০৭:০৪ পি.এম
যশোরের অভয়নগরে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকদের মধ্যে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত ফজলু গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের শহিদ মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩২), আলী বিশ্বাসের ছেলে খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের তুষার রায়ের ছেলে মানবেন্দ্র রায় (২৭) রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানিয়েছেন, শুক্রবার দুপুরে হিদিয়া ও চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। আটককৃতদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শফিকুল ইসলাম, রুবেল মোল্যা ও খলিল উল্লাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মানবেন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেছেন, ‘ইয়াবা সেবনের পর জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন