শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:২৬ পি.এম
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেছেন।
তিনি প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য কামনা করে লেখেন, ‘আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করি। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ। তার এই উদার ও সাবলীল স্বভাবের সুযোগ নেয়ার চেষ্টা কেউ কেউ করেন বটে, তবে শেষ পর্যন্ত মানুষ চিনে নিতেও তিনি সক্ষম। ব্যক্তিগত আলাপচারিতায় যেমন যুক্তি ও বিচক্ষণতা দেখা যায়, তেমনি অনুভব করা যায় তার আন্তরিকতা ও সৌহার্দ্য। আমি নানা বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে শেয়ার করার সুযোগ পেয়েছি।’
সবশেষে তিনি জানান, ‘ম্যাডাম খালেদা জিয়ার মতো তিনিও আমার ব্যক্তিগত অর্জনে খুশি হন বলেই জানি। যেমন তৃপ্ত হয়েছিলেন ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্রদূত হিসেবে আমার নিয়োগে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক দিনের সামরিক অভিযানের জন্য রাজি করানোর চেষ্টা করছেন।
চ্যানেল-১৩-এর প্রতিবেদনে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, ইসরাইলের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে হামলার পরিকল্পনা তৈরি করেছে এবং সেই পরিকল্পনা অনুমোদনও পেয়েছে। এখন হামলার সময় নির্ধারণের বিষয়টি বাকি রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল-১২-এর বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর, নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক চেষ্টার অংশ হিসেবে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে বিভিন্ন পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। এজন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৈরি করা হামলার বিভিন্ন পরিকল্পনার জবাবে ইরান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। বিশেষ করে, এমন কোনো সামরিক অভিযান চালানো সম্ভব কি না, যাতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় ইরানের বড় ধরনের পালটা হামলার ঝুঁকি তৈরি না হয়, সে বিষয়েও জানতে চেয়েছে হোয়াইট হাউস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজের ফলে একটি অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে দুজন ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে একজনের নাম পাশা, যিনি ৪০ বছর বয়সী, এবং অপরজন রঞ্জিত, যিনি ৪৫ বছর বয়সী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরের দিকে দগ্ধ অবস্থায় উভয় ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডের কারণে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। উভয়ের শ্বাসনালি পুড়ে গেছে।
ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দগ্ধ দুজনের জন্য সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তবে, তাদের অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্বর হলে গোসল করা সম্পূর্ণ নিরাপদ এবং এটি শরীরের তাপমাত্রা কমাতে সহায়তা করে। তবে গোসল করার সময় স্বাভাবিক অথবা হালকা কুসুম কুসুম গরম পানি ব্যবহার করা উচিত। হালকা কুসুম কুসুম গরম পানিতে গোসল করলে ত্বকের মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপ বেরিয়ে যায়। এটি জ্বরের তীব্রতা কমাতে সহায়ক হয়।
জ্বরের সময় সাধারণত ঘাম ও জীবাণুর কারণে শরীর অস্বস্তিকর হয়ে ওঠে। গোসল করার ফলে ত্বক পরিষ্কার থাকে এবং শরীর অনেকটা ঝরঝরে অনুভব করে। কুসুম গরম পানি শরীরের জড়তা এবং হাত-পায়ের ব্যথা দূর করতে সাহায্য করে। জ্বর সারাতে শুধুমাত্র ওষুধ খাওয়া যথেষ্ট নয়। শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজন। রোগপ্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া উচিত।
অনেকের ধারণা, জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। এটি সঠিক নয়; বরং অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করতে পারে। ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই জ্বরের সময় ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম বা কুসুম কুসুম গরম পানিতে গোসল করা ভালো। প্রয়োজনে কুসুম কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছেও নেওয়া যেতে পারে। বরফশীতল বা অতিরিক্ত ঠান্ডা পানিতে কখনোই গোসল করা উচিত নয়।
ঠান্ডা পানিতে গোসল করলে কাঁপুনি শুরু হতে পারে এবং শরীরের ভেতরের তাপমাত্রা বাড়তে পারে। আবার অতিরিক্ত গরম পানিও ব্যবহার করা উচিত নয়। ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস বা শরীরের তাপমাত্রার চেয়ে সামান্য কম তাপমাত্রার কুসুম কুসুম গরম পানি ব্যবহার করুন।
বর্তমানে ঘরে ঘরে জ্বর হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার গ্রহণ করলে জ্বর ধীরে ধীরে সেরে যায়। কিন্তু জ্বরের সময় কিছু সাধারণ ভুল সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই জ্বরের সময় নিয়মিত অল্প অল্প করে পানি পান করা জরুরি। এর পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ অথবা তাজা ফলের রস খেলে উপকার পাওয়া যায়। এতে মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা এড়ানো সম্ভব।
যদিও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় শরীরের বেশিরভাগ শক্তি রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে ব্যয় হয়। ফলে হজমের প্রক্রিয়াও কিছুটা ধীর হয়ে যেতে পারে। এ কারণে জ্বরের সময় ভাজাভুজি, অতিরিক্ত মসলাদার বা ভারি খাবার এড়িয়ে চলা উচিত। তার পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, পায়েস বা জাউয়ের মতো হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া যেতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে। প্রিয় মানুষের সঙ্গে কথা বলতে, তার খোঁজ নিতে এবং তাকে সালাম জানাতে মন চায়। তবে এমন একজন প্রিয় মানুষ আছেন, যার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য তার সামনে উপস্থিত থাকার প্রয়োজন নেই। পৃথিবীর যে প্রান্তেই থাকুন, তার প্রতি দরুদ শরিফ ও সালাম পাঠালে আল্লাহ তাআলা সেই সালাম তার কাছে পৌঁছে দেন। তিনি হলেন— আমাদের প্রিয়নবী, মানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন, হজরত মুহাম্মদ মুস্তফা (সা.)।
একটু ভাবুন! আপনি নির্জনে বসে দরুদ পাঠ করছেন, হয়তো কেউ জানেও না। কিন্তু আপনার সেই দরুদ ও সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রয়েছে।
এটি কোনো কল্পকাহিনি নয়; বরং রাসুলুল্লাহ (সা.)-এর সহিহ হাদিসে বর্ণিত এক অসাধারণ সুসংবাদ।
আসুন, দরুদ ও সালামের মর্যাদা, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি আমাদের ভালোবাসা এবং এই আমলের অসীম ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে জেনে নিই—
১. আপনার পাঠানো সালামের জবাব দেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)।
রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠানোর ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন—
مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ
‘তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে আমার প্রতি সালাম পাঠায়, অথচ আল্লাহ আমার কাছে আমার রূহ ফিরিয়ে দেন না, যতক্ষণ না আমি তার সালামের জবাব দিই।’ (আবু দাউদ ২০৪১) সুবহানাল্লাহ!
আপনি মদিনায় থাকুন কিংবা বাংলাদেশে, আরব দেশে থাকুন কিংবা পৃথিবীর অন্য কোনো প্রান্তে—আপনি যখন রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সালাম পাঠাবেন, আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় সেই সালাম তার কাছে পৌঁছে যাবে এবং তিনি তার জবাব দেবেন।
এটি একজন মুমিনের জন্য কত বড় সৌভাগ্য!
২. আল্লাহ নিজেই মুমিনদের দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন।
রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা শুধু ভালোবাসার প্রকাশ নয়; এটি আল্লাহর সরাসরি নির্দেশ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন—
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য দোয়া করেন। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি দরুদ পাঠ কর এবং যথাযথভাবে সালাম পেশ কর।’ (সুরা আল-আহযাব: আয়াত ৫৬)
একবার চিন্তা করুন!
যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা দরুদ শরিফ পাঠ করেন, সেই নবীর প্রতি দরুদ শরিফ পাঠ করার নির্দেশ আল্লাহ আমাদের দিয়েছেন। অতএব, দরুদ শরিফ পাঠ কোনো সাধারণ আমল নয়; এটি আল্লাহর নির্দেশ পালন এবং রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।
৩. একবার দরুদ শরিফ পড়লে আল্লাহ দশবার রহমত বর্ষণ করেন।
দরুদ শরিফ পাঠের সবচেয়ে আকর্ষণীয় ফজিলতগুলোর একটি হলো— একবার দরুদ শরিফ পাঠের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত লাভ হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا
‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন।’ (মুসলিম ৪০৮)
সুবহানাল্লাহ! কী অসাধারণ প্রতিদান!
আপনি একবার বললেন—
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
‘হে আল্লাহ! মুহাম্মদ (সা.)-এর প্রতি রহমত বর্ষণ করুন।
আর এর বিনিময়ে আল্লাহ আপনার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন। তাহলে একবার নয়, দশবার নয়, শতবার নয়—যত বেশি সম্ভব দরুদ পাঠের অভ্যাস গড়ে তুলুন।
৪. কিয়ামতের দিন রাসুলুল্লাহ (সা.)-এর নৈকট্য লাভের মাধ্যম দরুদ শরিফ।
প্রত্যেক মুমিনের হৃদয়ে একটি আকাঙ্ক্ষা থাকে—কিয়ামতের কঠিন দিনে যেন রাসুলুল্লাহ (সা.)-এর নৈকট্য লাভ করা যায়। দরুদ পাঠ এই সৌভাগ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً
‘কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি, যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরিফ পাঠ করেছে।’ (তিরমিজি ৪৮৪)
ভাবুন তো!
যে দিন মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, যে দিন কারও সাহায্য করার মতো কেউ থাকবে না, সেই কঠিন দিনে রাসুলুল্লাহ (সা.)-এর নৈকট্য কত বড় সৌভাগ্যের বিষয়! তাই আসুন, দুনিয়ার ব্যস্ততার মাঝেও দরুদ শরিফ পাঠের জন্য সময় বের করি।
৫. জুমার দিনে বেশি বেশি দরুদ শরিফ পাঠ করুন।
জুমার দিন মুমিনের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এই দিনে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার বিশেষ নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
أَكْثِرُوا الصَّلَاةَ عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ وَلَيْلَةَ الْجُمُعَةِ
‘তোমরা জুমার দিন ও জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ শরিফ পাঠ কর।’ (আবু দাউদ ১০৪৭)
অতএব, বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার দিন পর্যন্ত বেশি বেশি দরুদ শরিফ পাঠের অভ্যাস গড়ে তুলুন। কাজের ফাঁকে, চলার পথে, অবসর সময়ে কিংবা নির্জনে বসে—সব অবস্থায় দরুদ শরিফ পাঠ করা যায়।
৬. কোন দরুদটি পাঠ করবেন?
দরুদ পাঠের ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো দরুদে ইবরাহিমি অত্যন্ত মর্যাদাপূর্ণ। সাহাবায়ে কেরাম একবার রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, কীভাবে তার প্রতি দরুদ শরিফ পাঠ করতে হবে? তখন তিনি তাদের দরুদে ইবরাহিমি শিখিয়ে দেন।
দরুদে ইবরাহিম
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ - اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَাহِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইবরাহিম ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামদুম মাঝিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইবরাহিম ওয়া আলা আলি ইবরাহিম, ইন্নাকা হামদুম মাঝিদ।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) ও তার পরিবারের প্রতি রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইবরাহিম (আ.) ও তার পরিবারের প্রতি রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মদ (সা.) ও তার পরিবারের প্রতি বরকত দান করুন, যেমন আপনি ইবরাহিম (আ.) ও তার পরিবারের প্রতি বরকত দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত।’ (বুখারি ৩৩৭০, মুসলিম ৪০৬)
এ ছাড়াও সংক্ষিপ্তভাবে দরুদ শরিফ পড়তে পারেন—
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
উচ্চারণ: ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’
অর্থ: ‘আল্লাহ তাঁর প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন।’
অথবা—
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।’
অর্থ: ‘হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মদ ﷺ-এর প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন।’
৭. দরুদ শরিফ পাঠের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করুন।
রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা শুধু মুখে দরুদ শরিফ পাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করাও প্রকৃত ভালোবাসার পরিচয়। আল্লাহ তাআলা বলেন—
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন।’ (সুরা আল-ইমরান: আয়াত ৩১)
এই আয়াত আমাদের শেখায়, ভালোবাসার প্রকৃত প্রমাণ হলো অনুসরণ। তাই আমরা যেন—
কারণ, প্রকৃত আশেকে রাসুল সেই ব্যক্তি, যার জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শের প্রতিফলন ঘটে।
৮. অন্যকে দরুদ শরিফ পাঠে উৎসাহিত করুন।
নিজে একটি ভালো আমল করা যেমন সওয়াবের কাজ, অন্যকে সেই ভালো আমলের প্রতি উৎসাহিত করাও অনেক বড় নেকির কাজ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ
‘যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব পায়।’ (মুসলিম ১৮৯৩)
তাহলে আপনি নিজে দরুদ শরিফ পাঠ করুন এবং পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদেরও দরুদ শরিফ পাঠে উৎসাহিত করুন। এই লেখাটি অন্যের কাছে পৌঁছে দিন, যাতে তারাও দরুদ শরিফ পাঠের ফজিলত জানতে পারেন এবং আমল করতে পারেন। হয়তো আপনার একটি শেয়ার, একটি উপদেশ কিংবা একটি স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে অসংখ্য মানুষ দরুদ শরিফ পাঠে অভ্যস্ত হয়ে উঠবে।
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা!
ভালোবাসার মানুষটিকে ভুলে যাবেন না!
আমরা প্রতিদিন কত মানুষের কথা স্মরণ করি, কত মানুষের সঙ্গে যোগাযোগ করি, কত ব্যস্ততায় সময় পার করি! অথচ যার মাধ্যমে আমরা ইমানের আলো পেয়েছি, যার মাধ্যমে আল্লাহর দ্বীন আমাদের কাছে পৌঁছেছে, সেই প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ শরিফ পাঠের কথা অনেক সময় ভুলে যাই।
একটু ভাবুন, আপনি যখন রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সালাম পাঠান, আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় তিনি সেই সালামের জবাব দেন। এর চেয়ে আনন্দের বিষয় একজন মুমিনের জীবনে আর কী হতে পারে!
তাহলে আসুন, আজ থেকেই একটি সুন্দর অভ্যাস গড়ে তুলি। প্রতিদিন কিছু সময় নির্ধারণ করি দরুদ শরিফ পাঠের জন্য। সকাল-সন্ধ্যায়, কাজের ফাকে, চলার পথে এবং বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ শরিফ ও সালাম পাঠ করি।
মনে রাখবেন, দরুদ শরিফ পাঠের জন্য কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের অপেক্ষা করতে হয় না। আপনি যেখানেই থাকুন, আন্তরিকতার সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠ করতে পারেন। আসুন, আমাদের জিহ্বা দরুদ শরিফে সিক্ত হোক, হৃদয় রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসায় পরিপূর্ণ হোক এবং জীবন তার সুন্নাহর আলোয় আলোকিত হোক।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করার, তার সুন্নাহ অনুসরণ করার এবং কিয়ামতের দিন তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