ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লার মেঘনায় ঝোপের দখলে নদী, দেশীয় মাছের সংকট তীব্র


কুমিল্লার মেঘনায় ঝোপের দখলে নদী, দেশীয় মাছের সংকট তীব্র

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীর বিভিন্ন স্থানে অবৈধ ঝোপ বা জাগ তৈরি করে দীর্ঘদিন ধরে দেশীয় মাছ ও মাছের পোনা নিধন করা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বছরের পর বছর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে ঝোপের সংখ্যা কমার পরিবর্তে ক্রমাগত বাড়ছে। এর ফলে দেশীয় মাছের বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে।

প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে নদীর গুরুত্বপূর্ণ অংশ দখল করে অবৈধভাবে ঝোপ তৈরি করে মাছ নিধন চালিয়ে যাচ্ছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের মধ্যে বছরের পর বছর পার হলেও এসব ঝোপের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

মেঘনা নদী ও আশপাশের শাখা নদীতে গাছের ডালপালা ও বাঁশ পুঁতে ঝোপ তৈরি করা হয়। পরে চারপাশ জাল দিয়ে ঘিরে ঝোপের ভেতরে মাছ আকর্ষণের জন্য খাদ্য দেওয়া হয়। খাবারের টানে বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা ঝোপে জড়ো হলে জাল টেনে সহজেই সেগুলো ধরে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এভাবে মাছ শিকার চললেও অবৈধ ঝোপ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, হাজারো যাত্রীর দুর্ভোগ

নদীর বিভিন্ন অংশ দখল করে ঝোপ বা জাগ স্থাপন করে মাছ ও পোনা নিধনের কারণে দেশীয় মাছের সংকট দিন দিন তীব্র হচ্ছে। এক সময় যে নদীতে সহজেই নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত, সেখানে এখন মাছ পাওয়াই কঠিন হয়ে পড়েছে।

নৌপুলিশ নিয়মিত টহল ও অভিযান চালানোর পরও ঝোপগুলো থেকে যাওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। দেশের মিঠা পানির জলাশয়ে প্রায় ২৬০ প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে ১৪৩টি ছোট প্রজাতির মাছ। মৎস্যসংশ্লিষ্ট বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, এসব মাছের উল্লেখযোগ্য একটি অংশ হুমকির মুখে রয়েছে।

মেঘনা নদীতে অবৈধ ঝোপ স্থাপন করে মাছ ও মাছের পোনা নিধনের কারণে দেশীয় নানা প্রজাতির মাছও হুমকির মুখে পড়ছে। এর মধ্যে রয়েছে বোয়াল, আইড়, রিটা, গুজি আইড়, চিতল, গজার, শোল, মহাশোল, ঘনিয়া, কালবাউশ, পাবদা, গুলশা, রাজপুঁটি, মেনি, ট্যাংরা, ফলি, শিং, গুতুম, মাগুর, বৈড়ালি, কুচিয়া, ভাগনা, খলিশা, কৈ, বাটা।

এছাড়া সরপুঁটি, ঘনিয়া, জাইতপুঁটি, পিয়ালি, বাতাসি, রানী, ঢেলা, কাকিলা, চাপিলা, চাঁদা, টাকি, বেলে, বাঁশপাতা, মলা, মৌরলা, কাচকি, চেলা, খলসে, তিতপুঁটি, পুঁটি, দারকিনা, বালিচাঁদা, রাইখর, বাঘাইড়, বাচা, বাইন, চেং, খরশুলা, শোলবাউশ, ফলুই, বাউশ, আইড়বাউশ, চিতলবাউশ, কালিবাউশ, গুতুমজাতীয় মাছ, ভাগনা মাছ ও বেলে মাছ রয়েছে।

আরও পড়ুন: চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক ও ভ্যানচালক নিহত, আহত ২

দাউদকান্দি, হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন শাখা নদীতেও অবৈধভাবে ঝোপ স্থাপনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব নদীপথে প্রায় দেড় শতাধিক ঝোপ তৈরি করা হয়েছে। কোথাও কোথাও নদীর মাঝখান পর্যন্ত ঝোপ বিস্তৃত হওয়ায় নৌযান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। ঝোপের কারণে শুধু মাছ নিধনই হচ্ছে না, নদীর স্বাভাবিক পানিপ্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।

