০২:৪৪ পি.এম
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গণপরিবহন চালক, সুপারভাইজার এবং হেলপারদের জন্য ডোপ টেস্ট কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা পরিবহন মালিক সমিতির সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রমে যদি মাদকসেবনের প্রমাণ মেলে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করার পাশাপাশি প্রচলিত আইনের অধীনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে পরিচালিত এই কার্যক্রমে বিভিন্ন রুটে চলাচলকারী স্থানীয় পরিবহনগুলোর চালক, সুপারভাইজার এবং হেলপারদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে। পরিবহনগুলোর মধ্যে রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জে আর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন, জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মর্ডাণ পরিবহন, সৌদিয়া পরিবহন এবং বিআরটিসি অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
বুধবার (২৯ জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার মাধ্যমে যদি কোনো চালক, সুপারভাইজার বা হেলপারের শরীরে মাদকসেবনের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুতির পাশাপাশি প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশ দূরপাল্লার গণপরিবহনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, নির্ধারিত সময় পর পর বাধ্যতামূলকভাবে চালক পরিবর্তন নিশ্চিত করা, পর্যাপ্ত বিশ্রাম ছাড়া কোনো চালককে দীর্ঘ সময় একটানা গাড়ি চালাতে না দেওয়া, চালকের শারীরিক ও মানসিক সক্ষমতা নিশ্চিত করে যানবাহন পরিচালনার অনুমতি দেওয়া, মাদকাসক্ত, অসুস্থ বা ক্লান্ত অবস্থায় কোনো চালককে গাড়ি চালাতে না দেওয়া, অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিং পরিহার করা এবং ট্র্যাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে মেনে চলা। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
জেলা পুলিশের মতে, মাদকাসক্ত অবস্থায় যানবাহন পরিচালনা জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত ডোপ টেস্ট কার্যক্রম এবং পরিবহন খাতে প্রয়োজনীয় তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সকল পরিবহন মালিক, শ্রমিক, চালক, সুপারভাইজার এবং হেলপারদের মাদকমুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন