০৬:০৯ পি.এম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং দলের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান সম্পর্কে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর খোলা চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছেন দেশের তিন শীর্ষ আলেম। এই আলেমদের মধ্যে রয়েছেন—অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মাওলানা লিয়াকত আলী এবং মাওলানা মাহফুজুল হক।
রোববার, একটি যৌথ জবাবী পত্রে এই তিন শীর্ষ আলেম মাওলানা ওলিপুরীকে চিঠি চালাচালির পরিবর্তে সরাসরি বৈঠকে বসে পারস্পরিক আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।
জবাবী পত্রে তারা উল্লেখ করেন, মাওলানা মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা ও তার বক্তব্যের বিষয়ে কিছু অভিযোগ তুলে ধরে মাওলানা ওলিপুরী তাদের কাছে একটি পত্র পাঠিয়েছিলেন। ওই পত্রের বিষয়বস্তু নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং বিষয়টি পরিষ্কার করার জন্য অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর (দেওনা) মাধ্যমে (মুফতী দ্বীন মুহাম্মাদের মারফত) মাওলানা ওলিপুরীকে সরাসরি একত্রে বসে বিস্তারিত আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন।
আরও পড়ুন: জাতীয় সংসদ ভবনের সব লাইট সেন্সরের আওতায় আনার নির্দেশ
তাদের প্রত্যাশা ছিল যে, সরাসরি উপস্থিতিতে পারস্পরিক প্রশ্নোত্তর এবং বক্তব্য-ব্যাখ্যার মাধ্যমে উত্থাপিত বিষয়গুলোর প্রকৃত অবস্থা পরিষ্কার হবে এবং কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা নিরসনের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে মাওলানা ওলিপুরী একটি খোলা চিঠির মাধ্যমে বিষয়টি সর্বসাধারণের সামনে উপস্থাপন করায় তারা বিস্ময় ও আক্ষেপ প্রকাশ করেন।
চিঠিতে তারা আরও উল্লেখ করেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলোর সমাধান কেবল চিঠি আদান-প্রদানের মাধ্যমে সম্ভব নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্য বজায় রেখে সরাসরি উপস্থিতিতে খোলামেলা আলোচনার মাধ্যমেই বিষয়গুলোর সুষ্ঠু সুরাহা হতে পারে। এ জন্য মাওলানা ওলিপুরীকে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পত্রের শেষাংশে তারা উল্লেখ করেন, যেহেতু মাওলানা ওলিপুরীর পক্ষ থেকে বিষয়টি খোলা চিঠির মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, তাই প্রকৃত অবস্থা দেশবাসীকে অবহিত করার স্বার্থে তাদের প্রেরিত এই জবাবী পত্রটিও সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং অব্যাহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন