ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে হত্যা: ট্রাকচালক গ্রেপ্তার


পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতাকে হত্যা: ট্রাকচালক গ্রেপ্তার

পিরোজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. মাজহারুল ইসলাম (২৫) নামে এক ট্রাকচালককে, যিনি বিএনপি নেতা ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত। এই গ্রেপ্তারটি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ বরিশাল কর্তৃক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টায় এসআরবি-৮ (বরিশাল) এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার সাথী আক্তার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি জানায়, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: জামায়াতের বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ৩০ নেতাকর্মী

এসআরবি জানিয়েছে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শকসহ স্থানীয় এক বিএনপি নেতা নিহত ও ২ পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে ঘাতক ট্রাক চালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করেন এসআরবি -৮, সিপিএসসি, বরিশাল এবং এসআরবি-১, সিপিসি-৩, গাজীপুর এর যৌথ আভিযানিক দল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার এস আই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, পিএসআই (নিরস্ত্র) জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রিকালীন ডিউটি পালনকালে ৩ আসামিসহ থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের মেইন গেটের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে ২ ব্যক্তিকে তল্লাশিকালে কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।

এ সময় আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে পুলিশ দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দিলে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন।

আরও পড়ুন: দেবিদ্বারে বাগমারা ইসলামী আলিম মাদ্রাসার ২১ পরীক্ষার্থী ফেল

পরে ট্রাক চালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এস আই মো. মিজানুর রহমান ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫শ’ গজ সামনে টেনে নিয়ে পালিয়ে যায়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আনুমানিক সকাল ৬টা ৪৭ মিনিটে এস আই মো. মিজানুর রহমানও মারা যান।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-১, সিপিসি-৩ এবং এসআরবি-৮, সিপিএসসি, বরিশাল-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং অবশেষে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: মজিদবাড়িয়া কলেজে ৮ শিক্ষক, একমাত্র পরীক্ষার্থী ফেল-পাসের হার শূন্য

গ্রেপ্তার চালকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের প্রস্তাবিত বিজয় তোরণ নির্মাণে জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে মার্কিন বিচারকের আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


ট্রাম্পের প্রস্তাবিত বিজয় তোরণ নির্মাণে জাতীয় নিরাপত্তার যুক্তি নিয়ে মার্কিন বিচারকের আপত্তি

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত বিশাল বিজয় তোরণ নির্মাণের পক্ষে সরকারের দেওয়া ‘জাতীয় নিরাপত্তা’র যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির এক ফেডারেল বিচারক।

শুক্রবারের শুনানির সময় জেলা আদালতের বিচারক তানিয়া চুটকান সরকারের আইনজীবীদের কাছে জানতে চান, এই তোরণ নির্মাণের সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি কীভাবে যুক্ত।

তিনি উল্লেখ করেন, প্রকল্পটির পক্ষে যুক্তি তুলে ধরার সময় সরকার পূর্বে কখনো জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে আনেনি। এবারই প্রথম এ ধরনের যুক্তি দেওয়া হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ওয়াশিংটনে ২৫০ ফুট (৭৬ মিটার) উচ্চতার একটি বিশাল সাদা রঙের বিজয় তোরণ নির্মাণ করা হবে। এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিখ্যাত ‘আর্ক দ্য ট্রায়ম্ফ’-এর আদলে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

প্রথমবার প্রকল্পটির ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প জাতীয় নিরাপত্তার কোনো বিষয় উল্লেখ করেননি। তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তোরণটিতে অত্যাধুনিক সামরিক স্থাপনা থাকবে। সেখানে ড্রোন ও স্নাইপার সদস্য মোতায়েনের ব্যবস্থাও রাখা হতে পারে।

শুনানিতে বিচারক চুটকান বলেন, হোয়াইট হাউসে একটি বিশাল বলরুম নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরার সময়ও ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে জাতীয় নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছিল। তবে শুধুমাত্র জাতীয় নিরাপত্তার কথা বললেই কোনো প্রকল্পের পক্ষে সেই যুক্তি স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য হয়ে যায় না।

