ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া সিনেটে রুওয়া রোমানের ইতিহাস


প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া সিনেটে রুওয়া রোমানের ইতিহাস

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক রুওয়া রোমান। তিনি ৭ নম্বর সিনেট ডিস্ট্রিক্টের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করে এই ইতিহাস সৃষ্টি করেছেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, রোমান প্রায় ৬৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী আয়াজ শেখ ৩৪ শতাংশ ভোট অর্জন করেছেন। এর মাধ্যমে রোমান জর্জিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে জায়গা করে নিলেন।

রোমান ২০২২ সালে জর্জিয়ার রাজনীতিতে প্রবেশ করেন। ওই বছর, তিনি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের ৯৭ নম্বর আসনে নির্বাচিত হয়ে প্রথম মুসলিম নারী এবং প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়ার আইনসভায় প্রবেশ করেন।

আরও পড়ুন: বন্ডাই সৈকতে হামলায় আহত ৯০ বছর বয়সী নারীর মৃত্যু

২০২৪ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর, তিনি ২০২৬ সালে অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।

জর্ডানের আম্মানে জন্মগ্রহণকারী রোমান একটি ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সদস্য। আট বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে জর্জিয়ায় চলে আসেন। তার ফিলিস্তিনি পরিচয় রাজনৈতিক অবস্থান এবং জনপরিসরে অধিকার আদায়ের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৪ সালের আগস্টে শিকাগোয় অনুষ্ঠিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বক্তব্য দেওয়ার উদ্যোগের মাধ্যমে রোমান জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। গাজা যুদ্ধ, যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের দাবির বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ন্যাশনাল আনকমিটেড মুভমেন্ট তাকে মনোনীত করেছিল।

কিন্তু কনভেনশনের আয়োজকেরা তাকে প্রতিনিধিদের সামনে বক্তব্য দেওয়ার অনুমতি দেননি। এ ঘটনায় আন্দোলনের সদস্য ও সমর্থকদের মধ্যে সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর, ন্যায়বিচার পাওয়ার আশা বাংলাদেশের

গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে রোমান প্রকাশ্যে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করেছেন।

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন রোমান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি পরিচয়ের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে, এমন প্রচলিত ধারণার বিরোধিতা করেছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে, ২০২৬ সালের নির্বাচনে জর্জিয়ার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন রোমান। তবে পরে তিনি গভর্নর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে মনোযোগ দেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের রান-অফ নির্বাচনে ৬০ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন তিনি। এরপর সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করেন।

রোমানের এই বিজয় জর্জিয়ায় ফিলিস্তিনি-আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে ২০২২ সালে অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

আরও পড়ুন: স্ত্রীকে ‘বাঁচানোর চেষ্টা’ করে ব্যর্থ হয়ে লাশ টুকরো করেন নরেশ

সূত্র: মিডল ইস্ট মনিটর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের পাঠচক্রে সাহিত্যের আলোচনায় তরুণদের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের পাঠচক্রে সাহিত্যের আলোচনায় তরুণদের অংশগ্রহণ

জীবনের গল্প বইয়ের পাতায়, মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের প্রতিচ্ছবি চরিত্রের ভাঁজে ভাঁজে। তরুণ প্রজন্মের সঙ্গে সাহিত্যের পরিচয় ঘটানো এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে রংপুরের গঙ্গাচড়ায় পাঠচক্রের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। এই আয়োজনটি বই পাঠ, সাহিত্য আলোচনা ও ভাবনার আদান-প্রদানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা শুভসংঘের সদস্য ও বইপ্রেমীরা অংশগ্রহণ করেন। পাঠচক্রে দেশের দুই বাংলার পাঠকমহলে পরিচিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের আলোচিত গ্রন্থ নূরজাহান, ডাকাতরাও মানুষ, সেই বিদেশি মেয়ে, ৯ মাস ও রহস্যময় জঙ্গলবাড়িসহ তার বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বইয়ের পাতা থেকে গল্পের অংশ পাঠের পাশাপাশি সাহিত্যকর্মের বিষয়বস্তু, চরিত্রের মনস্তত্ত্ব, জীবনসংগ্রাম ও মানবিক মূল্যবোধ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। গল্পের চরিত্রগুলোর আনন্দ-বেদনা, স্বপ্ন ও বাস্তবতার সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে নেওয়ার চেষ্টা করেন তারা। এতে বই পড়ার আনন্দের পাশাপাশি সাহিত্যকে উপলব্ধি করার এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার সুযোগ তৈরি হয়।

সাহিত্য মানুষের চিন্তাকে প্রসারিত করে, অনুভূতিকে গভীর করে এবং অন্যের জীবন ও অভিজ্ঞতা বোঝার পথ খুলে দেয়। পাঠচক্রে অংশ নেওয়া তরুণদের আলোচনায়ও উঠে আসে সেই জীবনবোধ। পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে জানার আগ্রহ তৈরি এবং নিজেদের চিন্তা প্রকাশের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘প্রযুক্তির এই সময়ে তরুণদের বড় একটি অংশ মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে। তাদের বইমুখী করা এবং চিন্তাশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেই আমাদের এ পাঠচক্রের আয়োজন। আমরা চাই, তরুণ প্রজন্ম বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।’

আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য মোনালিসা, আরমান, কাকুলি খাতুন, এখলাচ, মেহেনাজ খাতুন, হৃদয় ও রিদমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে, বিকশিত হবে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ। বইয়ের সঙ্গে তরুণদের বন্ধন দৃঢ় করার পাশাপাশি সাহিত্যচর্চার এ উদ্যোগ জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনেও ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাগারে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


কারাগারে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

দেশের কারাগারগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সাত দফা নির্দেশনার আলোকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কারা অধিদপ্তর।

এই পদক্ষেপগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে— লকআপের পরবর্তী কার্যক্রমের ওপর কঠোর নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা, দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে নিয়মিত তদারকি করা।

কারাগারে কর্তব্য পালনে অবহেলা, শৃঙ্খলাহীনতা এবং বিদ্যমান নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ না করার কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এবং সংশোধনাগারগুলোর সার্বিক ব্যবস্থাপনা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম জানান, নির্দেশনাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে কারা অধিদপ্তর ইতোমধ্যেই পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, সারা দেশের প্রতিটি কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে এবং সকল কারাগারকে কারা কর্তৃপক্ষের কাছে নিয়মিতভাবে মতামত জমা দিতে হবে।

তিনি আরো বলেন, নির্দেশনাগুলো কতটা মানা হচ্ছে, তা পর্যবেক্ষণের জন্য অধিদপ্তরের অপারেশনাল শাখাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অধিদপ্তর ডেপুটি জেলারসহ অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগও নিয়েছে, যাদেরকে সারাদেশের কারাগারগুলো পর্যবেক্ষণের জন্য নিযুক্ত করা হবে।

সেলিম উল্লেখ করেন, অধিদপ্তরটি নির্দেশনাগুলোর অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন নিশ্চিত করেছে এবং আগামী তিন থেকে চার মাসের মধ্যেই এই পদক্ষেপগুলোর সুফল দৃশ্যমান হবে বলে আশা করা যাচ্ছে।

তিনি আরো জানান, দায়িত্ব পালনে অবহেলার জন্য দোষী সাব্যস্ত কারা কর্মীদের আন্তঃকারাগারে বদলির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

নির্দেশিকা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদিত জরুরি ক্ষেত্র ব্যতীত লক-আপের পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে হবে। যেকোনো ব্যতিক্রমী ব্যবস্থার জন্য জেলারের লিখিত অনুমোদন, একটি নির্দিষ্ট সময়সীমা ও সংশ্লিষ্ট রেজিস্টারে বাধ্যতামূলক নথিভুক্তিকরণ থাকতে হবে।

এই নির্দেশিকায় প্রতিটি কারাগারে ২৪-ঘণ্টা সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানে পৃথক পর্যবেক্ষণ কক্ষ স্থাপন করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তি-দক্ষ কারারক্ষীদের নিযুক্ত করতে হবে। আর যেখানে নির্দিষ্ট কক্ষ নেই, সেখানে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য উপযুক্ত স্থানে মনিটর স্থাপন করতে হবে।

কর্নেল মেসবাহুল আলম সেলিম বলেন, নিরাপত্তাজনিত ত্রুটি রোধ করতে অধিদপ্তরটি দায়িত্বের স্থান থেকে অননুমোদিত অনুপস্থিতির ক্ষেত্রে শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, কোনো প্রহরী বা অন্য কোনো পাহারাদার কর্মীকে অনুমতি ছাড়া নির্ধারিত স্থান ত্যাগ করতে দেখা গেলে, অবিলম্বে লিখিতভাবে জানাতে হবে এবং বিদ্যমান নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অবহেলা বা অননুমোদিত অনুপস্থিতির ঘটনা গোপন করা, রিপোর্ট করতে বিলম্ব বা এড়িয়ে যাওয়া অথবা দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার জন্য তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহি করতে হবে বলে জানান তিনি।

এই নির্দেশিকায় অবহেলার জন্য বারবার রিপোর্ট করা পাহারাদার কর্মীদের জন্য পুনঃপ্রশিক্ষণ, কাউন্সেলিং ও অনুপ্রেরণামূলক ব্যবস্থারও বিধান রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ও প্রশাসনিক স্বার্থে এই ধরনের কর্মীদের বদলি করা হতে পারে অথবা বিদ্যমান প্রবিধান অনুসারে তারা বিভাগীয় কার্যক্রমের সম্মুখীন হতে পারেন।

মেসবাহুল আলম সেলিম বলেন, বৃষ্টি ও বজ্রপাতসহ প্রতিকূল আবহাওয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। প্রহরী কর্মীদেরকে অবশ্যই তাদের নির্ধারিত স্থানে থাকতে হবে এবং দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

অধিদপ্তর কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তত্ত্বাবধান ও আকস্মিক পরিদর্শন পরিচালনার নির্দেশ দিয়েছে। তারা নিরাপত্তা চৌকি, সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা, প্রহরীদের দায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক কার্যকারিতা পরীক্ষা করবেন এবং যেকোনো ত্রুটি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আগস্টে জারি করা সাত দফা নির্দেশনায় সতর্ক করা হয়েছিল যে কারাগারের অভ্যন্তরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো কারাগার প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং বিরূপ জনমত সৃষ্টি করতে পারে।

অধিদপ্তর নিরাপত্তা ত্রুটি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং কারাগার প্রশাসনের প্রতিটি স্তরে বৃহত্তর জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অবিলম্বে এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর: পার্বত্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর: পার্বত্য প্রতিমন্ত্রী

ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজকের শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) এর উদ্যোগে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবীদের উৎসাহিত করার পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে টিসিজেএ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

ভিডিও সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নানা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করেন ক্যামেরা সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুবদলের সহসভাপতি মো. ইকবাল হোসেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার লায়ন সালাউদ্দিন, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান আসিফ চৌধুরী এবং নাগরিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সহসভাপতি সঞ্জীব দে বাবুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪ জন

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে আটক করা হয়েছে। একই সময়ের মধ্যে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

আটককৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন, ওয়ারী বিভাগ থেকে ৯৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৪ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন, এবং এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪.২ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু এবং ২টি কাটার উদ্ধার করা হয়।

আকতার হোসেন জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে ডিএমপি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%