০২:০০ এম
লোহিত সাগরে জাহাজের ওপর টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা একই সঙ্গে জানান, জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ সম্পূর্ণ বিনামূল্যে চলাচল করতে পারবে।
শনিবার (১ আগস্ট) প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলে নজরদারি করা হুথি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের (এইচওসিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তাদের ট্রানজিট সেবাটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং বিনামূল্যে প্রদান করা হচ্ছে। একইসঙ্গে জলপথটি দিয়ে যাতায়াতে কেউ টাকা দাবি করলে, তারা ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না বলে সতর্ক করা হয়েছে। এসময়, অননুমোদিত কেউ বা সংস্থাকে টাকা বা তথ্য শেয়ার করতে শিপিং কোম্পানিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এর আগে ২৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদনটিতে বলা হয়, বাব-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের চিন্তা করছে ইরান-পন্থি হুথিরা। এক সপ্তাহ আগেই হুথিরা সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করেছিল।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
এই প্রেক্ষাপটে রয়টার্সের সূত্রগুলো জানায়, জুলাই মাসের প্রথমে তেহরান সফরে হুথি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। টোল আদায়ের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করতেও ইরানের উপদেষ্টারা হুথিদের সহায়তা করছেন বলে খবর প্রকাশিত হয়।
এছাড়া, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে সৌদি আরব তাদের তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব-এল-মান্দেব ব্যবহার করে আসছে। ফলে প্রণালিটিতে কোনো শুল্ক আরোপ হলে সবচেয়ে বড় ক্ষতি রিয়াদেই হবে বলে বিশ্লেষকরা মনে করেন। এজন্য হুথিদের এমন হুমকির মুখে লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে সৌদি আরব ১৪টি দেশের সমন্বয়ে একটি নতুন নৌ-জোট গঠন করেছে।
এই প্রণালি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এই প্রণালিতে টোল আরোপের পদক্ষেপটি মূলত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কর আদায়ের ইরানি প্রচেষ্টার প্রতিফলন বলে ধারণা করা হয়।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন