ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কলম্বিয়ার নতুন ডানপন্থী সরকারের প্রথম দিনেই বোমা হামলা, নিহত পুলিশ কর্মকর্তা


কলম্বিয়ার নতুন ডানপন্থী সরকারের প্রথম দিনেই বোমা হামলা, নিহত পুলিশ কর্মকর্তা

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার দায়িত্ব গ্রহণের প্রথম দিন শনিবার দেশে বিভিন্ন স্থানে ঘটে দুটি বোমা হামলা। এই হামলার ফলে অন্তত এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং বেশ কজন আহত হয়েছেন।

এই খবর প্রতিবেদন করেছে বার্তা সংস্থা এএফপি।

কট্টর ডানপন্থী নেতা আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালি-তে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে নির্বাচনী প্রচারে তিনি ‘কোনো ধরনের সমঝোতা ছাড়াই মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই’ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন: হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

কলম্বিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোরে ফার্ক গেরিলা গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীরা বিস্ফোরক ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কালির কাছে একটি মহাসড়কের টোল বুথ ধ্বংস করে ফেলে। এই ঘটনায় দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন।

সান্তান্দের দে কিলিচাও পৌরসভার পান-আমেরিকান মহাসড়কের ওই টোল বুথটি তখন নির্মাণাধীন অবস্থায় ছিল। এই অঞ্চলে কলম্বিয়ার সবচেয়ে কাক্সিক্ষত গেরিলা কমান্ডার ইভান মোরোদিসকোর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে।

মোরোদিসকো এমন একটি গেরিলা গোষ্ঠীর নেতা, যারা ২০১৬ সালে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে এবং সশস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দে লা এসপ্রিয়েলা বোমা হামলার তীব্র নিন্দা জানান। তিনি এক্স-এ প্রকাশিত ওই পোস্টে বলেন, ‘দেশের অবকাঠামোর ওপর হামলা মানে দেশের অগ্রগতির ওপর হামলা।’

আরও পড়ুন: সমুদ্রের তলদেশে স্থাপিত ডেটা সেন্টারের পেটেন্টের ৮০ ভাগই চীনের

তিনি আরও বলেন, ‘যারা এর জন্য দায়ী, তাদের উদ্দেশে আমি স্পষ্ট বার্তা দিচ্ছিÑ তাদের জন্য কোনো আশ্রয়, কোনো ছাড় এবং কোনো দায়মুক্তি থাকবে না।’

প্রায় ১ হাজার কিলোমিটার দূরে, দেশের উত্তরাঞ্চলীয় সেসার বিভাগে শনিবার ভোরে আরেকটি বোমা হামলার ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিস্ফোরক বহনকারী একটি ড্রোন পুলিশ স্টেশনে আঘাত হানলে ওই কর্মকর্তা নিহত হন।

হামলার সঙ্গে কাদের জড়িত তা এখনো শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে, প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, যারা এর জন্য দায়ী, তারা ‘শাস্তি এড়াতে পারবে না।’

নতুন রাজনৈতিক নেতৃত্বে আসা দে লা এসপ্রিয়েলা তাঁর কঠোর এবং সংঘাতমুখী অবস্থানের জন্য পরিচিত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের প্রতি তার প্রশংসা প্রকাশ করেছেন। এসময় কলম্বিয়ায় সক্রিয় গেরিলা এবং মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর কঠোর বিরোধিতার মুখে পড়তে হচ্ছে তাঁর।

আরও পড়ুন: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা-জনবল-যন্ত্রপাতি সংকটে চরম ভোগান্তি

বুকেলের মতো বড় আকারের কারাগার নির্মাণ এবং কলম্বিয়ায় সক্রিয় গেরিলা ও মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন দে লা এসপ্রিয়েলা। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থন নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।

দেশটিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সময়েও তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের এক দশক পরেও কলম্বিয়ার বিভিন্ন এলাকায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ রয়েছে। এসব গোষ্ঠী বিশ্বের অন্যতম প্রধান কোকেন উৎপাদন ও পাচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টোল বুথের পাশের এলাকায় বসবাসকারী দমকলকর্মী রবার্তো সান্দোভাল এএফপিকে জানান, বোমা হামলার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তিনি মন্তব্য করেন, ‘আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ এবং সবাই চিন্তিত।’

