সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:১১ পি.এম
তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম। আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এস. এম. নছরুল কদির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন।
সম্মেলনে অধ্যাপক কদির বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন। সম্মেলনের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে গত ১৯ থেকে ২১ নভেম্বর তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভিসি, রেক্টর, জ্যেষ্ঠ শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে উচ্চশিক্ষার নতুন ধারা, আন্তর্জাতিক অংশীদারত্ব, একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সম্মেলনের কার্যক্রমের অংশ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকে প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তফা আয়দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সমঝোতার আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কর্মসূচি, সম্মেলন, সেমিনার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া, প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে এ দুটি সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং আন্তসাংস্কৃতিক যোগাযোগের সুযোগ বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন অভিজ্ঞতা অর্জন এবং কাজের ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এ ধরনের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেঁটে শহর ঘুরে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। ২০২৬ সালের এই তালিকায় নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের একমাত্র শহর হিসেবে ২৩তম অবস্থান অর্জন করেছে। ভ্রমণকারীদের অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে বিনামূল্যে হাঁটাভ্রমণের আয়োজনকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুরু-ওয়াক (GuruWalk)। গত বছরের তুলনায় শহরটি তালিকায় ১০ ধাপ উন্নতি করেছে।
চলতি বছরের এপ্রিলে প্রকাশিত তালিকাটি তৈরিতে ৪ লাখ ৬৭ হাজারের বেশি যাচাইকৃত পর্যালোচনা বিশ্লেষণ করা হয়েছে। এসব পর্যালোচনা এসেছে ৩ হাজার ৬১৭টি হাঁটাভ্রমণ থেকে। গুরু-ওয়াকের তথ্য অনুযায়ী, ৮০০টির বেশি শহরে তাদের কার্যক্রম থাকলেও সবচেয়ে জনপ্রিয় ১২০টি শহরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। শহরে কতজন পর্যটক হাঁটাভ্রমণে অংশ নিয়েছেন, তার জন্য মোট নম্বরের ৬৫ শতাংশ এবং তাদের সন্তুষ্টির মূল্যায়নের জন্য ৩৫ শতাংশ নম্বর রাখা হয়েছে।
নিউইয়র্কের অবস্থান গত কয়েক বছরে ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। ২০২৪ সালের তালিকায় শহরটির অবস্থান ছিল ৫৩তম। ২০২৫ সালে ২০ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে আসে। এবার আরও ১০ ধাপ উন্নতি করে ২৩তম অবস্থান অর্জন করেছে। অর্থাৎ দুই বছরে মোট ৩০ ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্রের এই শহর। তালিকায় জায়গা পাওয়া একমাত্র মার্কিন শহর হওয়ায় নিউইয়র্কের অবস্থান বিশেষভাবে আলোচনায় এসেছে।
গুরু-ওয়াকের প্রতিবেদনে নিউইয়র্কের জনপ্রিয়তার পেছনে শহরটির বৈচিত্র্যময় পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন আকর্ষণের কথা তুলে ধরা হয়েছে। সেন্ট্রাল পার্ক, টাইমস স্কয়ার, ব্রুকলিন ব্রিজ ও ওয়াল স্ট্রিটের মতো পরিচিত জায়গাগুলো হেঁটে ঘুরে দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি, ভাষা, খাবার, শিল্পকলা ও স্থাপত্যের বৈচিত্র্য শহরটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ইতিহাস, খাবার কিংবা প্রকৃতিপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের হাঁটাভ্রমণের আয়োজন।
তবে ২০২৬ সালের তালিকায় নিউইয়র্ককে ছাড়িয়ে বিশ্বের প্রথম স্থান দখল করেছে ইতালির রোম। শহরটির প্রায় ২ হাজার ৭০০ বছরের ইতিহাস, প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক পথঘাটের কারণে এটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। রোমের কলোসিয়াম, প্যানথিয়ন এবং বিভিন্ন ঐতিহাসিক ফোয়ারা হেঁটে ঘুরে দেখার অভিজ্ঞতা পর্যটকদের আকৃষ্ট করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের মাদ্রিদ এবং তৃতীয় স্থানে হাঙ্গেরির বুদাপেস্ট।
বিশ্বের শীর্ষ ১০ হাঁটাভ্রমণ উপযোগী শহরের তালিকায় আরও রয়েছে চেক প্রজাতন্ত্রের প্রাগ, পর্তুগালের লিসবন, নেদারল্যান্ডসের আমস্টারডাম, পর্তুগালের পোর্তো, স্পেনের বার্সেলোনা, যুক্তরাজ্যের লন্ডন এবং জার্মানির বার্লিন। তালিকায় ইউরোপের শহরগুলোর আধিপত্য থাকলেও এশিয়ার কয়েকটি শহরও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জাপানের টোকিও ১৬ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছে। এ ছাড়া কিয়োটো ৩৫তম এবং ভিয়েতনামের হো চি মিন সিটি ৩৮তম অবস্থান পেয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিক্যাল সেন্টার প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার জন্য অন্যতম ভরসাস্থল। তবে চিকিৎসকসংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা এবং সহযোগী জনবলের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন।
মেডিক্যাল সেন্টার সূত্রে জানা যায়, দেড় বছর আগে সেখানে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। বর্তমানে সেখানে মাত্র তিনজন চিকিৎসক রয়েছেন। তাদের মধ্যে সকালে দুজন এবং বিকেলে একজন দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার অর্ধদিবস একজন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হয়। শুক্রবার মেডিক্যাল সেন্টার বন্ধ থাকে। এর পাশাপাশি, আগে কর্মরত দুজন খণ্ডকালীন চিকিৎসকও প্রায় দেড় বছর ধরে নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ওষুধ দিয়েই চিকিৎসা শেষ করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয়। নারী শিক্ষার্থীদের জন্য গাইনি চিকিৎসকের বিশেষায়িত সেবাও বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তির অভিযোগ রয়েছে।
এদিকে, গত ২৩ জুলাই গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান মনিরের মৃত্যুর ঘটনায় জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে প্রশ্ন উঠেছে। সে সময় তাকে অটোরিকশায় করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম জানিয়েছেন, মেডিক্যাল সেন্টারের জনবল ও অবকাঠামোগত ঘাটতি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসকের ঘাটতি থাকলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী নিয়োগ, ইনডোর সেবা চালু এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো জানান, নারী রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাঁচ বছর আগে সাত বিঘা জমির আলু ও তিন বিঘা জমির সবজি সংরক্ষণের অভাবে পচে নষ্ট হয়ে যায়। এর ফলে কৃষক মাহাতাব উদ্দিন ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ওই লোকসানের ধাক্কায় পরবর্তী বছর তিনি আর আবাদ করতে পারেননি। চোখের সামনে কষ্টের ফসল পচে নষ্ট হওয়ার স্মৃতি তাকে এখনও তাড়া করে।
মাহাতাব উদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর গ্রামের বাসিন্দা। শুধু তিনি নন, তার মতো অনেক প্রান্তিক কৃষকও উৎপাদিত ফসল সংরক্ষণের অভাবে বিপদে পড়েন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তাদের তুলনামূলক কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হতে হয়। আবার কেউ কেউ স্থানীয় পদ্ধতিতে ফসল সংরক্ষণ করতে গিয়ে পচনের কারণে ক্ষতির সম্মুখীন হন।
