বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৩ পি.এম
দেশব্যাপী গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ক্ষতিসাধনের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পৃথকভাবে এই কর্মসূচিগুলি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এ সময় তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্লাহ, জহিরুল ইসলাম জহির, মহিন উদ্দিন মহিন, সাখাওয়াত হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন খান সাধন, হারুনুর রসিদ, হোসেন শহীদ সরওয়ার্দী, ইউসুফ মজুমদার, খোরশেদ, সেলিম চৌধুরী, সানজিদ কামাল, জাফর উল্লাহ খান, ইকরামুল হক সোহাগ, আহছান হাবিব ভূঁইয়া ও ফখরুল ইসলাম রুবেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : বিদেশি উত্স থেকে ছড়ানো দেশবিরোধী অসত্য তথ্য, বিভ্রান্তিকর অপপ্রচার ও গুজব প্রতিরোধের জন্য তথ্য অধিদফতর (পিআইডি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার শনাক্ত করার লক্ষ্যে বিভিন্ন বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
আজ জাতীয় সংসদে মাদারীপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য আনিছুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী জানান, এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি অপপ্রচার এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ঝুঁকি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও পর্যালোচনার জন্য তথ্য অধিদফতরে একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, কমিটির নিবিড় পর্যবেক্ষণে যদি কোনো ডিপফেক বা ভুয়া কনটেন্ট শনাক্ত হয়, তবে তাৎক্ষণিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরে গণমাধ্যমে সরকারি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।
এছাড়া, ডিপফেক ভিডিও শনাক্তের উপায় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য বিশেষ সচেতনতামূলক ফিচার প্রস্তুত করা হয়েছে, যা দেশের মূলধারার সংবাদপত্রগুলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, তথ্য অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিত সঠিক তথ্য এবং এআই-সংক্রান্ত ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
পাশাপাশি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসন মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি প্রদান করেনি। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর নলডাঙ্গা সরকারি ভূষণ হাইস্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।
একই সময়ে একই স্থানে উপজেলা বিএনপি মাদকবিরোধী সমাবেশ আহ্বান করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নু আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
বুধবার (১১ নভেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা জামাত ইসলামী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে জেলা প্রশাসন আয়োজকদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, কালিগঞ্জ সরকারি ভূষণ হাই স্কুল মাঠে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহাসমারোহের সাথে বৌদ্ধদের পবিত্র শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। সকালে সংঘদান ও অস্টপরিস্কার দানের আয়োজন করা হয়। প্রয়াত পন্ডিত শান্তপদ মহাথেরো এবং ১৩তম সংঘরাজ একুশে পদকে ভূষিত ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরোর নির্বাণ শান্তি কামনায় পূন্যদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো, প্রধান জ্ঞাতি শাসনাশ্রী মহাথেরো। প্রধান আলোচক ছিলেন ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, আলোচক হিসেবে ছিলেন এম বোধিমিত্র ভিক্ষু ও আলোকাবংশ থেরো। পঞ্চশীল প্রার্থনা করেন লোকনাথ বড়ুয়া। সুব্রত বড়ুয়া বন্ধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ সনৎ কুমার বড়ুয়া।
বিকাল বেলায় চীবর দানানুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত বিনয়পাল মহাথেরো। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শাসনানন্দ মহাথেরো। প্রধান অতিথি ছিলেন ড, জ্ঞানরত্ন মহাথেরো। প্রধান স্বধর্ম দেশক ছিলেন ড, দেবপ্রিয় মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন ভদন্ত সুমন জ্যোতি মহাথেরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বোধীশ্রী মহাথেরো, বিরিয়বংশ মহাথেরো, শান্তদর্শী মহাথেরো এবং জি নিরোধানন্দ ভিক্ষু প্রমূখ। সুজন বড়ুয়া মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন লায়ন অনুপম বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন জয়দত্ত বড়ুয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে, অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে, বাংলাদেশের সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন।
সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুন নেসা সিদ্দিকার এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬’ চূড়ান্ত করা হয়েছে। এতে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক শর্ত সংযোজন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার অভ্যন্তরীণ গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, নতুন উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) আওতায় সমুদ্রসীমার ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য গত ২৪ মে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানি নির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে, মন্ত্রী স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নগদ সহায়তা বা ভর্তুকি প্রদানের জন্য সরকার সরাসরি গ্যাস বা জ্বালানি তেলের দাম বাড়ায় না।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয়, সরবরাহ ব্যয় ও বিতরণ খরচ বিবেচনায় নিয়ে সরকার গ্যাস ও জ্বালানির মূল্য নির্ধারণ করে।
মন্ত্রী আরও বলেন, প্রয়োজন অনুযায়ী ভর্তুকি ও মূল্য সমন্বয়ের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ এবং দেশের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে সরকার।
তিনি জানান, জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ভর্তুকির মাধ্যমে নিম্ন আয়ের এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হচ্ছে।
মন্ত্রী বলেন, একটি খাতে নির্বিচারে দাম বাড়িয়ে অন্য খাতে ভর্তুকি দেওয়ার পরিবর্তে প্রকৃত উপকারভোগীদের কাছে লক্ষ্যভিত্তিক ও স্বচ্ছ সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের নীতিগত লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