ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে শুরু


ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল ১৯ নভেম্বর থেকে শুরু

পাবনাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। নতুন এই রেল যোগাযোগের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে।

উদ্বোধনের প্রস্তুতি হিসেবে স্টেশন এলাকায় চলছে শেষ মুহূর্তের কাজ। নতুন এই যোগাযোগব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে ট্রেনের রুট নিয়ে কিছু যাত্রী অসন্তোষ প্রকাশ করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামের ট্রেনটি পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। অপরদিকে, বেলা ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামের ট্রেনটি ঢাকা স্টেশন থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে।

আরও পড়ুন: শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক

১৯৭৪ সালে স্বাধীনতার পর ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়নে সময় লেগে যায়। ২০১০ সালে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়। ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়।

২০২০ সাল থেকে এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। পাবনা থেকে রাজশাহী এবং পরবর্তীতে চাপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ চালু থাকলেও পাবনা শহর থেকে সরাসরি রাজধানী ঢাকায় যাওয়ার সুযোগ ছিল না। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

নতুন রেল যোগাযোগের প্রস্তুতি হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে বিভিন্ন কার্যক্রম চলছে। স্টেশন এলাকা পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হচ্ছে। এদিকে, ভারত থেকে ১৮টি নতুন রেলকোচ দেশে আনা হয়েছে, যার মধ্যে ১২টি কোচ ঢাকা-পাবনা রুটে চলাচলকারী ট্রেনে যুক্ত করা হবে।

নতুন এই ট্রেন চালু হলে পাবনাবাসীর রাজধানীর সঙ্গে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। নতুন রেল যোগাযোগের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং রাজধানীর সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন: কুলিয়ারচরে ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা নবী নেওযাজ বলেন, ‘বহুদিন অপেক্ষা করছি, কবে হবে পাবনা-ঢাকা রেল যোগাযোগ, সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুব ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।’

পৌর এলাকার মনসুরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ইসলাম হোসেন বলেন, ‘পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু হচ্ছে এটা অনেক আনন্দের ব্যাপার। কিন্তু ঈশ্বরদী গিয়ে সময় লাগছে একটু বেশি এজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এ বিষয়টা দেখার জন্য।’

পাবনা স্টেশন এলাকার বাসিন্দা আলামিন হোসেন বলেন, ‘এখন কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে পারব ঢাকা যাতায়াতে। আমরা খুবই আনন্দিত পাবনা-ঢাকা সরাসরি ট্রেন উদ্বোধন হচ্ছে এ জন্য।’

ট্রেনের রুট নিয়ে কিছুটা অসন্তোষ জানিয়ে পাবনা পৌর এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘পাবনা থেকে ঢাকায় যাওয়ার পথে ট্রেনটিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে আবার যাত্রা শুরু করতে হবে। এতে সরাসরি রেল যোগাযোগের সুবিধা মিললেও যাত্রার সময় ও রুট নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’

আরও পড়ুন: রাজবাড়ীর মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে ১১ গরু লুট

নিরাপত্তার বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাবনা রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যামসাং জানুয়ারি থেকে দুই জনপ্রিয় অ্যাপ সরাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


স্যামসাং জানুয়ারি থেকে দুই জনপ্রিয় অ্যাপ সরাচ্ছে

স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোর থেকে প্রতিষ্ঠানটির দুটি জনপ্রিয় অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ—‘কুইক মেজার’ এবং ‘এআর ডুডল’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে এই অ্যাপ দুটি আর নতুন করে ডাউনলোড করা সম্ভব হবে না। তবে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং জানিয়েছে, ভবিষ্যতে উন্নত সংস্করণ নিয়ে এগুলো পুনরায় বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক পোর্টাল এনগ্যাজেট-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অ্যাপ দুটির কার্যকারিতা

কুইক মেজার : এটি একটি ভার্চুয়াল মাপজোখের অ্যাপ হিসেবে পরিচিত। ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে যেকোনো স্থানের দূরত্ব, দৈর্ঘ্য কিংবা আয়তন সহজেই পরিমাপ করতে পারেন।

এআর ডুডল : এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং আকর্ষণীয় ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করতে সক্ষম।

ডাউনলোড ও আপডেট বন্ধের ঘোষণা

অ্যাপ দুটির গ্যালাক্সি স্টোর তালিকায় স্যামসাং একটি পৃথক নোটিশ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, আগামী ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটির নতুন ডাউনলোড এবং বিদ্যমান সংস্করণের আপডেট সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।

তবে যেসব ব্যবহারকারীর ডিভাইসে অ্যাপ দুটি ইতিমধ্যে ইনস্টল করা আছে, তারা নির্ধারিত তারিখের পরও এগুলো ব্যবহার চালিয়ে যেতে পারবেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর কিছু ফিচার সঠিকভাবে কাজ না করার আশঙ্কা রয়েছে।