কিন্তু এবার কৃষি বিভাগ এই দুর্ভোগ কমানোর জন্য উদ্যোগ নিয়েছে। নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে নির্মিত হয়েছে ‘ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ’। ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সংরক্ষণাগারটির উদ্বোধন গত রবিবার দুপুরে করা হয়। নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সেখানে ফসল রেখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনের প্রথম দিনেই রামশা কাজিপুর গ্রামের ৩০ জন প্রান্তিক কৃষক তাদের উৎপাদিত মশলা, শীতকালীন সবজি ও অন্যান্য ফসল সংরক্ষণের জন্য সেখানে রেখেছেন। এসব ফসলের মধ্যে রয়েছে টমেটো, গাজর, বেগুন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, আলু, পেঁয়াজ, আদা ও কাঁচামরিচ।
নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কোল্ডস্টোরেজটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে প্রায় সাত টন সবজি, মশলা ও বিভিন্ন মৌসুমি ফল সংরক্ষণ করা সম্ভব হবে।
আধুনিক এই মিনি কোল্ডস্টোরেজে কুলিং ও স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ফসলের ধরন অনুযায়ী প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা যাবে। ফলে পচনশীল সবজি ও ফল সাধারণত ১৫ থেকে ২৫ দিন পর্যন্ত সতেজ রাখা সম্ভব হবে। এতে মৌসুমের শুরুতে বা অতিরিক্ত সরবরাহের সময় কম দামে ফসল বিক্রি না করে উপযুক্ত সময়ে ভালো দামে বিক্রির সুযোগ পাবেন কৃষকেরা। পাশাপাশি বিভিন্ন ফসলের মানসম্মত বীজ সংরক্ষণেও এটি ব্যবহার করা হবে।
কন্টেইনারভিত্তিক এই মিনি কোল্ডস্টোরেজের ভেতরে ছিদ্রযুক্ত প্লাস্টিকের ক্রেটে সাজিয়ে পটোল, করলা, ধনেপাতাসহ বিভিন্ন ধরনের তাজা সবজি রাখা হয়েছে। সংরক্ষণাগারের বাইরের অংশে সৌরবিদ্যুৎ প্যানেল ও কুলিং ইউনিট রয়েছে।
সংরক্ষণাগারের নির্ধারিত তালিকা অনুযায়ী, ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টমেটো ২০ থেকে ৩০ দিন রাখা যাবে। ক্যাপসিকাম ৭ থেকে ১০ ডিগ্রি এবং কাঁচামরিচ ৭ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় ২০ থেকে ৩০ দিন সংরক্ষণ করা সম্ভব। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি তাপমাত্রায় ফুলকপি ১৫ থেকে ২০ দিন রাখা যাবে। আলু, পেঁপে, হলুদসহ অন্তত ৩০ ধরনের সবজি ও মশলা জাতীয় ফসল সংরক্ষণের সুযোগ রয়েছে এতে।
সংরক্ষণাগারে ফসল রাখা কৃষক মাহাতাব উদ্দিন, আবেদ আলী, আফসার হোসেন ও মনিরুদ্দিনসহ কয়েকজন উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, নলডাঙ্গা উপজেলার বিলগুলোতে বিভিন্ন ধরনের ডাল, রসুন, পেঁয়াজসহ নানা মসলা জাতীয় ফসল উৎপাদিত হয়। শীত মৌসুমে ব্যাপক পরিমাণে চাষ হয় শীতকালীন সবজিরও। কিন্তু এতদিন এসব ফসল সংরক্ষণের কোনও ব্যবস্থা ছিল না। স্থানীয় পদ্ধতিতে সংরক্ষণ করতে গিয়ে অনেক সময় ফসলে পচন ধরতো। এতে লোকসানের মুখে পড়তেন কৃষকেরা। তাই বাধ্য হয়ে দ্রুত কম দামে ফসল বিক্রি করে দিতে হতো।
কৃষকরা বলেন, প্রত্যন্ত গ্রামে সংরক্ষণাগার নির্মাণ হওয়ায় তাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে তারা সেখানে ফসল রাখা শুরু করেছেন। এখন থেকে ফসল পচে নষ্ট হওয়ার ভয় কমবে। পাশাপাশি সংরক্ষণ করে উপযুক্ত সময়ে ভালো দামে বিক্রি করতে পারবেন বলে তারা আশাবাদী।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, কৃষকেরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সেই লক্ষ্যেই সংরক্ষণাগারটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল সেখানে মজুত করতে শুরু করেছেন।
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কৃষকদের আর্থিক স্বার্থ বিবেচনায় নিয়ে নাটোরে আরও একাধিক সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর-৬ আসনের সাবেক স্বতন্ত্র এমপি এবং নিষিদ্ধ ছাত্রলীগের প্রাক্তন নেতা আজিজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি আবাস থেকে তাকে আটক করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে আজিজুল ইসলাম পরিচিত ছিলেন। তিনি একসময় নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