ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মোহসেন রেজাই বলেন, ‘বিশ্বের শয়তানদের নতজানু করেছে ইরান’


মোহসেন রেজাই বলেন, ‘বিশ্বের শয়তানদের নতজানু করেছে ইরান’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একজন ঊর্ধ্বতন উপদেষ্টা মোহসেন রেজাই সংবাদে উল্লেখ করেছেন যে, ‘গর্বিত ও বিজয়ী ইরানি জাতি বিশ্বের শয়তানদের নতজানু করেছে এবং তাদের আধিপত্য চূর্ণবিচূর্ণ করে দিয়েছে’। তিনি এই মন্তব্যটি প্রতিষ্ঠা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রেক্ষিতে, যা কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পরে স্থায়ী শান্তির লক্ষ্যে। আজ শুক্রবার (১৯ জুন) এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘এই মহাকাব্য ইতিহাসে চিরকাল অক্ষয় হয়ে থাকবে।’ রেজাই আরও বলেছেন যে, ইরান ‘আমাদের শহীদ নেতার রক্তের জন্য শোকাহত এবং এই ক্ষতের জন্য প্রতিশোধ ছাড়া আর কোনো প্রলেপ নেই।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক আগ্রাসনে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিহত হয়েছিলেন। পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ আলোচনার মধ্যে ২৮ ফেব্রুয়ারি ইরানে একসঙ্গে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র শুরু হয়। প্রায় পাঁচ সপ্তাহ পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে একই সময়ে লেবাননে সংঘাত অব্যাহত থাকে। ইসরাইলের ব্যাপক বিমান হামলায় সেখানে ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গত ১১ এপ্রিল পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরল সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এরপর ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। ১৪ এপ্রিল লেবানন ও ইসরাইল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কূটনৈতিক আলোচনা শুরু করে এবং ১৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। কিন্তু হিজবুল্লাহ ওই আলোচনা থেকে দুরে থাকায় অল্প সময়ের মধ্যেই আবার সংঘর্ষ শুরু হয়। ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, এ সময় পরোক্ষ আলোচনা চলতে থাকে। ৭ জুন ইসরাইল বৈরুতে বোমা হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরদিন ইসরাইল মধ্য ও পশ্চিম ইরানে বিমান হামলা চালায়। ৯ জুন হরমুজ প্রণালীতে একটি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করে। পাল্টাপাল্টি হামলা পরবর্তী দিনও অব্যাহত থাকে। ১৪ জুন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণা দেন। গত বুধবার ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন ওই চুক্তিতে স্বাক্ষর করেন। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা শুরু করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার (১৯ জুন) সকালে এই বৈঠক বাতিলের কথা নিশ্চিত করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইতোমধ্যে ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার প্রতিনিধি দলকে যুদ্ধবিরতি চুক্তির সাথে সম্পর্কিত প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য পাঠাতে বিলম্ব করছে। এর কারণে হিসেবে লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযানের কথা উল্লেখ করা হয়েছে। গত বুধবার (১৭ জুন) স্বাক্ষরিত চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষর করেছেন। এতে লেবাননে যুদ্ধবিরতির বিষয় উল্লেখ থাকলেও ইসরাইল তা তোয়াক্কা করছে না। দক্ষিণ লেবাননে গত রাতভর ও আজ শুক্রবার সকাল পর্যন্ত চলা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। লেবাননে ইসরাইলের এই হামলার পর ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যেকোনো আলোচনা তেহরানের ‘রেড লাইনের’ মধ্যে সীমাবদ্ধ থাকবে। লেবাননে ইসরাইলের হামলা বন্ধ করা ছিল আলোচনা তেহরানের অন্যতম প্রধান দাবি। ‘যদি শত্রু অতিরিক্ত আগ্রাসী হয়, তাহলে আমরা প্রমাণ করেছি যে আমাদের আঙুল ট্রিগারে রাখা আছে এবং শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমরা কোনো দ্বিধা করব না’, বলেছেন গালিবাফ। এদিকে চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে মিশরের আলামেইন শহরে রোববার (২১ জুন) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছে কায়রো ও ইসলামাবাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সারাদেশে নিরাপত্তা সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সারাদেশে নিরাপত্তা সতর্কতা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের কাছে এ সংক্রান্ত জরুরি বার্তা পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) পাঠানো ওই বার্তায় আওয়ামী লীগের সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা প্রকাশ্যে সমাবেশের চেষ্টা হতে পারে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উত্তেজনা বা সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পাশাপাশি কর্মসূচিতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা নজরদারি জোরদার এবং মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এ নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত নির্দেশনা তারা পেয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, “বর্তমানে কোনো নির্দিষ্ট হুমকি বা বিশেষ আশঙ্কার তথ্য নেই। তবে ২৩ জুনকে সামনে রেখে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। একইসঙ্গে সামনে ১০ মহররমের আশুরাও রয়েছে, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। বর্তমানে দলটির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে রয়েছেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে এর মধ্যেও দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান ও ধরপাকড় চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না : ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না : ডা. শফিকুর রহমান

জামায়াত আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জনগণের রায়কে সম্মান করে না, তারা কখনো গণতন্ত্রপন্থি হতে পারে না। চব্বিশ হয়েছিল বলেই বাংলাদেশে ছাব্বিশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চব্বিশ না হলে বাংলাদেশে ছাব্বিশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। যাদের রক্তের বিনিময়ে আজকের সরকার ও বিরোধী দল প্রতিষ্ঠিত হয়েছে, তাদের যদি উপহাস করা হয়, তাহলে তা নিজেদের সঙ্গেই গাদ্দারির সামিল হবে।

শুক্রবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নুরুল ইসলাম বুলবুল এমপি, ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার।

ডা. শফিকুর রহমান আরো বলেন, নির্বাচনের সময় আমাদের অবস্থান ছিল সুস্পষ্ট। আমরা গণভোটের পক্ষে ছিলাম। বর্তমান সরকার তখন ‘হ্যাঁ’- এর পক্ষে ছিল না, বরং নীরবে ‘না’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে। পরে জনরোষের মুখে পড়ে তাদের নেতারা গণভোটের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছিল। কিন্তু নির্বাচনের পর গণভোটে অংশ নেওয়া ৬৭ দশমিক ৮ শতাংশ মানুষের রায়ের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

তিনি আরো বলেন, আমরা সংসদে নোটিশ দিয়ে ৬৫ বিধিতে আলোচনা করেছিলাম, যাতে গণভোট হারিয়ে না যায় এবং এর প্রতি সম্মান দেখানো হয়। যারা জনগণের রায়কে সম্মান করে না, তারা গণতন্ত্রের ধারক-বাহক হতে পারে না। এখনো সময় আছে, গণভোটের পক্ষে ফিরে আসুন এবং গণভোটের রায় বাস্তবায়ন করুন।

সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ইতোমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পরিবর্তন এবং জেলা পরিষদ ও সিটি করপোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের লোক বসানোর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে চলবে না। শেখ মুজিবুর রহমানও বাকশাল গঠন করে টিকে থাকতে পারেননি।

নারায়ণগঞ্জ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একসময় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। এটি ছিল শিল্পের রাজধানী। কিন্তু আজ নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়েছে। বরং সন্ত্রাসের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে। ত্বকী হত্যার বিচার কি মানুষ পেয়েছে? নারায়ণগঞ্জের সাত খুনের পূর্ণ বিচার কি হয়েছে? দফায় দফায় এই শহরকে শুধু লাশ উপহার দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগে অনেকে হুঙ্কার দিয়ে বলতেন, ‘খেলা হবে’। এখন তারা কার সঙ্গে খেলছেন? তারা কি এখনো নারায়ণগঞ্জে আছেন? নতুন করে নারায়ণগঞ্জে কোনো গডফাদার তৈরি হোক, আমরা তা চাই না।

সমাবেশ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের নাম ঘোষণা দেন ডা. শফিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। এরপর ৯ জুলাই তাকে নিজ শহর মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

আগে খামেনির দাফন মার্চ মাসে নির্ধারিত ছিল। কিন্তু ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ৪ জুলাই থেকে তেহরানে তিন দিনব্যাপী দাফন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই কোম নগরীতে আরেকটি অনুষ্ঠান হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তাকে মাশহাদে দাফন করা হবে।

সম্প্রতি, পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরাইলি মন্ত্রী।

গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব গ্রহণ করেন খামেনি। এর এক দশক আগে তিনি ইরানে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন।

ইরানে পাহলভি রাজতন্ত্রের পতন ঘটানো এই বিপ্লবের আদর্শিক রূপকার ছিলেন খোমেনি। অন্যদিকে, খামেনি মূলত দেশটির সামরিক ও আধা সামরিক বাহিনীর কাঠামো গড়ে তুলেছিলেন।

খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঢাকা মহানগর উত্তরের আমির

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

ক্ষমতাসীনরা রাষ্ট্র পরিচালনার শুরুতেই সংবিধান সংস্কারের শপথ না নিয়ে জুলাইয়ের ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান না, তাদের প্রকৃত চেহারা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

শুক্রবার কুমিল্লা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আ. মান্নান, ড. আবুল কালাম আজাদ বাশার। বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমির মাস্টার মোসলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত এমন একটি মানবিক নগর প্রতিষ্ঠা করতে চায় যেখানে কর্মসংস্থানের অভাবে কেউ বেকার থাকবে না এবং কেউ না খেয়ে থাকবে না। প্রত্যেক শহরকে একটি মানবিক, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে তার দল কাজ করছে।

তিনি জানান, মানবিক সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে হাজারো মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। জনগণের কল্যাণ ও সেবাকে কেন্দ্র করেই দলটির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

সকাল ৭টায় রাজধানীর উত্তরায় আয়োজিত শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত এক সমাবেশে ডিএনসিসি নির্বাচনে জনগণ জামায়াতকে দায়িত্ব দিলে নিরাপদ নগর গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, পাঁচ বছরের মধ্যে ঢাকাকে নতুন রূপে গড়ে তোলা সম্ভব। দুর্নীতিমুক্ত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপনেরও আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মেধা বিকাশ ও সুস্থ সমাজ গঠনের জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তিনি তরুণদের মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%