এ সময় মার্কিন বিচার বিভাগের আইনজীবী রবার্ট স্ট্যান্ডার বলেন, তোরণ নির্মাণ প্রকল্পটি বর্তমান প্রশাসনের কাছে অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত।

প্রস্তাবিত তোরণ নির্মাণ বন্ধের দাবিতে আদালতে মামলা করেছে ভিয়েতনাম যুদ্ধের একদল সাবেক মার্কিন সেনাসদস্য। আগামী সপ্তাহের শুরুতেই এর নির্মাণকাজ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মামলাকারীদের আইনজীবী ওয়েন্ডি লিউ আদালতে বলেন, তোরণটি আকারে এতটাই বিশাল হবে যে এটি লিংকন মেমোরিয়াল ও আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির মধ্যকার দৃশ্যমান সংযোগ আড়াল করে দিতে পারে। লিংকন মেমোরিয়াল যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। অন্যদিকে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে সমাহিত রয়েছেন দেশটির কয়েক লাখ সামরিক বাহিনীর সদস্য।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে নিজের ব্যক্তিগত ছাপ রাখতে ট্রাম্প বেশ কয়েকটি বড় উন্নয়ন ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন। প্রস্তাবিত বিজয় তোরণ তারই একটি।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণ। এ জন্য প্রেসিডেন্টের বাসভবনের একটি সম্পূর্ণ অংশ ভেঙে ফেলা হয়েছে।

এ ছাড়া ন্যাশনাল মলের বিশাল জলাধার ‘রিফ্লেক্টিং পুল’ সংস্কারের কাজও চলছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংস্কার প্রকল্পের মাধ্যমে জলাধারটির ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।

ট্রাম্প ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট গলফ কোর্স ‘ইস্ট পোটোম্যাক গলফ লিংকস’-এর আধুনিকায়নের প্রস্তাবও দিয়েছেন। তবে এ প্রকল্প নিয়েও আইনি বিরোধ চলছে। শুক্রবার এ মামলার দায়িত্বে থাকা বিচারক তদন্ত শুরু করেছেন। প্রশাসনের আইনজীবীরা আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখতেই এ তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক ও শিল্পকলা কেন্দ্র ‘কেনেডি সেন্টার’-এর দেয়ালে একসময় ট্রাম্পের নাম যুক্ত করা হয়েছিল। তবে আদালতের নির্দেশে পরে সেই নাম সরিয়ে ফেলা হয়।

প্রস্তাবিত বিজয় তোরণ নির্মাণ বন্ধে করা মামলার বিষয়ে বিচারক চুটকান শুক্রবারই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। তবে তিনি জানিয়েছেন, দ্রুত এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান-ঐশ্বরিয়ার ছবি প্রকাশ করে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


সালমান-ঐশ্বরিয়ার ছবি প্রকাশ করে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা

বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানসালির প্রযোজনা সংস্থা সামাজিক মাধ্যমে সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের একগুচ্ছ পুরনো ছবি পোস্ট করে, যা স্বামীর জন্য বিশেষ ব্রত ‘কারওয়া চৌথ’ উদ্‌যাপনের দিন প্রকাশিত হয়। এই পোস্টের পর থেকেই নেটিজেনদের সমালোচনার ঝড় উঠেছে নির্মাতা এবং তার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কারওয়া চৌথের দিন সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের ছবিগুলো প্রকাশ করে সঞ্জয়লীলা বানসালির প্রযোজনা সংস্থা। ছবির ক্যাপশনে লেখা হয়, "কিছু ছবি, কিছু স্মৃতি আর ভালোবাসার এক সুন্দর কাহিনি! কারওয়া চৌথের শুভেচ্ছা।"

