কথা ছিল প্রতিষ্ঠানটির। তবে ক্লাস সি শেয়ারের লেনদেন শুরু না হওয়া পর্যন্ত ওই কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে এআই খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিপুল অর্থ বিনিয়োগ করছে মেটা। উন্নত চিপ ও ডেটা সেন্টার তৈরিতে ব্যয় বাড়ানোর পাশাপাশি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে তারা। একই সঙ্গে ভোক্তাদের জন্য এআই এজেন্ট তৈরির ক্ষেত্রেও এগিয়ে থাকার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেয়ারহোল্ডারদের মামলার কারণে নতুন শেয়ার ইস্যু স্থগিত রাখার সিদ্ধান্ত মেটার এআই বিনিয়োগের অর্থ সংগ্রহের পরিকল্পনাতেও বিলম্ব ঘটাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজপথে নেতৃত্ব দিয়ে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন উল্লেখ করেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, "জুলাইয়ে মেরে তাদের হয়নি, তারা আরও মানুষ হত্যা করতে চায়। ৫ আগস্টের পর ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু দেখছি, এদেরকে চিরতরে শেষ করে দিলে, তবেই বাংলাদেশ মুক্তি পাবে।"
তিনি আরও বলেন, গোপালগঞ্জে হাসপাতালে হামলা চালানো হয়েছে। অথচ, জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধের সময়ও হাসপাতালে আক্রমণ করা নিষেধ।
ভারত আন্তর্জাতিক সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, "ভারতে বসে শেখ হাসিনা বলছেন, ১৬ তারিখে দেশে আসবেন। বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি। আমরা কিন্তু এ জায়গায় এসেছি রাজনীতির মাধ্যমে। সেটা ভুলে গেলে চলবে না। আমাদের বহু ভাই রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন।"
ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, "সারা মাস কর্মসূচি থাকবে। আমরা রাজপথে সর্বাঙ্গে অবস্থান করে রাজপথের নেতৃত্ব দেব, হাসিনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাব।"
ইশরাক হোসেন বলেন, "মুক্তিযুদ্ধকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন করেছিলেন হাসিনা। এটি কোনো দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি ছিল না।"
তিনি বলেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় গায়ের রং শ্যামলা বলে নানা কটূক্তি শুনতে হয়েছে। অনেকেই বলেছেন, তিনি সুন্দর নন; আবার কেউ তাঁকে কুৎসিত ও মোটা বলে বিদ্রূপ করেছেন। এসব অপমান ও আত্মবিশ্বাসের সংকট পেছনে ফেলে সামিরা খান মাহি এখন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি চান, নিজের এই পথচলার মাধ্যমে বিশ্বের নারীদের আত্মবিশ্বাসী হওয়ার এবং স্বপ্নপূরণের সাহস জোগাতে।
মাহি বলেন, ‘সারা জীবন মানুষ আমার গায়ের রং নিয়ে উপহাস করেছে। বলেছে, আমি সুন্দর নই। আমাকে কুৎসিত ও মোটা বলেও বিদ্রূপ করেছে। এসব বাধা পেরিয়ে এসেছি। আমি চাই, বিশ্বের নারীরা নিজেদের ওপর বিশ্বাস রাখুক এবং প্রমাণ করুক, তাঁদেরও যেকোনো কিছু অর্জন করতে পারেন।’
সিলেটের একটি ছোট শহর থেকে উঠে আসা মাহির জন্য বাংলাদেশের গণমাধ্যমে নিজের অবস্থান তৈরি করাও সহজ ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেট থেকে এসে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা সত্যিই কঠিন। নিজের কাজ দিয়ে নিজেকে প্রমাণ করা সহজ ছিল না। তবে আন্তর্জাতিক এই মঞ্চে আসার পর বুঝতে পারছি, কতটা পথ পেরিয়ে এসেছি।’
