মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৮ পি.এম
পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের জলে অবগাহনের মাধ্যমে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ঐতিহ্যবাহী রাস উৎসবের পুণ্যস্নান পর্ব সমাপ্ত হয়েছে। মঙ্গলবার ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশগ্রহণ করেন।
একই দিন বিকেল থেকে কলাপাড়া পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও লোকজ আয়োজনের মাধ্যমে আগামী তিন দিন মেলাপ্রাঙ্গণ মুখরিত থাকবে।
সোমবার সন্ধ্যায় কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অধিবাসের মাধ্যমে এবারের রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর চলে পূজা-অর্চনা, ভাগবত পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম সংকীর্তন। মঙ্গলবার ভোরে পূর্ণিমার পুণ্যতিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রসৈকতে শুরু হয় পুণ্যস্নান।
ভোর থেকেই সৈকতে জড়ো হতে থাকেন নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। স্নানের পূর্বে কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন। কেউ হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরীতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর নিয়ে সাগরের জলে অর্পণ করেন। নারীদের উলুধ্বনিতে সৈকত মুখর হয়ে ওঠে। অনেকে মানত পূরণ, প্রায়শ্চিত্ত ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মাথা ন্যাড়া করেন এবং পিণ্ডদান করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমার বিশেষ তিথিতে গঙ্গাস্নানের মাধ্যমে পাপমোচন ও পুণ্যলাভ হয়। পাশাপাশি নিজেদের ও পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় তাঁরা এ ধর্মীয় আচার পালন করেন।
স্নান করতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, "নানা রকম সমস্যার মধ্যেই এ বছরটা পার করেছি। সামনের দিনগুলো যাতে ভালো কাটে, সেই মনোবাসনা নিয়ে কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছি। ভালোভাবে ধর্মীয় আচার পালন করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।"
সাতক্ষীরা থেকে আসা পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, "রাস পূর্ণিমার এই বিশেষ তিথিতে গঙ্গাস্নান পাপমোচন ও পুণ্যলাভের একটি পবিত্র মাধ্যম। ভক্তরা বিভিন্ন উপকরণ নিয়ে সাগরের জলে স্নান করেন। এরপর পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে আত্মিক শুদ্ধি অর্জনের পাশাপাশি নিজের ও পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।"
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক নীহার রঞ্জন মণ্ডল বলেন, "প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। পাপমোচন, পুণ্যলাভ, আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষদের মঙ্গল কামনা এবং ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এবারও উৎসবের আয়োজন করা হয়েছে। হাজারো পুণ্যার্থীর আগমনে সৈকত মুখর হয়ে উঠেছিল।"
কুয়াকাটায় পুণ্যস্নানের আনুষ্ঠানিকতা শেষ হলেও রাস উৎসবের আয়োজন চলবে কলাপাড়ায়। মঙ্গলবার বিকেল থেকে পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাসমেলা।
মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, পুণ্যার্থী ও পর্যটকদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুয়াকাটায় পুণ্যস্নান ও ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব মো. আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা সুন্দরভাবে সম্পন্ন করেছেন। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি রওনা হন।
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন তিনি প্রত্যক্ষ করবেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসাদ আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ (২০২৬ সাল) দুপুর ১২টার নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশি আসাদ মোল্যা ঘরের মধ্যে প্রবেশ করে ধর্ষণ করে। একপর্যায়ে বাদীর মেঝো মেয়ে বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদ ভুক্তভোগী শিশুকে ছেড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ভুক্তভোগী শিশুর বাবা ও মাকে খবর দিলে তারা বাইরের কাজ ফেলে রেখে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
এরপর ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন (২৫ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।
এ মামলার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং একই সাথে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আদালত সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে সিটি ব্যাংকে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশনা দিয়েছেন। এই হিসাবগুলোর মোট স্থিতি ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে, যা আবেদনে উল্লেখ করেছেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, আ ন ম আহমাদুল বাশার একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে তার নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের সাথে যুক্ত রয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়েছে। যাচাই বা অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার নামীয় অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা অনুসন্ধানের উদ্দেশ্য ব্যাহত করবে। সুষ্ঠু যাচাই বা অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে ট্রাকের, যার ফলে ১১ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রণালয় একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে বিশেষ জরুরি দল পাঠানো হয়েছে।
অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স দল এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একত্রে উদ্ধার কার্যক্রম ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত সম্পন্ন হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
নিহতদের পরিবারের সদস্যদের প্রতি এবং স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
সূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