আরও পড়ুন: ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক

এলাকার অন্য একটি বাড়িতে বিস্ফোরণের ফলে জানালার কাচ ভেঙে ৬৮ বছর বয়সী গৃহিণী সোনিয়া জাপাতার বিছানার ওপর ছড়িয়ে পড়েছে। তিনি জানান, ‘আমি খুবই উদ্বিগ্ন, খুব ভয় লাগছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি, ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত শনিবার অভিযোগ করেছে যে, হরমুজ প্রণালীতে তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির একটি ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে।

এদিকে, এই গুরুত্বপূর্ণ নৌপথ পরিচালনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে উভয় দেশই ইঙ্গিত দিয়েছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ইরান কার্যত হরমুজ প্রণালীর ওপর অবরোধ আরোপ করেছে এবং এই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে চলাচলের জন্য ফি বা টোল আদায় করতে চায়। ইরান নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করছেÑএমন অভিযোগে দেশটি বেশ কয়েকটি জাহাজে বারবার হামলাও চালিয়েছে।

হরমুজ প্রণালীতে ইরানের কোনো ধরনের জাহাজ চলাচল ফি আরোপের তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে জুনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে হওয়া একটি চুক্তিতে হরমুজ প্রণালীর ‘ভবিষ্যৎ পরিচালনা ব্যবস্থা’ নিয়ে উপকূলীয় দেশ ওমানের সঙ্গে আলোচনা করে সমঝোতার এই সুযোগ তেহরানকে দেওয়া হয়েছে।

যুদ্ধ শুরুর আগে যে প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচল করতেন, সেখানে একের পর এক হামলার কারণে এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর মধ্যস্থতাকারীরা উভয় পক্ষকে জুনের সমঝোতার শর্তে ফিরে আসার আহ্বান জানিয়ে আসছেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় এডিএনওসি (আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি)-এর একটি ট্যাংকারকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে চালানো ইরানের হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে যে, হামলায় কেউ হতাহত হয়নি।

পরে শনিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালীতে ওমানের উপকূলের কাছে একটি জাহাজে কোনো একটি বস্তু আঘাত হানলে আগুন ধরে যায়। পরে আগুন নেভানো হয় এবং এতে কেউ হতাহত হয়নি। তবে ইউকেএমটিও যে জাহাজটির কথা বলেছে, সেটিই একই জাহাজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার এডিএনওসি এক বিবৃতিতে জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই তিনটি জাহাজে হামলা হয়েছে বলে জানানো হয়।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ‘বারবার হামলার’ নিন্দা জানালেও এ ঘটনায় ইরানের নাম উল্লেখ করেনি।

মন্ত্রণালয় আরও জানাচ্ছে, ‘হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগিয়ে চলেছে।’ একই সঙ্গে আলোচনার অগ্রগতি যাতে বাধাগ্রস্ত না হয়, এ জন্য এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের পূর্বের চুক্তিটিÑযেটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা পরিচালনা করার ভিত্তি হিসেবে কাজ করার কথা ছিলÑতাতে বলা হয়েছিল যে, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করবে এবং তা ‘প্রযোজ্য আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ হবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের নৌপথে সাধারণত চলাচলের জন্য ফি বা টোল আরোপের সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকার ভরাডোবায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত নিয়ে জনদুর্ভোগ,কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ভালুকার ভরাডোবায় হিজড়া সম্প্রদায়ের উৎপাত নিয়ে জনদুর্ভোগ,কর্মসংস্থানের দাবি এলাকাবাসীর

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় সড়কে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের অর্থ আদায়ের কারণে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ,ব্যস্ত সড়কে পথচারীদের রাস্তা পারাপার এবং যানবাহনে ওঠা-নামার সময় অর্থ আদায়ের জন্য গাড়ির কাছে গিয়ে দাঁড়ানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে অনেক সময় যাত্রী ও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।

স্থানীয়দের দাবি,অতীতে এ ধরনের পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনায় সাধারণ পথচারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে ভরাডোবা এলাকায় বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণে এনে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী ভালুকার সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন,হিজড়া সম্প্রদায়ের সদস্যদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখে তাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা করা হলে একদিকে যেমন তাদের জীবিকার সুযোগ সৃষ্টি হবে,অন্যদিকে সড়কে অর্থ আদায়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগও কমবে।

জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভরাডোবার স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, বিল-রিচার্জে মিলবে ডিজিটাল ঋণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর, বিল-রিচার্জে মিলবে ডিজিটাল ঋণ

সংসারের ছোটখাটো জরুরি খরচের জন্য বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, পানি কিংবা মোবাইল ফোনের বিল পরিশোধ বা প্রয়োজনীয় রিচার্জের জন্য ডিজিটাল ঋণ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন এই ব্যবস্থায় মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ঋণ নেওয়ার পর গ্রাহকদেরকে ৩০ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে হবে।

এছাড়া, এই ঋণের ওপর কোনো সুদ আরোপ করা হবে না, যা একটি বড় সুখবর। তবে, ঋণের পরিমাণ অনুযায়ী ব্যাংকগুলোর জন্য নির্দিষ্ট হারে সেবামূল্য নেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন খসড়া নীতিমালায় এই ডিজিটাল ঋণ চালুর কথা উল্লেখ করা হয়েছে। জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার জন্য খসড়াটি প্রকাশ করা হয়েছে। মতামত এবং পরামর্শ পর্যালোচনা শেষে চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ ধরনের ব্যবস্থা দেশের নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে। এটি বড় অঙ্কের ভোগ্যঋণ নয়, বরং দৈনন্দিন জীবনের খুব ছোট ও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটানোর জন্য একটি স্বল্পমেয়াদি ঋণব্যবস্থা। ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা বা ব্যাংক থেকে প্রচলিত ঋণ নেওয়ার সুযোগ না পাওয়া অনেক মানুষও এর আওতায় আসতে পারেন।

খসড়া নীতিমালায় ঋণের পরিমাণ সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঋণের অঙ্ক যত বাড়বে, নির্ধারিত সেবামূল্যও তত বাড়বে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা, ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ১৫ টাকা, ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত ২৫ টাকা, ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ৩৫ টাকা, এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০ টাকা সেবামূল্য ব্যাংকগুলো নিতে পারবে। এর বাইরে কোনো সুদ বা অতিরিক্ত চার্জ নেওয়ার সুযোগ থাকবে না।

তবে, ঋণ নিলে গ্রাহকদেরকে ৩০ দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে।

নতুন ব্যবস্থায় ঋণ নিতে গ্রাহকদেরকে ব্যাংকের শাখায় গিয়ে কাগজপত্র জমা দিতে হবে না। কারণ পুরো প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

কাগজে স্বাক্ষরের পরিবর্তে গ্রাহকের বায়োমেট্রিক পরিচয় যাচাই এবং ডিজিটাল সম্মতি নেওয়া হবে। অর্থাৎ গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পর ডিজিটাল ব্যবস্থার মাধ্যমেই ঋণের আবেদন, অনুমোদন, অর্থ ছাড় এবং পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

অবশ্য, নতুন এই সুবিধা এখনই চালু হচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বর্তমানে খসড়া নীতিমালা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিচ্ছে। মতামত ও পরামর্শ পর্যালোচনার পর চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

চূড়ান্ত নীতিমালায় ঋণ দেওয়ার যোগ্যতা, গ্রাহকের সীমা, ঋণ পরিশোধের পদ্ধতি, তথ্য সংরক্ষণ, গ্রাহক সুরক্ষা এবং ঋণ খেলাপি হলে করণীয়সহ বিভিন্ন বিষয় আরও স্পষ্ট হতে পারে।

সবকিছু ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ক্ষুদ্র অঙ্কের জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ এক ডিজিটাল সেবা হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পালানোর সময় পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, উদ্ধারে ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


পালানোর সময় পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, উদ্ধারে ফায়ার সার্ভিস

ফেনী শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে ছয়তলা ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকা পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

শনিবার (৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ছাত্রীটি ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হিসেবে পরিচিত।

পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়াশোনার প্রতি এই ছাত্রীর অনীহা ছিল। এর আগে সে একবার মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে গিয়েছিল। শনিবার সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় দিয়ে যান। কিছু সময় পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে, মাদ্রাসার পাঁচতলার একটি জানালার পাশে সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। সেখানে সে আটকা পড়েছিল। বিষয়টি জানার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার সময় ওই ছাত্রী পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। কার্নিশে অবস্থান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে বেলা ২টার দিকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

মাদ্রাসার মুহতামিম জানান, ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। পড়াশোনার প্রতি অনীহা থাকার কারণে এর আগে সে কয়েকবার বাড়িতে চলে গিয়েছিল। শনিবার (৮ আগস্ট) আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর পালানোর চেষ্টা করলে কার্নিশে আটকা পড়ে। ঘটনার পরপরই তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক মোতাহের হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে ছাত্রীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর সাথে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%