এতে পলি জমে নদীর গভীরতা কমে যাচ্ছে। মাছের প্রজনন ও এক স্থান থেকে অন্য স্থানে চলাচলও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য ও নৌচলাচল হুমকির মুখে পড়েছে। পণ্যবাহী জাহাজ, ট্রলার এবং বালুবাহী ভলগেট চলাচলের সময় এসব ঝোপ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। এতে দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা উপজেলায় স্থানীয় সাধারণ জেলের সংখ্যা প্রায় দুই হাজার। নদীর গুরুত্বপূর্ণ অংশগুলোতে ঝোপ তৈরি করে মাছ ধরার কারণে তারা ন্যায্যভাবে মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে অভিযোগ করেও অনেক সময় প্রতিকার মিলছে না। বড় মাছগুলো প্রভাবশালী ব্যক্তিদের জালে উঠছে এবং এর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। নৌপুলিশ নদীপথে নিয়মিত টহল দিলেও এসব অবৈধ ঝোপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিনের পর দিন ঝোপগুলো টিকে থাকছে এবং সাধারণ জেলেরা নদীতে মাছ ধরার সুযোগ হারাচ্ছেন।

নৌপথে নিয়মিত নজরদারি থাকা সত্ত্বেও নদীর মাঝখানে কীভাবে এত ঝোপ তৈরি হচ্ছে, সেটিই তাদের প্রশ্ন। এসব ঝোপ কারা তৈরি করছে, কারা এর মাধ্যমে মাছ নিধন করছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা

মেঘনা উপজেলার গুনবতী এলাকার প্রবীণ জেলে আমির হোসেন বলেন, আগে এই নদীতেই চিতল, বোয়াল, পাবদা ধরে বাড়ি ফিরলে বাচ্চারা খুশি হতো। এখন সারাদিন নৌকা বেয়ে শুধু পানি দেখা যায়। মাছ তেমন ওঠে না।

মেঘনা উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী বলেন, আমরা খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে ব্যবস্থা নেওয়া হবে।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ওসি সৈয়দ মোশারফ হোসেন বলেন, অবৈধ ঝোপ নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ পর্যন্ত মৎস্য আইনে ২৭টি মামলা করেছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলে খুব শিগগিরই অবৈধ ঝোপের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধ ঝোপ থাকার পরও সেগুলো পুরোপুরি উচ্ছেদ করা হচ্ছে না কেন। মৎস্য বিভাগে স্থায়ী কর্মকর্তা না থাকা, প্রয়োজনীয় জনবল, বাজেট ও নৌযানের সংকটকে প্রশাসনের পক্ষ থেকে সীমাবদ্ধতা হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও নদীতে অবৈধ ঝোপ তৈরি বন্ধ হয়নি, বরং দীর্ঘদিন ধরে সেগুলো টিকে রয়েছে। ফলে ‘খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে’ এমন আশ্বাসের মধ্যেই বছর পার হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮ বছর বয়সী তরুণীর প্রাণ গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ ওসমান হাদিকে ছাড়াই ঝালকাঠিতে বন্ধুদের পুনর্মিলনী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


শহীদ ওসমান হাদিকে ছাড়াই ঝালকাঠিতে বন্ধুদের পুনর্মিলনী

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ছাড়া তার প্রিয় ক্যাম্পাস ঝালকাঠি এন এস কামিল মাদরাসার বন্ধুরা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী ঝালকাঠি পৌরসভার প্রস্তাবিত ধানসিঁড়ি ইকোপার্কে ২০০৭-২০০৯ (দাখিল-আলিম) ব্যাচের বন্ধুরা এই মিলনমেলায় অংশগ্রহণ করেন।

পঞ্চনদীর মোহনায় দাঁড়িয়ে উপস্থিত সকল বন্ধু দিনের শুরুতেই শহীদ শরিফ ওসমান বিন হাদির জন্য মরণোত্তর সম্মাননা ক্রেস্ট সম্মিলিতভাবে উন্মোচন করেন।

ওসমান হাদির দাখিল/এসএসসি-২০০৭ ও আলিম/এইচএসসি-২০০৯ ব্যাচ এবছর ১৯তম পুনর্মিলনীর আয়োজন করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত পুনর্মিলনীতে তার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ 'লাভায় লাল শাক পূবের আকাশ' নিয়ে শেষবার সীমান্ত শরীফ (ওসমান হাদি) অংশগ্রহণ করেছিলেন বলে স্মৃতিচারণ করেন তার বন্ধুরা।

আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে শহীদ হওয়া বিন হাদি হত্যার বিচার চেয়েছেন সকল বন্ধু। গ্রুপ ছবির ব্যানারে লেখা ছিলো 'জাস্টিস ফর হাদি'।

বন্ধুদের আয়োজনে বরাবরের মতো এবারও দিনব্যাপী ইভেন্টের অংশ হিসেবে খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব, র‌্যাফেল ড্র, ভোজ উৎসব, নামাজ ও দুআ-মোনাজাতের আয়োজন ছিলো। দিনব্যাপী আয়োজনে পঞ্চনদীর মোহনায় সবুজ চত্বরের চৌকোনা রঙিন প্যান্ডেল যেন ক্যাম্পাস জীবনের স্মৃতির রোমন্থন আর এক টুকরো আবেগের ডাকঘরে পরিণত হয়েছিল। সব এনএসিয়ান সূর্যের তাপ গায়ে মেখে সম্মিলিত কণ্ঠে উচ্চারণ করেছে 'জাস্টিস ফর হাদি'।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, হাজারো যাত্রীর দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, হাজারো যাত্রীর দুর্ভোগ

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে লকডাউন কর্মসূচির সফল বাস্তবায়নের উদ্দেশ্যে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা রোববার ভোরের দিকে মহাসড়ক অবরোধ করেন।

শনিবার গভীর রাত থেকে টেকেরহাট বন্দরের মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন লাগানো এবং বড় বড় গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের এই অংশে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টেকেরহাট বন্দরে সড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রীকে দীর্ঘ সময় ধরে সড়কে অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কোনো ধরনের যানবাহন এবং মালামালের ক্ষয়ক্ষতি না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেকেরহাট বন্দরে অবস্থান এবং সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


সংশোধিত বাজেটে ব্যয়ের অঙ্ক বাড়ছে

ধারা ভেঙে এবার সংশোধিত বাজেটের আকার বৃদ্ধি পাচ্ছে, যা যুগ যুগ ধরে চলে আসা একটি পরিবর্তন। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতের প্রায় সব অর্থবছরের সংশোধিত বাজেটে মূল বাজেটকে ছোট করা হলেও চলতি অর্থবছরে নতুন কিছু ঘটতে যাচ্ছে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার মূল বাজেটের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্বাভাবিক ভর্তুকির চাপ সরকারের বাজেটের হিসাব-নিকাশে নতুন জটিলতা তৈরি করেছে। নতুন বেতন কাঠামো, নতুন প্রকল্প ও কর্মসূচিতে বাড়তি ব্যয়ের খাত তৈরি হচ্ছে, পাশাপাশি বিদেশি ঋণ পরিশোধের জন্য সরকারকে বাড়তি ব্যয় করতে হচ্ছে। ফলে সরকারের ব্যয় কাঠামোয় বড় পরিবর্তন আনতে হচ্ছে। এই কারণে আগের ধারা থেকে বেরিয়ে এসে সংশোধিত বাজেটের আকার বাড়াতে হচ্ছে।

অর্থ বিভাগের সূত্র জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং সংশোধিত বাজেটের আকার নির্ধারণে আর্থিক, মুদ্রা ও বিনিময় হারসংক্রান্ত সমন্বয় কমিটির সভা আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বাজেট বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত বরাদ্দের দাবি এবং সামগ্রিক আর্থিক ও মুদ্রানীতির পরিস্থিতি পর্যালোচনা করা হবে। আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা নিয়েও আলোচনা হবে। বৈঠকে সংশোধিত বাজেটের কাঠামো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, জ্বালানিতে অতিরিক্ত ভর্তুকির পাশাপাশি সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ব্যয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অর্থের চাহিদাও বাজেটের ওপর চাপ বাড়াচ্ছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং জ্বালানি পরিবহনে নতুন করে বিঘ্ন সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরো বাড়তে পারে। বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে উদ্বেগের কারণে পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে। এর ফলে এলএনজি আমদানি, বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সরবরাহে সরকারের ভর্তুকি ব্যয় বৃদ্ধি পেতে পারে।

অর্থ বিভাগের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের মূল বাজেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকি বাবদ ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়েই এ খাতে ১,৯৩০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অর্থাৎ মূল বরাদ্দের তুলনায় ইতোমধ্যে ১,৩৩০ কোটি টাকা বেশি অর্থ ছাড় করতে হয়েছে।

বিদ্যুৎ খাতে একই ধরনের চাপ দেখা যাচ্ছে। পুরো অর্থবছরের জন্য এ খাতে ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হলেও সাড়ে পাঁচ মাসে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার ১০০ কোটি টাকা। অর্থাৎ বার্ষিক বরাদ্দের অর্ধেকেরও বেশি অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গেছে।

কৃষি খাতেও ভর্তুকি ব্যয় দ্রুত বাড়ছে। চলতি অর্থবছরে এ খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ব্যয় হয়েছে ১২ হাজার ৪০০ কোটি টাকা। অর্থাৎ অর্থবছরের প্রথম সাড়ে পাঁচ মাসে এ খাতের মোট বরাদ্দের প্রায় ৭৩ শতাংশ ব্যয় হয়েছে।

নতুন সরকারের ব্যয় এক লাফে বেড়ে গেছে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর কারণে, যেখানে বেতন বাড়ানো হয়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়িত হয়েছে। এর চাহিদা মেটাতে সরকারকে নতুন করে অর্থের সংস্থান করতে হতে পারে, যা বাজেট ঘাটতি ও সরকারের ঋণগ্রহণের প্রয়োজনীয়তা বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন নতুন প্রকল্প নিচ্ছে। নতুন প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। গত ৯ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৭৮টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় এক লাখ ৮৯ হাজার কোটি টাকা। নতুন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি প্রকল্পে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে। প্রকল্পগুলো হলোÑমেট্রোরেল লাইন-৫ (গাবতলী থেকে দাসেরকান্দি), ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা; পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প, ব্যয় ৪১ হাজার ৯০ কোটি টাকা; পদ্মা ব্যারাজ প্রকল্প, ব্যয় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা; উপজেলা-ইউনিয়নে দীর্ঘ সেতু নির্মাণ, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা; সিলেট-সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যয় ৫,১০৬ কোটি টাকা।

বর্তমান রাজনৈতিক সরকারের প্রথম বাজেট হওয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ছাড়ের চাহিদা বেশি। ফলে এবার বাজেটের আকার কমানোর সুযোগ নেই বললেই চলে। বরং কিছু মন্ত্রণালয় অতিরিক্ত বরাদ্দ চাইতে পারে।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারকে কৌশলগত ও কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সম্ভাবনা কম, অন্যদিকে বিভিন্ন খাতে ব্যয় ও অতিরিক্ত বরাদ্দের চাপ বাড়ছে। তাই অপ্রয়োজনীয় এবং সময়-সংবেদনশীল নয়Ñএমন খাতে ব্যয় কমাতে হবে।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে ব্যয় কমানোর সুযোগ কম। কারণ ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং পণ্য ও মানুষের চলাচল সরাসরি জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল। অতিরিক্ত সংকোচন অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০২৫-২৬ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা সামান্য কমিয়ে সাত লাখ ৮৮ হাজার কোটি টাকা করা হয়। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেট ছিল সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা কমিয়ে সাত লাখ ৪৪ হাজার কোটি টাকায় নামানো হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল সাত লাখ ৬১ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা কমিয়ে সাত লাখ ১৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ছিল ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ছয় লাখ ৬০ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। ২০২১-২২ অর্থবছরে বাজেটের আকার ছিল ছয় লাখ তিন হাজার কোটি টাকা, সংশোধিত বাজেটে তা কমিয়ে পাঁচ লাখ ৯৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


জাতিসংঘে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার উদ্দেশ্যে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে বাংলাদেশ যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সাথে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এই অঙ্গীকার করেন।

বৈঠককালে উভয় মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।

খলিলুর রহমান বৈঠকে প্রতিশ্রুতি দেন যে, গণনৃশংসতার সঙ্গে সম্পর্কিত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-মেক্সিকান উদ্যোগে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেবে।

এই উদ্যোগের উদ্দেশ্য হলো জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার মুহূর্তে নিরাপত্তা পরিষদ যাতে অচল বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে না পড়ে, সেই লক্ষ্যে বড় ধরনের নৃশংসতার ঘটনার সময়ে স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম বজায় রাখা।

মন্ত্রীদ্বয় উদ্যোগটিকে এগিয়ে নিতে এবং ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টাকে কীভাবে সমন্বিত করা যায়, সে বিষয়েও আলোচনা করেন।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা (ইম্পিউনিটি) রোধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আলোচনাগুলোতে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে উভয় দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও প্রকাশ করেছে। সূত্র বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%