অপারেটিং সিস্টেম আপডেট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা

ভবিষ্যতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপ দুটির আর কোনো আপডেট প্রদান করা হবে না। ফলে ২০২৭ সালে ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করার পর কুইক মেজার বা এআর ডুডলের অনেক ফিচার অকার্যকর হয়ে যেতে পারে।

গ্রাহকদের উদ্দেশ্যে স্যামসাং জানিয়েছে, ‘এর ফলে যে ধরনের অসুবিধা তৈরি হতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আরো উন্নত সেবা নিয়ে ফিরে আসতে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে অ্যাপ দুটি পুনরায় কবে নাগাদ ফিরতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। পাশাপাশি এগুলোর জনপ্রিয় ফিচারগুলো অন্য কোনো অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

ব্যবহারকারীদের জন্য পরামর্শ

যারা ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ অ্যাপ দুটি ব্যবহার করতে আগ্রহী, তাদের আগামী ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্করণটি ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন মুফতি আমির হামজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সমালোচনা করেছেন। জামায়াতে ইসলামী সম্পর্কে খতিবের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে তার তওবা করা উচিত। বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব মন্তব্য করেন আমির হামজা।

তিনি বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গোমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গোমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত।’

জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতিতে ভুল থাকতে পারে উল্লেখ করে আমির হামজা বলেন, যারা আন্তরিকভাবে দলটি করেন, তাদের নিষ্ঠায় কোনো ঘাটতি নেই। তার ভাষ্য, ‘যারা মন থেকে জামায়াতে ইসলামী করে, তাদের নিষ্ঠায় কোনো ভুল নেই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিত না।’

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, ‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।’

আমির হামজা অভিযোগ করেন যে, বাবুনগরী তাকে ও মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেন, বাবুনগরী মামুনুল হক ও তাকে গালিগালাজ করেছেন। তার দাবি, যে পরিচয়ে তাকে গালি দেওয়া হয়েছে, তিনি তা না হলে একই ধরনের কথা বাবুনগরীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার বিষয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তাকে নিয়ে এ ধরনের সমালোচনা ছিল না বলেও দাবি করেন তিনি। আমির হামজা আরও বলেন, যারা তাদের ভুল ধরেন, তাদের নিজেদের ভুলেরও শেষ নেই।

এর আগে আমির হামজার এই মাহফিলে অংশগ্রহণ নিয়ে বন্দরের স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ১৬ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, আমির হামজা নির্ধারিত মাহফিলে অংশ নেবেন।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক

শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি অভিযানে মানব পাচারকারী চক্রের একজন সদস্য সেলিম মিয়াকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে, ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধীনে কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে সেলিম মিয়াকে আটক করে।

ধৃত সেলিম মিয়া (৩৪) সিংগাবরুনা ইউনিয়নের বোগলাকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার পুত্র।

তথ্য অনুযায়ী, সেলিম দীর্ঘদিন ধরে শ্রীবরদী ও বকশীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারের কাজে জড়িত ছিল। এ ঘটনার পর, সেলিম মিয়া এবং তার দুই সহযোগী, বোগলাকান্দি গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন ও বৈষ্টম পাড়া গ্রামের সুমনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।

কর্নঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মঙ্গলবার সকালে বলেন, "সেলিম সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে মানব পাচার কাজ করে আসছিল।" তিনি উল্লেখ করেন, "সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।"

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার দুই সহযোগী স্বপন ও সুমনের নাম উল্লেখ করেছে। বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেলিমকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তিনজনকে অভিযুক্ত করে একটি এজাহার দাখিল করা হয়েছে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতারবাড়ি কয়লা বিদ্যুতের জমি অধিগ্রহণে অর্থ লোপাট মামলার রায় ৩০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মাতারবাড়ি কয়লা বিদ্যুতের জমি অধিগ্রহণে অর্থ লোপাট মামলার রায় ৩০ নভেম্বর

কক্সবাজার জেলার মহেশখালীতে মাতাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলার রায় আগামী ৩০ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই তারিখ নির্ধারণ করেন।

বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের সময় ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দেখিয়ে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের নামে ভুয়া চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, “মামলার যুক্তি তর্ক শুনানি শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।” তিনি আরও জানান, “সেসময় কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ আজ আদালতে উপস্থিত ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তখনকার কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমীনসহ বাকি ১১ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।” এই মামলায় মোট ৩৬ জন আসামির মধ্যে ২০ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন, জানিয়ে আইনজীবী মোকাররম হোসেন বলেন, “বাকি ১৬ জনের বিচার কাজ চলছে।”

২০১৯ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে এই মামলায় অভিযোগ গঠন করা হয়। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়।

২০১৪ সালের নভেম্বর মাসে সেসব জমির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্তদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেকও ইস্যু করা হয়। ওই ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন কক্সবাজারের এক ব্যবসায়ী। এর পর আদালতের আদেশে তদন্ত শুরু করে দুদক।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল দুদক মো. রুহুল আমীনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়।

মামলার আসামিদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারী, জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চাষি সেজে ক্ষতিপূরণ নেওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%