মিস ইউনিভার্সের মঞ্চেও কিছু সীমাবদ্ধতা নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল মাহিকে। তাঁর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। অথচ প্রতিযোগিতায় অংশ নেওয়া অধিকাংশ প্রতিযোগীর উচ্চতা প্রায় ৬ ফুট। তাঁদের অনেকের গায়ের রংও ফর্সা। তবে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের স্বতন্ত্র পরিচয়কে গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি। মাহির ভাষায়, ‘তাঁদের সঙ্গে নিজেকে তুলনা করলে নিজের প্রতিই অসম্মান করা হবে। আমি যেমন, সেটাই আমার পরিচয়। আমার যা আছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে।’
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাহির যাত্রাটাও ছিল বেশ নাটকীয়। পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হওয়ার মাত্র চার দিন আগে তাঁকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি তিনি। মাহি বলেন, ‘মহড়া দেওয়ার মতো সময়ই পাইনি। মুকুট জয়ের পরপরই আমাকে যাত্রা করতে হয়েছে। এখানে পৌঁছাতে প্রায় ৩০ ঘণ্টা লেগেছে।’
দেরিতে পৌঁছানোর কারণে প্রতিযোগিতার বেশ কয়েকটি আয়োজনেও অংশ নিতে পারেননি তিনি। তবে সেখানে পৌঁছানোর পর দর্শক ও আয়োজকদের ভালোবাসা তাঁর অভিজ্ঞতাকে স্মরণীয় করে রেখেছে। মাহি বলেন, ‘এখানকার মানুষ আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। অনেক আলোকচিত্রী ছিলেন। তাঁরা বাংলাদেশ, বাংলাদেশ বলে চিৎকার করছিলেন।’
সান হুয়ানের প্রচণ্ড গরম আর একের পর এক আয়োজনের ব্যস্ততায় প্রতিযোগীদের বিশ্রামের সুযোগও কম। চুল ও সাজসজ্জার দায়িত্ব নিজেদেরই সামলাতে হচ্ছে। পাশাপাশি আলোকচিত্রের আয়োজন, দাতব্য কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নিজেদের লাগেজও বহন করতে হচ্ছে তাঁদের।
প্রতিযোগিতার একটি আয়োজনে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান প্রতিযোগীরা। শিশুদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য নিলামের আয়োজন করা হয়। এতে প্রত্যেক প্রতিযোগী নিজ দেশের একটি উপহার নিয়ে আসেন। বাংলাদেশের হয়ে মাহি বেছে নেন হাতে তৈরি গয়নার একটি সেট। কানের দুল, আংটি ও লকেটের এই সেটে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা।
এদিকে মিস ইউনিভার্সে মাহির জাতীয় পোশাকও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পোশাকটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। পোশাকটির বিশেষ আকর্ষণ মাথার ওপরের বিশাল অলংকরণ। সেখানে হাতির দাঁতের রঙের আদলে তৈরি কিছু অবয়বে দেখা যায়, মায়েরা সন্তানকে কোলে ধরে আছেন। চারপাশে রয়েছে ছোট ছোট অবয়ব ও লাল ফুলের নকশা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলার আদলে তৈরি বড় সবুজ ও সাদা পাপড়ি পুরো কাঠামোটিকে ঘিরে রেখেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার লাল রঙের বৃত্তাকার নকশা।
জাতীয় পোশাকটির শাড়ি তৈরি হয়েছে খাদি কাপড় দিয়ে। শাড়ির পাড়ে রয়েছে লাল সুতির ভাঁজ করা নকশা, ব্লকপ্রিন্ট এবং প্যাঁচানো নকশায় ফুটিয়ে তোলা শাপলার কারুকাজ। পোশাকটি তৈরি করেছেন বিশ্বজিৎ মজুমদার ও তাঁর দল। গয়না সরবরাহ করেছে ক্যানভাস।
তবে প্রতিযোগিতার জন্য পোশাকটি প্রস্তুত করা ছিল বেশ চ্যালেঞ্জের। ৮ নভেম্বর পুয়ের্তো রিকোয় পৌঁছালেও মাহির জাতীয় পোশাকটি তাঁর হাতে আসে ২২ নভেম্বর, যেদিন ছিল জাতীয় পোশাক প্রদর্শনের আয়োজন। কাঠের তৈরি বিশাল মাথার অলংকরণটি একসঙ্গে পাঠানো সম্ভব না হওয়ায় আটটি আলাদা অংশে পাঠানো হয়েছিল।
মাহি বলেন, ‘ব্যাকস্টেজে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই স্ক্রু ড্রাইভার দিয়ে নিজেকেই সবকিছু জোড়া লাগাতে হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।’
ভারী অলংকরণটির কারণে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল তাঁর। মঞ্চে ওঠার মাত্র তিন মিনিট আগে এর একটি পাশের অংশ খুলে পড়ে। মাহি বলেন, ‘হাঁটার সময় আমাকে সেটি ধরে রাখতে হয়েছিল।’
শেষ মুহূর্তের এই বিপত্তি সত্ত্বেও পোশাকটির পেছনের গল্প দর্শকদের কাছে তুলে ধরতে পেরে খুশি মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা মাতৃত্বের চক্র। একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেন, কন্যাসন্তানের জন্ম দেন, তাকে বড় করেন ও শিক্ষিত করে তোলেন। একসময় সেই মেয়েই মায়ের বয়স হলে তাঁর যত্ন নেয়।
মাহি বলেন, ‘পোশাকটির গল্প জানার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। বেশির ভাগ মানুষ কেঁদেছেন। তাঁরা আমার সঙ্গে ছবিও তুলেছেন এবং বলেছেন, পোশাকটির ভাবনা খুব অর্থবহ। ধারণাটি তাঁদের ভালো লেগেছে।’
সাঁতারের পোশাক পর্বে বিকিনির পরিবর্তে বুরকিনি বেছে নিয়েছেন মাহি। নিজের সাংস্কৃতিক পরিচয় ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাহির ভাষায়, ‘আমি বুরকিনি পরতে চেয়েছি, কারণ এটি আমার বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এতে আমি আত্মবিশ্বাসী বোধ করেছি। গর্ব নিয়েই মঞ্চে হেঁটেছি।’
সান্ধ্য পোশাক পর্বে তাঁর পরনে ছিল ধাতব রুপালি, উষ্ণ ন্যুড ও সাদা রঙের ভিয়েতনামি গাউন। প্রতিযোগিতার প্রস্তুতির জন্য হাতে সময় কম থাকায় পোশাক সংগ্রহ করতে তাঁর দলকে থাইল্যান্ডেও যেতে হয়েছিল।
তবে মাহির কাছে সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি ছিল বিশাল দর্শকপূর্ণ স্টেডিয়ামে নিজের পরিচয় দেওয়ার সময় বাংলাদেশের নাম ঘোষণা করা। তিনি বলেন, ‘সেই বিশাল স্টেডিয়ামে কয়েক হাজার নয়, কয়েক দশ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সামনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।’
প্রতিযোগিতার অনলাইন ভোটেও বাংলাদেশের অবস্থান নিয়ে আশাবাদী মাহি। তাঁর ভাষ্য, ভোটের তালিকায় বাংলাদেশ কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে রয়েছে। ভোটের সময় শেষ হওয়ার আগে দেশের মানুষের আরও বেশি অংশগ্রহণ চান তিনি। মাহি বলেন, ‘এত মানুষ আমাকে সমর্থন করছেন দেখে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। ভোট দেওয়ার জন্য এখনো এক দিন সময় আছে। আমি চাই, আরও বেশি মানুষ ভোট দিন, যাতে আমরা প্রথম স্থানে পৌঁছাতে পারি।’
মিস ইউনিভার্সের প্রচলিত প্রতিযোগিতার বাইরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছেন মাহি। সেটি জলবায়ু পরিবর্তন ও এর ফলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তৈরি হওয়া সংকট। বিশেষ করে বন্যার বিষয়টি তাঁর প্রচারণার কেন্দ্রে রয়েছে। সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যাকবলিত মানুষের দুর্ভোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।
মাহি জানান, ২০২২ সাল থেকেই বন্যা নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বন্যাদুর্গত মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তাঁকে বিষয়টি মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে অনুপ্রাণিত করেছে।
নিজের এই পথচলায় দেশের মানুষের সমর্থন ও ভালোবাসার ওপর ভরসা রাখছেন সামিরা খান মাহি। শেষ কথায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