প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন। তিনি সম্প্রতি কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক দিনের সামরিক অভিযানের জন্য রাজি করানোর চেষ্টা করছেন।
চ্যানেল-১৩-এর প্রতিবেদনে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, ইসরাইলের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে হামলার পরিকল্পনা তৈরি করেছে এবং সেই পরিকল্পনা অনুমোদনও পেয়েছে। এখন হামলার সময় নির্ধারণের বিষয়টি বাকি রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল-১২-এর বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর, নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক চেষ্টার অংশ হিসেবে নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।
এদিকে, বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে বিভিন্ন পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। এজন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তৈরি করা হামলার বিভিন্ন পরিকল্পনার জবাবে ইরান কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। বিশেষ করে, এমন কোনো সামরিক অভিযান চালানো সম্ভব কি না, যাতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় ইরানের বড় ধরনের পালটা হামলার ঝুঁকি তৈরি না হয়, সে বিষয়েও জানতে চেয়েছে হোয়াইট হাউস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন