ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

পুলিশের বয়ান নিয়ে প্রশ্ন, তদন্তের দায়িত্ব পেল ডিবি


পুলিশের বয়ান নিয়ে প্রশ্ন, তদন্তের দায়িত্ব পেল ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বয়ান নিয়ে বিভিন্ন প্রশ্ন, আন্দোলন এবং অধিকতর তদন্তের দাবির প্রেক্ষিতে মামলার তদন্তভার পরিবর্তন করা হয়েছে। কোতোয়ালি থানার বদলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকতর স্বচ্ছ, পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দ্রুত চার্জশিট দেওয়ার উদ্দেশ্যে তদন্ত সংস্থার পরিবর্তন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি

সোমবার (২৪ আগস্ট) বিকেলে মামলার পূর্ববর্তী তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি ডিবি কার্যালয়ে গিয়ে মামলার নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

এরপর পুরোনো ও নতুন দুই তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে মিলন চ্যাটার্জি ঘটনাস্থলের বিভিন্ন বিষয় নতুন তদন্ত কর্মকর্তাকে অবহিত করেন।

ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, রোববার গভীর রাত পর্যন্ত গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাদের বক্তব্য পুলিশের সংবাদ সম্মেলনে তুলে ধরা ঘটনার সঙ্গে মিল রয়েছে।

তিনি বলেন, আসামিরা পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলনে বর্ণিত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে জবানবন্দিতে তারা কিছু অতিরিক্ত তথ্যও যুক্ত করেছেন, যা আগে পুলিশকে জানাননি।

আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার

এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ দাবি করেন, ইয়াবা সেবনে বাধা দেওয়ার কারণে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যা করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই তরুণ ইয়াবা সেবনের উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে উঠেছিলেন। সেখানে শব্দ শুনে গণপতি চক্রবর্তী গেলে তাকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করা হয়।

তবে পুলিশের এই বক্তব্যের পর থেকেই হত্যাকাণ্ডের কারণ, ঘটনার ধারাবাহিকতা এবং প্রাথমিক তদন্ত নিয়ে নানা প্রশ্ন ওঠে। নিহত পরিবারের স্বজন, স্থানীয় বাসিন্দা, সচেতন নাগরিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পক্ষ অধিকতর তদন্তের দাবি জানায়। এ ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তার দুই তরুণের পরিবারও প্রশ্ন তুলেছে, মাত্র দুজন ব্যক্তি কীভাবে একই পরিবারের চার সদস্যকে হত্যা করলেন। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি চিরকুট

আন্দোলনকারীদের প্রশ্ন, গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি ভবনের ছাদে তুলনামূলক নিরাপদ পরিবেশ থাকা সত্ত্বেও অভিযুক্তরা কেন ঝুঁকি নিয়ে তার বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে গেলেন। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তাদের প্রশ্নের জন্ম দিয়েছে।

এ ছাড়া ঘুমন্ত ১২ বছর বয়সী আয়ুস চক্রবর্তী প্রিয়মকে কেন হত্যা করা হলো, হত্যার পর অভিযুক্তরা কেন দীর্ঘ সময় ঘটনাস্থলে অবস্থান করলেন এবং ঘটনার পেছনে পরিকল্পিত হত্যাকাণ্ড বা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না এসব বিষয়ও খতিয়ে দেখার দাবি উঠেছে।

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ২০২৫ সালের ডিসেম্বরে অবসরে যান। অবসরের পর তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন। প্রায় দুই থেকে তিন বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজের নির্মিত দোতলা বাড়ির দোতলায় বসবাস করছিলেন তিনি।

গত শনিবার রাতে ওই বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী পার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিজিবির অভিযানে আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

পুলিশ জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, নতুন তদন্ত কর্মকর্তা ঘটনার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ যুবলীগের বি-ক্ষোভ মিছিল, এক ফাঁড়ির ২৭ পুলিশ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২২ এম


নিষিদ্ধ যুবলীগের বি-ক্ষোভ মিছিল, এক ফাঁড়ির ২৭ পুলিশ প্রত্যাহার

ময়মনসিংহে ২১ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের প্রেক্ষিতে সমালোচনার মুখে নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তাদেরকে পৃথক অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

এই তথ্য সোমবার (২৪ আগস্ট) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই এবং ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনারপাড় এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ সেখানে দায়িত্ব পালনকারী ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে।

এদিকে, ২১ আগস্টের বিক্ষোভ মিছিলের ঘটনার পর গত চার দিনে পুলিশের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক, তানভীর ওরফে লিমন উল্লেখযোগ্য।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

ওসি বলেন, ওই মামলায় গত চার দিনে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

কেরানীগঞ্জের কিছু অঞ্চলে পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমনটি জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের কিছু অংশে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও, কাজ চলাকালে এই এলাকার আশেপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। এর ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের

মার্কিন সিনেটর ক্রিস মারফি মন্তব্য করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসলে একটি ‘লোকদেখানো’ পদক্ষেপ। তিনি উল্লেখ করেছেন যে, সাধারণ মার্কিন নাগরিকদের উপর এই সামরিক ও অর্থনৈতিক চাপের মূল্য চুকাতে হচ্ছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অভিযানটি তেহরানের বৈশ্বিক আর্থিক কর্মকাণ্ড এবং আয়ের উৎসকে লক্ষ্য করে পরিচালিত হবে।

সোমবার ট্রেজারি বিভাগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বেসেন্ট বলেন, নতুন উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ইরানের তেল খাতসহ দেশটির আয়ের বিভিন্ন উৎস বন্ধ করা এবং অন্য দেশ ও প্রতিষ্ঠানগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা না করতে উৎসাহিত করা।

তবে মার্কিন অর্থমন্ত্রীর ঘোষণার পর সিনেটর ক্রিস মারফি এর তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ঘোষিত নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসলে হতাশাজনক একটি লোকদেখানো পদক্ষেপ।

মারফির দাবি, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা অর্জন করতে পারেনি। তিনি বলেন, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোলাবারুদ ও যুদ্ধসরঞ্জামের মজুতও কমে গেছে।

সিনেটর মারফি আরও দাবি করেন, সামরিক অভিযানে ব্যর্থতার পর সেই পরাজয় আড়াল করতেই ট্রাম্প প্রশাসন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র এখনও চাপ প্রয়োগ করে যাচ্ছে এমন একটি বার্তা দিতে চাইছে।

মারফির মতে, যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে এবং এতে ইরান কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাই নতুন নিষেধাজ্ঞাকে তিনি বাস্তব পরিবর্তন আনার পদক্ষেপের বদলে রাজনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

সূত্র : মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় অপরাধ দমন ও জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন এসপি মোঃ তারিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৩ এম


নওগাঁয় অপরাধ দমন ও জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন এসপি মোঃ তারিকুল ইসলাম

নওগাঁ জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে মোঃ তারিকুল ইসলাম যোগদান করার পর থেকেই বদলে যেতে শুরু করেছে পুরো জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং মানবিক পুলিশিং কার্যক্রমের সুবাদে জেলাজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, যোগদানের পর পরই তিনি অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মোড়ে মোড়ে টহল জোরদার, দ্রুত পুলিশি সেবা প্রদান এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট পদক্ষেপ নেন। এর ফলে জেলার থানাগুলোতে সাধারণ মানুষের আস্থা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

নওগাঁর সর্বস্তরের জনগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা পুলিশ সুপারের এই গণমুখী ও কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তাঁকে উষ্ণ সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আগে রাতের বেলায় সড়কে যেসব স্থানে ছিনতাই বা চুরির আশঙ্কা থাকত, বর্তমানে পুলিশের তৎপরতায় সেখানে স্বস্তি ও নিরাপদ পরিবেশ ফিরে এসেছে।

অপরাধ দমনের পাশাপাশি বাল্যবিয়ে রোধ ও ইভটিজিং বন্ধে পুলিশের বিশেষ সচেতনতামূলক অভিযান সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করে জানান, "জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য। নওগাঁবাসীকে একটি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিময় জেলা উপহার দিতে নওগাঁ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে।"

সাধারণ মানুষের আস্থা অর্জন করে নওগাঁ জেলা পুলিশকে একটি জনবান্ধব ও আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করার ক্ষেত্রে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলামের এই ইতিবাচক পদক্ষেপসমূহ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%