০৫:৫৬ পি.এম
ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়ানোর উদ্দেশ্যে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানিয়েছেন।
তিনি আরও জানান, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে ভিসা নিতে অনেক সহজে পারবেন। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশের উচ্চশিক্ষার বৈশ্বিক সম্প্রসারণের সুযোগ তৈরির সম্ভাবনা তৈরি হবে।
আজ (সোমবার) রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
অনুষ্ঠানে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
মন্ত্রী শিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও শক্তিশালী করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণার গুরুত্বের ওপর জোর প্রদান করেন।
তিনি উল্লেখ করেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। সেজন্য বিশ্ববিদ্যালয় পর্যায়েও টিভিইটি শিক্ষার প্রসার ঘটানোর কাজ করতে হবে। একইসঙ্গে উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার বাড়ানোর প্রয়োজন রয়েছে।
ড. মিলন বলেন, কিউএস র্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করতে গেলে গবেষণার পরিধি এবং মান বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সংযুক্ত করার দিকে লক্ষ্য রাখতে হবে।
আরও পড়ুন: বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর আটক
তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের কোনো অভাব নেই। দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করার পাশাপাশি গবেষণায়ও সাফল্যের সনদ রেখেছেন।
বিদেশে অবস্থানরত মেধাবী শিক্ষার্থীদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর বিষয়টি অত্যন্ত জরুরি।
‘বাংলাদেশকে একটি এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং এই সামর্থ্য আমাদের রয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যন ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন