ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ফকিরাপুলে সিএম এজেন্সিতে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের ঘটনায় ২ মামলা, আটক ৪


ফকিরাপুলে সিএম এজেন্সিতে চাঁদাবাজি ও কুপিয়ে জখমের ঘটনায় ২ মামলা, আটক ৪

রাজধানীর ফকিরাপুলে অবস্থিত সিএম এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সিতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এই ঘটনায় ডিএমপির পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, প্রতিষ্ঠানটির একাধিক কর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় ডিএমপির মতিঝিল থানায় একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটিতে চাঁদা দাবি করা হয় এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ১৬ জনের একটি দলের সদস্যদের আটকের চেষ্টা করে পুলিশ। চারজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, পালিয়ে যাওয়ার আধা ঘণ্টা পর প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী বাসায় যাওয়ার জন্য ভবনের নিচে নামলে তাদের ওপর হামলা চালায় ওই চক্রের সদস্যরা। হামলার সময় তাদের হাতে ও পায়ে চাপাতি দিয়ে গুরুতর জখম করা হয়।

আরও পড়ুন: গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় সন্ত্রাসী শুভ’র নেতৃত্বে প্রায় ১৫ সদস্যের একটি দল পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে যায়। তাদের কাছে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। একপর্যায়ে পুলিশ তাদের প্রায় সবাইকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ১২ জনকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় শুভর সহযোগী হিসেবে ছিলেন সাইদুর রহমান, ইলিয়াস হোসেন, শিমুল, ফারুক আহমেদ, আরাফ হোসেন, মাইনুদ্দিন, তপন, শাওন, মোশাররফ হোসেন, সামিউল হক, নেছার ও হাসান।

সংশ্লিষ্টদের দাবি, শুভ ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জাহিদ ওরফে গের গের জাহিদের নাম উঠে এসেছে। তাদের পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাহিদের নামে অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের পক্ষে সাহেব আলী বাদী হয়ে ডিএমপির পল্টন থানায় চাঁদাবাজির মামলা করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪ জন

অপরদিকে, ঘটনার আধা ঘণ্টা পর প্রতিষ্ঠানটির একাধিক কর্মী ভবনের নিচে নেমে বাসায় যাওয়ার সময় তাদের ওপর হামলা চালায় উল্লিখিত চাঁদাবাজ চক্রের অন্য সদস্যরা। হামলার সময় তাদের হাতে ও পায়ে চাপাতি দিয়ে গুরুতর জখম করা হয়। হামলা ও গুরুতর জখমের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মী ইমতিয়াজ বাদী হয়ে ডিএমপির মতিঝিল থানায় একটি মামলা করেছেন। এতে ১৪ জনের নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কর্মীদের ওপর পরবর্তী হামলায় গের গের জাহিদ নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই চক্রের অন্য সদস্যরা হামলা চালায়। এ সময় কর্মীদের হাতে ও পায়ে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এই বিষয়ে মতিঝিল থানার ওসি সাংবাদিকদের বলেন, ‘এজাহার পাওয়ার পরে মামলা তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। ঘটনার পর থেকে আসামিরা পলাতক, কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে, চেষ্টা করছি, ইনশাআল্লাহ হয়ে যাবে।’

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় মাদক ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তাদের কারণে এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অতিষ্ঠ। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন: শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর: পার্বত্য প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে করা শিক্ষকের শেষ রক্ষা হলো না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ এম


নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে করা শিক্ষকের শেষ রক্ষা হলো না

পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও পরবর্তী সময়ে বিয়ের ঘটনায় শিক্ষক মোশাররফ হোসেন মুসাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ একইসঙ্গে ঘটনার তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি তসলিম আরিফ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা আয়েশা আক্তারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী শিক্ষক মিলন কাজী, সহকারী শিক্ষক মান্নান হোসেন এবং অভিভাবক সদস্য টিটু ফকির ও সানাউল্লাহ।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ঘটনাটি জানার পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোশাররফ হোসেন মুসার সঙ্গে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে গেলে প্রথমে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান। পরে গত শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে গোপনে তাদের বিয়ে হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর ওই শিক্ষার্থীকে শিক্ষকের বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে, বুধবার (৪ নভেম্বর) সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেন। ফলে ক্লাস না নিয়েই বাড়ি ফিরে যান তিনি।

এ ঘটনায় বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক উদ্বেগ প্রকাশ করে জানান, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সন্তানের সমতুল্য। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোক্তা অধিকারের অভিযানে ৩৩ জেলায় ৮২ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


ভোক্তা অধিকারের অভিযানে ৩৩ জেলায় ৮২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : ফল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।

ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় এই অভিযানে বিভিন্ন অনিয়মের জন্য ৮২টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের ৪৪টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তর জানায়, বাজারে ফল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, ব্যবসা প্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে এই তদারকি কার্যক্রম চালানো হয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের ফলমূলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও নিষিদ্ধ দ্রব্যের ব্যবহার বা মিশ্রণ না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। ফল বিক্রয়ের ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য ক্রয় এবং ক্রয়ের সময় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার হলেন ৭৮ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার হলেন ৭৮ কর্মকর্তা

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ (বাসস): পুলিশের ৭৮ কর্মকর্তাকে পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির ঘোষণা করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- এন এম মাসুদ, মো. মোফাক-খারুল ইসলাম, মো. এনামুল হক, এস এম শহিদুর রহমান, মো. মনজুরুল করিম, মো. আলী আকবর হাওলাদার, কাজী আজম মাহমুদ, মোহাম্মদ কামরুল আলম, মুহাম্মদ সুমন জাহিদ লোভেল, মো. আতিকুর রহমান, মো. হাবিবুল্লাহ সরকার, মো. আহসান হাবিব, মো. জামাল উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মো. হাছানুজ্জামান, মো. মোক্তার হোসেন, মো. শহীদ উল্লাহ, মো. সাইফুল ইসলাম, খান মো. মাহফুজুর রহমান, মো. গোলাম মোস্তফা, মোহাম্মদ ইয়াছিন, মো. মজিবুর রহমান, আবু হেনা মো. মোস্তফা কামাল, মো. আমান উল্লাহ, মোহাম্মদ ওবায়দুল হক, মো. বদরুল মামুন, মামুন খান, মো. আব্দুর রহিম, মোহা. শহিদুল ইসলাম, মো. নঈম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির, মো. মাসুদুর রহমান, এস এম জাহাঙ্গীর আলম, মো. কামরুজ্জামান, কে এম ইনাম আহমেদ, মো. ইসমাইল হোসেন শাহীন, শেখ বশির আহমেদ, মো. আতিকুর রহমান, মো. ওমর আলী, মো. লুৎফর রহমান, পি এস এম মোস্তাছিনুর রহমান, মো. আবদুর রহিম, মো. নূরুন নবী সরকার, মো. আব্দুল লতিফ, এস এম আতাউর রহমান, মো. জেহাদ হোসেন, মো. দিদারুল আলম, মো. জয়নাল আবেদীন, মো. আলমগীর হোসেন, মো. জাহির হোসেন, মো. সোহেল রেজা, মো. তরিকুল ইসলাম, মো. শামীম আক্তার খান, এ কে এম আলীনূর হোসেন, মোহাম্মদ নেছার উদ্দিন কাদরী, মো. মোবারক হোসেন, খান মোহা. হাসান মোস্তফা, মো. রেজাউল ইসলাম খান, মো. সোহেল আহমেদ, মো. আনিছুর রহমান সরদার, মোহাম্মদ আলী হায়দার, খান মো. শাহরিয়ার, মো. শফিকুল ইসলাম, মো. গোলাম ফারুক, মো. মাহাবুব আলম, মো. সিরাজুল ইসলাম খান, মো. অছিকুর রহিম ছিদ্দিক, মো. আবুল কালাম আজাদ, শেখ ফারুকুজ্জামান, মোহাম্মদ জাকের হোসাইন মাহমুদ, আরিফ ইফতেখার, সরকার তোফায়েল আহমেদ, মো. আক্তার হোসেন, শাহানা বানু, মোহতারেমা আশরাফী খানম, মো. মনজুর কাদের মজুমদার ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাওলাদার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাডমিন্টন খেলার কোর্ট নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. আলী চৌধুরী আবিদ ও শাওন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভীর হোসাইন।

প্রত্যক্ষদর্শী ও দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ভবনটির সামনে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে।

এক পক্ষের দাবি, তারা কয়েক দিন আগে সেখানে কোর্ট তৈরির জন্য বাঁশ পুঁতে জায়গা নির্ধারণ করে রেখেছিলেন। পরে অন্য বিভাগের শিক্ষার্থীরা একই স্থানে কোর্ট তৈরির উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন আহত শিক্ষার্থী অভিযোগ করেন, ঘটনার সময় অন্য বিভাগের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় ব্যাডমিন্টন কোর্টের বাঁশ দিয়ে তাকে আঘাত করা হয়, যার ফলে তার নাক ও চোখের নিচে আঘাত লাগে এবং নাক দিয়ে রক্তপাত হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।

ওই শিক্ষার্থীর দাবি, তারা সেখানে কোর্ট তৈরি করেছিলেন এবং অন্য পক্ষের কোর্ট তৈরির দাবির পক্ষে কোনো দৃশ্যমান চিহ্ন বা প্রমাণ ছিল না।

অন্যদিকে, নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, "আমরা কোর্ট তৈরি করব বলে সেখানে বাঁশ পুঁতে জায়গাটি নির্ধারণ করে রেখেছিলাম। কিছুদিন আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অনুষ্ঠানের কারণে সেখানে আরও কিছু বাঁশ পোঁতা হয়। পরে অনুষ্ঠান শেষে তাদের বাঁশের সঙ্গে আমাদের বাঁশও তুলে নেওয়া হয়। এরপর আমাদের নির্ধারিত জায়গায় তারা কোর্ট তৈরি করতে চায়। বিষয়টি জানালে তারা মেনে নেওয়ার কথা বলে।"

তিনি আরও বলেন, "কিন্তু আজ আমাদের বিভাগের কয়েকজন জুনিয়র কোর্ট তৈরি করতে গেলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৫-২০ জন শিক্ষার্থী তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মারধর করেন। পরে প্রক্টর স্যার এসে বিষয়টি মীমাংসা করলে আমরা চলে যেতে চাই। এ সময় আবারও আমাদের ওপর হামলা করা হয়।"

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশিদ আলম বলেন, এই ঘটনায় মোট তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের নাকে আঘাত লেগেছে, একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে এবং অন্যজনের হাতে ব্যথা পেয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, "হাতে আঘাত পাওয়া শিক্ষার্থীর হাড় ভাঙার আশঙ্কায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক্স-রে করানো হয়। তবে পরীক্ষার ফল স্বাভাবিক এসেছে। মাথায় আঘাত পাওয়া শিক্ষার্থীর ক্ষতেও ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনজনই প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ আবাসস্থলে ফিরেছেন। তাদের কারও অবস্থা গুরুতর নয়।"

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক স্বপ্নিল রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনা করছেন। ঘটনার চূড়ান্ত মীমাংসা এখনও হয়নি। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%