সালমান-ঐশ্বরিয়ার ছবিগুলো ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার। এই সিনেমার জনপ্রিয় গান ‘চাঁদ ছুপা বাদল মে’-এর দৃশ্যায়নে ছিল কারওয়া চৌথের মুহূর্ত। তাই পরিচালকের প্রযোজনা সংস্থা সিনেমা মুক্তির এত বছর পর ছবিগুলো প্রকাশ করে পুরনো স্মৃতিতে ফিরে যেতে চেয়েছে।

কিন্তু এরপরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। ছবির সমালোচনা করে এক নেটিজেন মন্তব্য করেন, ‘প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে এক ফ্রেমে এনে এমন উৎসবের শুভেচ্ছা জানানো কেন?’

আরেকজন লেখেন, ‘এই ছবি দেখে ভাইজান খুশি হবেন না কি রেগে যাবেন, বুঝতে পারছেন না।’

এদিকে সালমন ও ঐশ্বরিয়ার অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পুরনো কাসুন্দি ঘাঁটার কি খুব দরকার ছিল? এতে দুই তারকাকেই অসম্মান করা হচ্ছে। ওরা নিশ্চিত অস্বস্তিতে পড়বেন।’ আরেক ভক্ত মন্তব্য করেন, ‘এটা কী ধরনের মশকরা? এর মধ্যে কোনও মেধা নেই।’

বলিউডে শোনা যায়, ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’-এর শুটিং চলাকালীন সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের সম্পর্ক শুরু হয়। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ ঘটে দু’জনের।

এরপর ব্যক্তিজীবনে সালমান অবিবাহিত থাকলেও ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। বর্তমানে এ তারকা দম্পতির সংসারে আরাধ্য বচ্চন নামে এক কন্যাসন্তান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, ১৩ কারখানায় ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


আশুলিয়ায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, ১৩ কারখানায় ছুটি ঘোষণা

ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা, যাদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধ করা। শ্রমিক অসন্তোষের কারণে কাঠগড়া অঞ্চল ও আশপাশের এলাকায় নাঈম নিটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় কিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য আহত হন।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ৮ টার পর আশুলিয়ার কাঠগড়া বাজার, আমতলা, নয়াপাড়া ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কন্টিনেন্টাল গার্মেন্টস, এআর জিন্স ও সিডব্লিউএসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্প পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেড, হেসং কোরিয়া লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন গ্রুপ, আফিয়া নিটওয়্যার লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লেদারেক্স ফুটওয়্যার লিমিটেড, এভারব্রাইট সোয়েটার লিমিটেড, গ্রিন লাইফ নীটেক্স লিমিটেড ও পিকার্ড বাংলাদেশ লিমিটেডসহ অন্যান্য কারখানা। সব মিলিয়ে অন্তত ১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের একজন সদস্য মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে কাজ করছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে এ পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এ সংখ্যা আরো বাড়তে পারে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

তবে এ বিষয়ে কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালগঞ্জ সরকারি পোলট্রি ফার্ম আধুনিকায়নের উদ্যোগ : জনপ্রশাসনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


জামালগঞ্জ সরকারি পোলট্রি ফার্ম আধুনিকায়নের উদ্যোগ : জনপ্রশাসনমন্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু করার পাশাপাশি স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। জামালগঞ্জ সরকারি পোলট্রি ফার্মের আধুনিকায়ন এবং পোলট্রি খাতের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা খাদ্য ও জনপ্রশাসনমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন।

শনিবার বেলা ১১টায় জামালগঞ্জ কেচের মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, জামালগঞ্জে অবস্থিত একটি সরকারি পোলট্রি ফার্মের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে পোলট্রি খাতের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পোলট্রি খাতে দক্ষ জনবল তৈরি করার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও উল্লেখ করেন, যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে, সেগুলো সফল হলে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার চেহারা সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে।

পরে দুপুরে মন্ত্রী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান এবং ছাত্রীদের টেবিল টেনিস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম হিটো, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর রহমান, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%