০৬:৫৯ পি.এম
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ১১ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। রবিবার কোহলু জেলার একটি প্রত্যন্ত স্থানে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে পুলিশ সূত্রে জানানো হয়েছে, হামলাকারীরা প্রথমে খনিশ্রমিকদের বহনকারী দুইটি যানবাহন ছিনতাই করে। এরপর শ্রমিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১১ জন নিহত হন।
তবে, এই হামলার দায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, দীর্ঘদিন ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসা বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
আরও পড়ুন: হুতিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ বন্ধ সম্ভব: সৌদি জোট
এদিকে, খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম অশান্ত অঞ্চল হিসেবে পরিচিত। এই প্রদেশটির সীমান্ত রয়েছে প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সঙ্গে। দীর্ঘদিন ধরে সেখানে সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন