ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউপি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি


ইউপি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে।

তারা জানিয়েছেন, কমিশনের পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, ২৯ বা ৩০ নভেম্বর থেকে এই সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপের কার্যক্রম শুরু হতে পারে।

আরও পড়ুন: কালিয়াকৈর হাসপাতালে রোগী সেজে চুরির চেষ্টা, ৪ নারী আটক

ইসির কর্মকর্তারা আরও জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভাও অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়ে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে জানিয়ে ইসির কর্মকর্তারা বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, যা সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে প্রকাশিত হবে।

তারা আশা প্রকাশ করেছেন যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনি আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন কমিশনের শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে মডেল প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক: মঈন খান

ইসির কর্মকর্তারা আরও জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিনদিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়াও পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে।

তিনি আরও বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে আমি মনে করি।

আরও পড়ুন: আশুলিয়ায় ২১ পোশাক কারখানায় ছুটি, শ্রমিকদের হামলায় আহত ৩

তিনি আরও বলেন, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকাভিত্তিকও মিটিং হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সিদ্ধান্ত এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপি নেতারা

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪ টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিনদিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। সূত্র: বাসস

আরও পড়ুন: উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের কৃষি খাতে বিদেশি শ্রমিকের চাহিদায় এগিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


জাপানের কৃষি খাতে বিদেশি শ্রমিকের চাহিদায় এগিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো

বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার শ্রমিকরা জাপানের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির খামারগুলোতে দীর্ঘমেয়াদী শ্রমিক সংকটের মোকাবেলায় বিদেশি শ্রমিক নিয়োগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার শ্রমিকদের চাহিদা বাড়ছে। দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষ বিদেশি শ্রমিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করছে টোকিওভিত্তিক সংস্থা ‘মিরাই’। সংস্থাটি বাংলাদেশিদের কৃষিকাজের জন্য জাপানে পাঠানোর উদ্যোগ নিয়েছে, যা এই প্রথম। ভিয়েতনাম ও ফিলিপাইন থেকে শ্রমিক আসার প্রবাহ কমে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো জাপানের জন্য নতুন শ্রমিকের উৎস হয়ে উঠছে।

গত আগস্টে জাপানের ‘নির্দিষ্ট দক্ষ শ্রমিক’ কর্মসূচির আওতায় কৃষি খাতের পরীক্ষায় উত্তীর্ণ হন মিরাইয়ের অংশীদার একটি স্কুলের দুই বাংলাদেশি শিক্ষার্থী। আগামী কয়েক মাসের মধ্যে তারা জাপানের উত্তর-পূর্বাঞ্চলে কাজ শুরু করবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের ময়মনসিংহের ২১ বছর বয়সী মুহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন, ‘আমি জাপানে যেতে এবং দেশটির কৃষি সম্পর্কে জানতে খুবই আগ্রহী।’ তিনি আরও বলেন, ‘আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুরগির যথাযথ যত্ন নিতে চাই।’

বাংলাদেশের বরিশালের ২০ বছর বয়সী সিয়াম উর রহমানও জাপানে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। তিনি বলেন, ‘জাপানে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করতে চাই।’ তিনি জাপানের তুষার দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে ‘টাইপ-১’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি শ্রমিকের সংখ্যা গত বছরের জুনের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এই श्रেণির শ্রমিকেরা সাধারণত সর্বোচ্চ পাঁচ বছর জাপানে থাকার অনুমতি পান। বাংলাদেশি দুই প্রার্থী মুহাম্মদ আহসান হাবিব ও সিয়াম উর রহমানও এই কর্মসূচির আওতায় জাপানে কাজ করবেন।

জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী, কৃষি খাতে বিদেশি শ্রমিকের সংখ্যা অনুযায়ী শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটি থেকে আসা শ্রমিকের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নেপাল থেকে আসা শ্রমিকের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৯১৬ জন, শ্রীলঙ্কা থেকে ৬০ শতাংশ বেড়ে ৬৩৮ জন এবং বাংলাদেশ থেকে ১২৭ শতাংশ বেড়ে ৩৩৪ জনে পৌঁছেছে। অর্থাৎ, তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে আসা শ্রমিকের সংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি।

মিরাই-এর মূল কোম্পানি ‘সাসটেইনেবল হোল্ডিংস’-এর ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা জানিয়েছেন, ভিয়েতনাম, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে মজুরি বেড়ে যাওয়ার কারণে, সেসব অঞ্চল থেকে কৃষি শ্রমিকদের জাপানে নিয়ে আসার ক্ষেত্রে জাপান ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোমুরা বলেন, ‘আমরা এখন শ্রমশক্তির উৎসের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দিকে ঝুঁকে পড়ছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বড় কোনো কৃষিপ্রধান দেশ না হলেও, এটি একটি কৃষিভিত্তিক রাষ্ট্র, যেখানে প্রায় ১৭ কোটি মানুষের বসবাস এবং উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

২০১৮ সাল থেকে সাসটেইনেবল হোল্ডিংস, মিরাই-এর মাধ্যমে এশিয়াজুড়ে বিদেশি কর্মীদের জন্য প্রশিক্ষণ ও তাদের ধরে রাখার কর্মসূচি পরিচালনা করে আসছে। কোম্পানিটির অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমার জুড়ে বিস্তৃত। এছাড়া শ্রীলঙ্কা ও নেপালকেও এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে।

১৮ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে নারীরা সাধারণত সেবা প্রদানকারী (কেয়ারগিভিং) পেশার দিকে আগ্রহী হন, আর পুরুষরা কৃষিকাজ বেছে নেন। নোমুরার ভাষ্যমতে, কৃষিখাতে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ (স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার) হিসেবে স্বীকৃতি পেতে হলে প্রার্থীদের জাপানি ভাষার ‘এন৪’ পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং কৃষিসংক্রান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় সফল হতে হয়।

তিনি বলেন, ‘জাপান উন্নত কৃষিপ্রযুক্তির জন্য পরিচিত। এ কারণে অনেকেই জাপানে কাজের অভিজ্ঞতা অর্জনের পর অস্ট্রেলিয়া বা ইসরায়েলের খামারে কাজ করেন। আবার কেউ কেউ নিজ দেশে ফিরে কৃষিভিত্তিক ব্যবসা শুরু করেন।’ বাংলাদেশে মিরাইয়ের তিনটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত। এসব প্রতিষ্ঠানে জাপানে কাজ করতে আগ্রহীদের ভাষা ও প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ঢাকার একটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে জাপানি ভাষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন জাপানি প্রশিক্ষক নূর নবি নোরিকো। হাবিব ও রহমান জাপানি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। তাদের এই সাফল্যকে নিজের জন্য ‘অত্যন্ত আনন্দের’ বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশে দুই দশক ধরে বসবাস করছেন নূর নবি। এ সময়ে স্থানীয় মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তার মতে, বিদেশি কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিতে হলে সাংস্কৃতিক পরিচয়, জীবনযাপন ও মানসিকতা সম্পর্কে ভালোভাবে জানা জরুরি।

তিনি আরো বলেন, জাপানে বিদেশি কর্মীদের জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নিরাপদে দীর্ঘদিন কাজ করতে পারবেন এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবেন।

জনসংখ্যার বার্ধক্যসহ বিভিন্ন কারণে জাপানের কৃষি খাতে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট চলছে। এ সংকট মোকাবিলায় দেশটি বিদেশি কর্মীদের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের কৃষি খাতে ‘টাইপ-১’ ও ‘টাইপ-২’ বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী এবং কারিগরি প্রশিক্ষণার্থী মিলিয়ে মোট ৬৭ হাজার ৯০৫ জন বিদেশি কাজ করেছেন। এর মধ্যে ‘টাইপ-২’ কর্মীরা নির্দিষ্ট সময়সীমা ছাড়াই জাপানে থাকার সুযোগ পান।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির কৃষি খাতে কর্মরত ৩৯ হাজার ২৩৪ জন নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীর ৬০ শতাংশের বেশি এসেছেন ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে।

তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও শ্রমবাজারের পরিবর্তিত পরিস্থিতির কারণে জাপানে দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নোরিয়ুকি তাকাকুরা জানিয়েছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ নিষ্ঠাবান ও পরিশ্রমী হিসেবে পরিচিত। এ কারণে জাপানে তাদের বেশ ভালোভাবে গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, সাসটেইনেবল হোল্ডিংস এশিয়ার বিভিন্ন দেশে মিরাইয়ের সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে। পাশাপাশি, জাপানে পৌঁছানোর পর তাদের আবাসনের ব্যবস্থা করতেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জানিয়ে তাকাকুরা বলেন, ‘আমরা পর্যায়ক্রমে প্রতিটি দেশে কৃষিবিষয়ক প্রশিক্ষণের পরিধি বাড়াব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তারকে থানায় দিলেন ছাত্রদল নেত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


টঙ্গীতে ছাত্রলীগের সাবেক নেত্রী তানিয়া আক্তারকে থানায় দিলেন ছাত্রদল নেত্রীরা

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসীকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন ছাত্রদলের নেত্রীরা। রোববার (২২ নভেম্বর) রাতে টঙ্গীর সেনাকল্যাণ এলাকা থেকে তাঁকে আটক করে পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

আটক হওয়া তানিয়া আক্তার তাপসী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগেরও সাবেক নেত্রী।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেত্রী বর্তমানে থানায় আটক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন তিনি।

সম্প্রতি গোপালগঞ্জের একটি ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে নিজের ছবি প্রকাশ করে তিনি আলোচনায় আসেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, তানিয়া আক্তার তাপসী চাকরির সাক্ষাৎকার দিতে ইউএস-বাংলা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে ৫ শিশু নিহত

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণের ফলে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে এবং একজন আহত হয়েছে। রোববার এ তথ্য দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে পুঁতে রাখা একটি মাইন থেকে এই বিস্ফোরণ ঘটে। ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকার উম খুজাইম গ্রামে এই ঘটনা সংঘটিত হয়।

১৩ বছরের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধের পরেও সিরিয়ার বিভিন্ন স্থানে স্থলমাইন ও অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে রয়েছে। যুদ্ধকালীন সময়ে বিভিন্ন পক্ষ দেশটির বিভিন্ন স্থানে এসব মাইন পুঁতে রাখে।

২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতন থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুর সময় পর্যন্ত জাতিসংঘের মাইন অপসারণ কর্মসূচির অধীনে পরিচালিত দেশব্যাপী সমন্বয় ব্যবস্থার তথ্য অনুযায়ী, সিরিয়ায় বিস্ফোরক অস্ত্রের ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনাগুলোর ফলে ২ হাজার ৩৭৫ জন নিহত বা আহত হয়েছেন, যার মধ্যে ৮৫০ জনের বেশি শিশু রয়েছে।

বেসরকারি সংস্থা হ্যালো ট্রাস্টের সিরিয়া কর্মসূচির ব্যবস্থাপক সাইমন জ্যাকসন গত সেপ্টেম্বরে এএফপিকে জানান, স্থলমাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের কারণে সিরিয়ায় প্রতি ছয় ঘণ্টায় গড়ে একজন নিহত বা আহত হচ্ছেন।

ল্যান্ডমাইন অ্যান্ড ক্লাস্টার মিউনিশন মনিটরের জুনে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বে মাইন ও বিস্ফোরক যুদ্ধাবশেষের কারণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিরিয়ায়। ওই বছরে দেশটিতে ১ হাজার ৬০০ মানুষ নিহত বা আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণে জরুরি সাড়াদান ও সমন্বয়ের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণে জরুরি সাড়াদান ও সমন্বয়ের গুরুত্ব

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরি সাড়াদান পদ্ধতির উন্নয়নের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণটি সোমবার (২৩ নভেম্বর) অষ্টগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম-২) উপপরিচালক কাজী মো. লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

প্রশিক্ষণের সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ, দুর্যোগকালীন কার্যকর সমন্বয়, প্রস্তুতি এবং তাৎক্ষণিক করণীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও, দুর্যোগের ঝুঁকি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমানোর জন্য সংশ্লিষ্ট কমিটির সদস্যদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

এই প্রশিক্ষণের আয়োজন উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এর বাস্তবায়নে করা হয়, যা অষ্টগ্রাম, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%