০৭:০৫ এম
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ক্রমাগত ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। কূটনৈতিক উদ্যোগ বৃদ্ধি পেলেও শান্তির পরিবর্তে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ইউক্রেনের পাল্টা আক্রমণের পরিধিও ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। এর ফলে ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকি সৃষ্টি হয়েছে।
গত কয়েক সপ্তাহের কূটনৈতিক তৎপরতা, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা এবং রাশিয়ার অনমনীয় অবস্থানের মধ্যেও যুদ্ধ বন্ধের জন্য কার্যকর কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে ছয় ঘণ্টাব্যাপী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে বছরের সবচেয়ে তীব্র হামলা হিসেবে উল্লেখ করেছেন। হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন এবং দেশের বিভিন্ন অঞ্চল ও রাজধানী কিয়েভের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী কের্চ সেতুতে ইউক্রেন তিনবার হামলা চালিয়েছে। বাল্টিক সাগরে রাশিয়া-সংশ্লিষ্ট একটি সামরিক পণ্যবাহী জাহাজ এবং লিবিয়ার বেনগাজি বন্দরের কাছে রুশ নৌযানে হামলা হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি আগামী মাসগুলোতে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
আরও পড়ুন: ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র
জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ২
এদিকে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। গতকাল মঙ্গলবার ভোরের এই হামলায় একটি বাড়ি ধ্বংস এবং পাঁচতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই রাতে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের লক্ষ্যবস্তুতে শত শত ড্রোন হামলা চালিয়েছে। পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ইউক্রেনে হামলার সময় একটি রুশ ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল। এর আগে পূর্ব পোল্যান্ডে তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়।
যুদ্ধে রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ বিশ্লেষণ করে দ্য গার্ডিয়ান এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ৩৬৫। ২০২৬ সালে এখন পর্যন্ত প্রায় ৩০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। যুদ্ধের চাপ, কঠোর সামরিক শৃঙ্খলা এবং বিপজ্জনক অভিযানে যেতে বাধ্য করার প্রবণতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রিয়াদের বাণিজ্যিক এলাকায় সন্ত্রাসী হামলার অভিযোগ সৌদি জোটের
জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেন যাচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ইউক্রেনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। গতকাল মঙ্গলবার তিনি ইউক্রেনের ট্রান্সকারপাথিয়া অঞ্চলে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং স্থানীয় জাতিগত হাঙ্গেরীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের পর কোনো হাঙ্গেরীয় প্রধানমন্ত্রীর ওই অঞ্চলে এটিই প্রথম আনুষ্ঠানিক সফর। সম্প্রতি সংখ্যালঘু হাঙ্গেরীয়দের অধিকার নিয়ে ইউক্রেনের আইন সংশোধনের পর দুই দেশের সম্পর্কে উন্নতি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন