০৬:৩৩ পি.এম
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, "নিজেদের ভোগের জন্য সব সুযোগ-সুবিধা ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ রেখে যাওয়া যাবে না।" পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন রাখা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা বিভাগের একার দায়িত্ব নয়, বরং এটি সবার দায়িত্ব।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেলস্টেশন ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, জনতার বিক্ষোভে বাসে আগুন
জেলা প্রশাসক বলেন, "রেলস্টেশনসহ জনবহুল স্থানগুলো দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন রাখা সবার প্রত্যাশা।" তিনি আরও বলেন, "কিন্তু এসব স্থান পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু কোনো কর্মকর্তা বা কর্মচারীর নয়। নাগরিক হিসেবে প্রত্যেকেরই এ দায়িত্ব রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।"
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পুরোনো রেলস্টেশন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নতুন রেলস্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম রেলস্টেশনে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। বিপুলসংখ্যক মানুষের চলাচলের কারণে স্টেশন ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।" এরপর থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন উপজেলায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
জানা গেছে, গত ২৫ জুলাই জেলার বিভিন্ন সরকারি ভবনের ছাদ পরিষ্কার করে প্রায় ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এরপর জিয়া স্মৃতি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ এবং প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ ছাড়া জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সিআরবি, জিয়া স্মৃতি কমপ্লেক্স ও স্বাধীনতা কমপ্লেক্সসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: কাজিপুরে ছিনতাইয়ের টাকা ফেরত চাওয়ায় গার্মেন্ট শ্রমিকের চাচাকে পিটিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন