০৫:৪৫ পি.এম
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এর ফলে হাসপাতালের নতুন ভবনে বিদ্যুৎ সরবরাহ প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকে। তীব্র গরমের মধ্যে আইসিইউ, মেডিসিন, আইসোলেশন ও সার্জারি ওয়ার্ডের রোগী এবং তাঁদের স্বজনদের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর দুটি বিদ্যুৎ লাইনের মধ্যে একটি বেলা ১১টার দিকে এবং অন্যটি বিকেল ৫টার দিকে সচল করা সম্ভব হয়।
সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা সাব-স্টেশনের ভেন্টিলেশনের ফ্যান খুলে ভিতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা।
আরও পড়ুন: পাবনায় শ্রমিক লীগ ও বিএনপির দুই নেতাকে গুলি করে হত্যা
সাব-স্টেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা সাব-স্টেশনে প্রবেশ করে ট্রান্সফরমার ও বড় জেনারেটরের মূল্যবান যন্ত্রাংশ এবং সব তামার ক্যাবল খুলে নিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকালে তাঁরা মেরামতের কাজ শুরু করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, ‘চোরেরা সব ক্যাবল নিয়ে গেছে। এর আগে হাসপাতাল ভবনের থাইগ্লাস, বাথরুমের কলসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ দিচ্ছি।’
এদিকে, একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে এ ধরনের চুরির ঘটনায় সেখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
ফেনী গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনিসুল হক বলেন, ‘সাব-স্টেশনটি গণপূর্ত বিভাগের অধীন হলেও এটি হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবহার করে। এর নিরাপত্তার দায়িত্বও তাদের। মূলত পর্যাপ্ত পাহারা না থাকায় এ চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’
আরও পড়ুন: ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই নয়ন চন্দ্র দাস জানান, এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার নূর নবী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন