০১:০৯ এম
২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) বা ভাসমান জেটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে সমুদ্রে নোঙর করা বড় জাহাজ (মাদার ভেসেল) থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল পরিবহন সম্ভব হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের কাজ শেষ হবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যাবে। এসপিএম চালু হলে তেল খালাসের সময় কমবে এবং পরিবহন ব্যয় ও তেল পরিবহনে ক্ষতি কমবে। ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকার সাশ্রয় হবে বলে সংস্থাটি আশা করছে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসপিএম চালুর আশা করছে বিপিসি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তিনি উল্লেখ করেন, বর্তমানে সমুদ্রে বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি তেল খালাস করতে হয়। এই প্রক্রিয়ায় অতিরিক্ত পরিবহন ব্যয় ও সময় লাগে। এসপিএম পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা গেলে লাইটার জাহাজের ব্যবহার, সময়, পরিবহন ব্যয় এবং তেল পরিবহনে ক্ষতি কমানো সম্ভব হবে। ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল
বিপিসি গত ৫ নভেম্বর এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টালের সঙ্গে চুক্তি করেছে। ঢাকায় বিপিসির লিয়াজোঁ অফিসে পাঁচ বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল্য ধরা হয়েছে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার।
বর্তমানে আমদানি করা জ্বালানি তেলবাহী বড় জাহাজ বা মাদার ভেসেল সরাসরি ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) জেটিতে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের চ্যানেল ও নাব্যতাসংক্রান্ত সীমাবদ্ধতা এর প্রধান কারণ। এই কারণে বড় জাহাজগুলো বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর বা কুতুবদিয়া দ্বীপের কাছাকাছি গভীর সমুদ্রে অবস্থান করে। সেখান থেকে ছোট লাইটার ট্যাংকারে তেল স্থানান্তর করা হয়। পরে এসব ট্যাংকারে করে তেল ইআরপিএলসির জেটি বা সংরক্ষণাগারে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ১১ থেকে ১২ দিন সময় লাগে।
এসপিএম চালু হলে এ পদ্ধতির পরিবর্তন আসবে। বড় জাহাজ থেকে ভাসমান মুরিংয়ের মাধ্যমে সমুদ্রের তলদেশের পাইপলাইনের মাধ্যমে সরাসরি মহেশখালীর সংরক্ষণাগারে তেল পাঠানো হবে। এরপর সেখান থেকে অপরিশোধিত তেল পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পৌঁছাবে। অন্যদিকে, ডিজেল সরবরাহ করা হবে যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায়।
বিপিসির কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে তেল পরিবহনে ১১ থেকে ১২ দিন সময় লাগে। এসপিএম চালু হলে তা ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সম্পন্ন করা সম্ভব হবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং ছোট লাইটার ট্যাংকারের ব্যবহারও কমবে। ফলে পরিবহন ব্যয় ও সিস্টেম লস কমানোর সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা উদযাপন
বিপিসি জানায়, দেশের জ্বালানি তেল আমদানি, খালাস ও পরিবহনব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ৮ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় ২০১৮ সালে প্রকল্পের কাজ শুরু হয়। বিপিসির পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করে ইআরপিএলসি। ২০২৪ সালের মার্চে নির্মাণ ও কমিশনিংয়ের কাজ শেষ হবে।
প্রকল্পের আওতায় মহেশখালীর পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে একটি ভাসমান মুরিং স্থাপনা বা বয়া নির্মাণ করা হয়েছে। এ স্থাপনার মাধ্যমে বড় জাহাজ থেকে সরাসরি তেল খালাস করা হবে। মহেশখালী থেকে চট্টগ্রামের পতেঙ্গা পর্যন্ত সমুদ্রের তলদেশ ও স্থলভাগ মিলিয়ে ১১০ কিলোমিটার দীর্ঘ পথে দুটি সমান্তরাল পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাইপলাইন দুটির মোট দৈর্ঘ্য ২২০ কিলোমিটার। একটি পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেল এবং অন্যটি দিয়ে পরিশোধিত ডিজেল পরিবহন করা হবে।
প্রতিটি পাইপলাইনে প্রতি ঘণ্টায় ৯০০ ঘনমিটার তেল পাম্প করার সক্ষমতা রয়েছে। অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। অন্য পাইপলাইন দিয়ে ডিজেল মহেশখালীর সংরক্ষণাগার থেকে সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।
প্রকল্পের আওতায় মহেশখালীতে পাম্পিং স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) নির্মাণ করা হয়েছে। সেখানে ছয়টি বড় সংরক্ষণ ট্যাংক এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো রয়েছে। এসব অবকাঠামোর মাধ্যমে আমদানি করা তেল খালাস, সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: নাগেশ্বরীর খানাখন্দে ভরা সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে
মহেশখালীতে ২ লাখ টন তেল সংরক্ষণ
এসপিএম প্রকল্পের আওতায় মহেশখালীতে মোট দুই লাখ মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল এবং ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল রাখা যাবে।
মাদার ভেসেল থেকে পাইপলাইনের মাধ্যমে খালাস করা অপরিশোধিত তেল প্রথমে মহেশখালীর সংরক্ষণাগারে রাখা হবে। এরপর তা পাইপলাইনে চট্টগ্রামের পতেঙ্গায় ইআরপিএলসিতে পাঠানো হবে। অন্যদিকে, সংরক্ষণাগারে রাখা ডিজেল যমুনা অয়েল কোম্পানির ডিপোসহ সংশ্লিষ্ট স্থাপনায় সরবরাহ করা হবে।
এ ব্যবস্থায় আমদানি করা তেল দ্রুত খালাস ও মজুত করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ সহজ হবে। পরবর্তী সময়ে পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে ফতুল্লা ও নারায়ণগঞ্জ পর্যন্ত জ্বালানি সরবরাহ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, জীবনের বিনিময়ে হলেও আদায় করবো: সিলেটে পীরসাহেব মধুপুর
নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ
এসপিএম প্রকল্পের বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিপিসি।
চুক্তি অনুযায়ী, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পাইপলাইন, বয়া ও সংশ্লিষ্ট স্থাপনার পরিচালনাগত দায়িত্ব পালন করবে। কার্যক্রম চলাকালে কোনো ক্ষয়ক্ষতি হলে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মেরামতও করবে প্রতিষ্ঠানটি।
বিপিসি জানায়, প্রাকৃতিক দুর্যোগ, জোয়ার-ভাটা ও প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রকল্পটির নকশা করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে স্থাপনাটির কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বরগুনায় আবহাওয়া অফিস স্থাপন, গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক ও গণকবর সংরক্ষণের আহ্বান
পাঁচ বছরের চুক্তির মেয়াদে পিটি পার্টামিনা এসপিএম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এ সময় প্রতিষ্ঠানটি বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের স্থাপনাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। চুক্তির মেয়াদ শেষ হলে বিপিসি নিজেই এটি পরিচালনার দায়িত্ব নেবে বলে জানিয়েছ বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসপিএমের পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রয়োজন ইআরপিএলসি-২।
এসপিএমের অপরিশোধিত তেল পরিবহনের বার্ষিক নকশাগত সক্ষমতা ৪৫ লাখ মেট্রিক টন। তবে বর্তমানে ইআরপিএলসির একটি ইউনিটে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করা যায়। ফলে এখনই পাইপলাইনটির পূর্ণ সক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ সক্ষমতা কাজে লাগাতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরপিএলসি-২ প্রকল্প বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এটি চালু হলে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বাড়বে। তখন এসপিএমের মাধ্যমে আরও বেশি তেল পরিবহন ও পরিশোধন করা সম্ভব হবে।
আরও পড়ুন: দম্পতির অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে ২ যুবক কারাগারে
বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, এসপিএম থেকে পূর্ণ সুবিধা পেতে ইআরপিএলসি-২ প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হওয়া গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইউনিট চালুর সময়সীমা ২০৩০ সালের মধ্যে। এর আগে এসপিএম যাতে কম ব্যবহৃত অবস্থায় না থাকে, সেজন্য বিকল্পভাবে এটি ব্যবহারের উপায় খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, এসপিএমের বিকল্প ব্যবহার নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। কীভাবে স্থাপনাটি আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে বিপিসি কাজ করছে।
বিপিসির আশা, এসপিএম চালু হলে আমদানি করা জ্বালানি তেল খালাস ও পরিবহনে সময় কমবে। এতে লাইটার জাহাজের ওপর নির্ভরতা কমবে এবং পরিবহন ব্যয় সাশ্রয় হবে। তবে প্রকল্পটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে ইআরএল-২ চালু করা এবং এসপিএমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন