ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গিলের দাবি, সালাইভা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে


গিলের দাবি, সালাইভা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মোহাম্মদ সিরাজকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না—এ কথা স্বীকার করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে তিনি দাবি করেছেন, বর্তমান ফর্মের ভিত্তিতে সেরা বোলিং আক্রমণ বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে বলের মান এবং বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছেন গিল।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে গিল বলেন, সিরাজ তাঁর ভালো বন্ধু। ভারতের হয়ে অভিষেকের আগে থেকেই তাঁদের বন্ধুত্ব রয়েছে। তাই সিরাজকে একাদশের বাইরে রাখা ব্যক্তিগতভাবে কঠিন ছিল। তবে তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে সিরাজের সঙ্গে কথা বলেছেন।

গিলের ভাষায়, ‘সিরাজ খুব ভালো খেলোয়াড় ও দারুণ বোলার। তাঁকে বাদ দেওয়া আমার জন্যও কঠিন সিদ্ধান্ত ছিল। তবে কখন কোন বোলার ভালো ছন্দে আছে, সেটিও দেখতে হয়। ম্যাচের আগে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। কেন তাঁকে খেলানো হচ্ছে না, সেটি বুঝিয়ে বলেছিলাম। সে বিষয়টি বুঝেছে।’

আরও পড়ুন: লা লিগায় ১৫ বছরের পরিশ্রমে সিমিওনের রেকর্ড ৩৪৫ জয়

সিরাজের সাম্প্রতিক ফর্ম নিয়েও আলোচনা করেছেন গিল। তাঁর মতে, একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন সময় আসতেই পারে, যখন তিনি নিজের সেরা অবস্থায় থাকেন না। তবে পরিশ্রম করে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সিরাজের পরিবর্তে ওয়েলিংটন টেস্টে ভারতের একাদশে জায়গা পান জাসপ্রিত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও আনশুল কাম্বোজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজাকেও একাদশের বাইরে রাখা হয়।

শুধু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নয়, ম্যাচে বলের মান নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন গিল। তাঁর দাবি, ২৫ থেকে ৩০ ওভার খেলার পরই বল অনেকটা নরম হয়ে যাচ্ছিল। এতে পেসারদের জন্য উইকেট নেওয়া কঠিন হয়ে পড়ে। বলের মান আরও ভালো হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।

এছাড়া বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোভিড-১৯ মহামারির সময় সংক্রমণের ঝুঁকি কমাতে ২০২০ সালে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা চালু করেছিল আইসিসি। ২০২২ সালে সেটি স্থায়ী করা হয়। বর্তমানে বলের এক পাশ চকচকে করতে ঘাম ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা, তবে লালা ব্যবহারের অনুমতি নেই।

আরও পড়ুন: ভারত ৭২০ রান করেও ১৫ ওভার আগে ড্র মেনে নিল

গিলের প্রশ্ন, ‘কোভিডের সময় তো অনেক আগেই পেরিয়ে এসেছি। এখনো কেন লালা ব্যবহার করে বল চকচকে করার অনুমতি নেই, বুঝতে পারি না। আমার মনে হয়, এটিও বড় একটি বিষয়।’

ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৭০২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত অলআউট করতে না পারায় জয় পাওয়া হয়নি ভারতের।

শেষ দিনে ১১৯ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান, ৫ উইকেটে। ড্যারিল মিচেল ৪৯ রানে অপরাজিত থাকেন, গ্লেন ফিলিপস করেন অপরাজিত ২৬ রান। দুজনের প্রতিরোধেই ড্র নিশ্চিত করে নিউজিল্যান্ড।

টানা দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় হতাশা লুকাননি গিল। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে টেস্টে ড্রয়ের ঘটনা তুলনামূলক কম হওয়ায় এমন ফলের সঙ্গে অভ্যস্ত নয় ভারত।

আরও পড়ুন: বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের টস দেরিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শিক্ষার্থীদের বাসে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ফাহিম হোসেন রিজু আশুলিয়া (সাভার) প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


আশুলিয়ায় শিক্ষার্থীদের বাসে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

 

আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলাকালে কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে হামলা ও ভাঙচুর করেছেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের তিনটি কারখানার (নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি এবং নিউ এইজ অ্যাপারেলস) প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক কারখানায় প্রবেশ করেন। প্রবেশের পর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সকাল ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

ছুটির পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা সড়কে বেরিয়ে এসে অবরোধের চেষ্টা করেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাসে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। একই সঙ্গে শ্রমিকদের একটি দল পার্শ্ববর্তী আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।

খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এতে জমায়েত হওয়া শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের পদক্ষেপে শ্রমিকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হলে রাস্তায় পড়ে গিয়ে নিউ এইজ গ্রুপের তিন নারী শ্রমিক সিরাতুব, রেখা ও সুইটি আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস এবং ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%