ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বে বিভিন্ন গণহত্যার বিচার কীভাবে হয়েছে, রায় আজ ঘোষণা হবে


বিশ্বে বিভিন্ন গণহত্যার বিচার কীভাবে হয়েছে, রায় আজ ঘোষণা হবে

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সাত বছর পর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এই রায় ঘোষণা করবে।

বৃহস্পতিবার হেগের স্থানীয় সময় সকাল ১০টায় দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।

২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে-তে এই অভিযোগ দায়ের করেছিল।

আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

গাম্বিয়ার অভিযোগ দায়েরের পরের বছর জানুয়ারিতে আইসিজে একটি অভ্যন্তরীণ রায় দিয়েছিল। সেই রায়ে রাখাইনের অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি আরও কিছু আদেশ দেওয়া হয়েছিল।

রোহিঙ্গা গণহত্যা অভিযোগে গাম্বিয়ার করা মামলার চূড়ান্ত রায় দিতে যাচ্ছে আদালত। জাতিসংঘের এই বিচার আদালতের রায় নিয়ে শুধু রোহিঙ্গা জনগণের নয়, বরং বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের মানুষেরও আগ্রহ রয়েছে।

তবে আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা মনে করেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে সত্যিকার অর্থে কতটা বিচার প্রতিষ্ঠা হবে, সে বিষয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন বিবিসি বাংলাকে বলেন, "এটুকু বলতে পারি এই রায়ে তো কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনা যাবে না। এখানে কোনো দণ্ড হবে না। শুধু তারা একটা ঘোষণা দিতে পারে"।

আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার

এর আগে বিশ্বের ইতিহাসে জাতিগত নিধন ও আন্তর্জাতিক গণহত্যার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিচার হয়েছে। তবে, সবগুলো যে আন্তর্জাতিক বিচার আদালতে হয়েছে কিংবা সেগুলোর সাজা যে একই ধরনের হয়েছে, বিষয়টি এমন নয়।

বিশ্বের বিভিন্ন গণহত্যার ঘটনা রয়েছে, যেখানে নানা ধরনের সাজা হয়েছিল এবং সেগুলো ভিন্ন ভিন্ন আদালতে অনুষ্ঠিত হয়েছিল। সেগুলোর তথ্য বিবিসি বাংলার পাঠকদের কাছে তুলে ধরা হলো।

জার্মানির হলোকাস্ট ও বিচার

১৯৩৩ সালে যখন নাৎসিরা জার্মানিতে ক্ষমতায় আসে, তারা ইহুদিদের সমস্ত সম্পদ, স্বাধীনতা এবং আইনগত অধিকার থেকে বঞ্চিত করতে শুরু করে।

আরও পড়ুন: আইসিজের রায়কে ইতিবাচক বললেন জামায়াত আমির, রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে প্রত্যাবর্তনের দাবি

১৯৩৯ সালে জার্মানির পোল্যান্ড আক্রমণ ও দখলের পর, নাৎসিরা তৃতীয় রাইখ থেকে ইহুদিদের পোল্যান্ডের বিভিন্ন অঞ্চলে স্থানান্তর করে, যাতে ইহুদিদের অন্যান্য জনগণের থেকে আলাদা করা যায়।

১৯৪১ সালে, সোভিয়েত ইউনিয়নে জার্মান আক্রমণের সময় থেকেই নাৎসিরা তাদের গণহত্যা অভিযান শুরু করে। নাৎসিরা তাদের আক্রমণকে একটি জাতিগত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছিল, যা জার্মানি এবং ইহুদিদের পাশাপাশি স্লাভিক জনগণ এবং রোমাদের বিরুদ্ধেও ছিল।

জার্মান সৈন্যদের একটি দল, যাদের নাম ছিল আইনজাৎসগ্রুপেন, পূর্ব ইউরোপের দখলকৃত অঞ্চলে পৌঁছে নিরীহ মানুষদের গণহত্যা শুরু করে। ১৯৪১ সালের শেষে তারা ৫০০,০০০ মানুষকে হত্যা করেছিল এবং ১৯৪৫ সালের মধ্যে এ সংখ্যা ২০ লাখে পৌঁছায়, যার মধ্যে ১৩ লাখই ছিল ইহুদি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫–১৯৪৬ সালে জার্মানির নুরেমবার্গে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে বিচার হয়। এই আদালতের বিচারকাজ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা বিচারকেরা।

আরও পড়ুন: শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির জন্য ম্যাট্রিক্সের চিঠি

নুরেমবার্গ আদালতে বিচারকার্য চলে প্রায় ২১৮ দিন ধরে। হাজির করা হয় ২৩৬ জন সাক্ষী, উপস্থিত করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নথিপত্র। এর সঙ্গে সংযুক্ত করা হয় প্রায় দুই লাখ সাক্ষ্যসহ লিখিত অভিযোগপত্র। আড়াই হাজার পাতার প্রটোকল নথিপত্রের সাহায্যে তুলে ধরা হয়।

অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন ১৯৪৬ সালের পহেলা অক্টোবর। এই দিন নুরেমবার্গ আদালতের রায় ঘোষণা করা হয়। শীর্ষ সাতজন নাৎসি আসামিকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়, ১২ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। বেকসুর খালাস পান মাত্র তিনজন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ছিলেন হ্যারমান গ্যোয়েরিং, যিনি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই তার সেলে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন।

পরবর্তী সময়ে নুরেমবার্গ ট্রায়াল থেকেই আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের জন্ম হয়।

আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক মীর মাসুদুল আলম বিবিসি বাংলাকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই বিচার হয়েছিল নুরেমবার্গ বিচার ট্রাইব্যুনালে। সেখানে হিটলার এবং নাৎসি পার্টি তারা যে যুদ্ধাপরাধ করেছিল সেটার বিচার হয়েছিল।

আরও পড়ুন: ইরানে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

কম্বোডিয়ার গণহত্যা

কম্বোডিয়ার গণহত্যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রায় চার বছর খেমার রুজ নামের একটি কমিউনিস্ট শাসকগোষ্ঠী দেশটি শাসন করে। কম্বোডিয়ার যে কমিউনিস্ট পার্টি পার্টিকে খেমার রুজ বলা হতো, তাদের নেতা ছিলেন পল পট।

১৯৭৫ থেকে ১৯৭৯ এই চার বছর ধরে ক্যাম্বোডিয়ার মাওবাদী পলপট সরকারের সময় দেশজুড়ে তৈরি হয়েছিল অনাহার, নিপীড়ন এবং রাষ্ট্রের শত্রু হিসেবে চিহ্নিত করে বেপরোয়া হত্যাকাণ্ডের এক ত্রাসের রাজত্ব। খেমার রুজের শিকার হয়েছিলেন বুদ্ধিজীবী, সংখ্যালঘু, সাবেক সরকারি কর্মকর্তা আর তাদের পরিবারের সদস্যরা।

এই সময়ে হত্যা, নির্যাতন, অনাহার, জোরপূর্বক শ্রম এবং রোগে আক্রান্ত হয়ে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ মানুষের মৃত্যু হয়। শহর থেকে লোকজনকে উঠিয়ে দিয়ে তাদের জোর করে গ্রামে নিয়ে গিয়ে চাষবাস করতে বাধ্য করা হয়েছিল। অনেকে অনাহার অর্ধাহারের মধ্যে মারা গিয়েছিলেন।

আরও পড়ুন: রাত ৩টায় রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, মা-বাবা ঘুমিয়ে ছিলেন

১৯৭৯ সালে খেমার রুজ সরকারের পতনের পর কম্বোডিয়া সরকার জাতিসংঘের কাছে বিচারের জন্য সহযোগিতা চায়। খেমার রুজ সরকারের পতনের পর বিচার শুরু করতে কয়েক বছর সময় লেগেছে।

১৯৯৯ সালে জাতিসংঘের বিশেষজ্ঞ দল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সুপারিশ করে। কম্বোডিয়ার পার্লামেন্ট বিশেষ আদালত প্রতিষ্ঠার আইন পাস করে। আদালতের বিচারক ও প্রসিকিউটররা দায়িত্ব গ্রহণ করেন।

আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক মীর মাসুদুল আলম বিবিসি বাংলাকে বলেন, ওই আদালতটি ছিল একটি বিশেষ ধরনের যৌথ আদালত বা হাইব্রিড আদালত। কম্বোডিয়ার নিজস্ব আইনের অধীনে আদালতটি প্রতিষ্ঠিত হলেও সেখানে আন্তর্জাতিক বিচারকদেরও অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

সেই মামলার রায় হয় ২০১৮ সালে। সেই খেমার রুজের সরকারের প্রধান পলপটের দু-নম্বর লোক ছিলেন নওুন চিয়া, আর রাষ্ট্রপ্রধান ছিলেন খিউ সাম্পান। ক্যাম্বোডিয়ায় জাতিসংঘ সমর্থিত এই আদালত খেমার রুজের দুই শীর্ষ নেতাকে গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।

তবে বিচার কাজ শেষ হওয়ার আগেই খেমার রুজের শীর্ষ নেতা পল পট ১৯৯৮ সালে মারা যান।

মি. আলম বলছিলেন, "ওই আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে তারপর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল শীর্ষ নেতাদের। এই বিচার প্রক্রিয়াও ছিল আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে।''

রুয়ান্ডার গণহত্যা

পঁচিশ বছর আগে ১৯৯৪ সালে মাত্র ১০০ দিনের মধ্যে রুয়ান্ডায় ৮ লাখ মানুষ হত্যা করেছিল হুতু চরমপন্থীরা। তাদের শিকার ছিল সংখ্যালঘু টুটসি সম্প্রদায়ের মানুষজন, যারা ছিল তাদের রাজনৈতিক প্রতিপক্ষও।

রুয়ান্ডার বাসিন্দাদের মধ্যে ৮৫ শতাংশই হুতু, কিন্তু দীর্ঘদিন ধরে টুটসিরা দেশটির শাসন ক্ষমতায় ছিল। ১৯৫৯ সালে টুটসি রাজতন্ত্র উচ্ছেদ করে হুতুরা। তখন হাজার হাজার টুটসি প্রতিবেশী যেসব দেশে পালিয়ে যায়, তার মধ্যে রয়েছে উগান্ডাও।

১৯৯৪ সালের ৮ই এপ্রিল রাতে তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা এবং বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন নটারিয়ামিনা, যাদের দুজনেই হুতু সম্প্রদায়ের, বহনকারী বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা সব যাত্রী মারা যান।

এই ঘটনার জন্য আরপিএফকে দায়ী করে হুতু চরমপন্থীরা এবং খুব তাড়াতাড়ি মানব হত্যার একটি সুপরিকল্পিত কর্মযজ্ঞ শুরু করে।

আরপিএফের দাবি ছিল, ওই বিমানটিকে গুলি করেছে হুতুরাই, যাতে তারা গণহত্যার একটি অজুহাত তৈরি করতে পারে। অতি সতর্কতার সঙ্গে বিরোধী পক্ষের সরকারি কর্মকর্তাদের তালিকা মিলিশিয়াদের হাতে তুলে দেয়া হয় এবং তারা গিয়ে তাদের সবাইকে পরিবারের সদস্যদের সহ হত্যা করে।

প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা মৃত্যুর পর মাত্র ১০০ দিনে রুয়ান্ডায় হত্যা করা হয় প্রায় আট লাখ মানুষকে।

১৯৯৪ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলা ওই নৃশংসতা পরিচিত 'রুয়ান্ডা গণহত্যা' নামে। এ সময় নিহত ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন দেশটির টুটসি সম্প্রদায়ের মানুষ। আর গণহত্যাটা চালিয়েছিল মূলত হুতু সম্প্রদায়।

১৯৯৪ সালের অক্টোবরে রুয়ান্ডার গণহত্যার জন্য তানজানিয়ায় গঠন করা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর)। ১৯৯৫ সালে গণহত্যায় জড়িত সন্দেহে রুয়ান্ডার বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তাব্যক্তিকে অভিযুক্ত করে আইসিটিআর।

তবে এই বিচারপ্রক্রিয়া ছিল বেশ জটিল। কারণ, হত্যাকাণ্ডের জড়িত অনেকের সম্পর্ক বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছিল না। এরপর প্রায় ১৫ বছর ধরে গণহত্যার বিচারকাজ চলে। শেষ পর্যন্ত ২০০৮ সালে রুয়ান্ডার সাবেক তিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করার মধ্য দিয়ে বিচার শেষ হয়।

বসনিয়া ও স্রেব্রেনিৎসা গণহত্যা

স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল ১৯৯৫ সালের জুলাই মাসে, বলকান গৃহযুদ্ধের সময়। বসনিয়ার সার্ব সৈন্যরা যখন জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক নিরাপদ এলাকা বলে ঘোষণা করা স্রেব্রেনিৎসা শহর এবং তার আশপাশের এলাকা দখল করে নিল, তখনই ঘটেছিল ভয়াবহ সেই গণহত্যা।

১৯৯০ এর দশকের শুরুতে বলকান যুদ্ধ যখন শুরু হলো, তখন একটানা তিন বছর আট মাস ধরে বসনিয়ার সারায়েভো ছিল এক অবরুদ্ধ শহর।

বসনিয়ার যুদ্ধে বসনীয় সার্ব বাহিনীর বিরুদ্ধে বসনীয় মুসলিম জনগোষ্ঠীকে হত্যা ও জোরপূর্বক বিতাড়নের অভিযোগ ওঠে। ১৯৯৫ সালের জুলাইয়ে স্রেব্রেনিৎসায় প্রায় ৮ হাজার বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় গণহত্যা আর হয়নি। তবে বসনিয়ার যুদ্ধে ছিল আরও একটি পক্ষ। এই ত্রিমুখী লড়াইয়ে সার্বিয়ান এবং মুসলিমরা ছাড়াও জড়িয়ে পড়েছিল ক্রোয়েশিয়ানরাও।

মুসলিম পুরুষ এবং বালকদের বেছে বেছে আলাদা করে হত্যা করা হয়, তারপর তাদের গণকবর দেয়া হয়।

পরে সেই মামলার বিচারও হয়েছিল আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে ম্লাদিচের বিচারের সময় কৌঁসুলিরা বলেছিলেন, বসনিয়া থেকে বসনিয়ান মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করার যে ঘৃণ্য পরিকল্পনা নেওয়া হয়েছিল, সার্ব বাহিনী ভিআরএস এর অধিনায়ক হওয়ার মাধ্যমে তা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিলেন জেনারেল ম্লাদিচ।

বলকান যুদ্ধের গণহত্যার এবং অন্যান্য যুদ্ধাপরাধের অভিযোগে এর আগে সাবেক সার্বিয়ান প্রেসিডেন্ট স্লোবোডান মিলোসেভিচকেও বিচারের মুখোমুখি করা হয়েছিল। কিন্তু ২০০৬ সালে বিচার শেষ হওয়ার আগেই তিনি কারাবন্দী অবস্থায় মারা যান।

রোহিঙ্গা গণহত্যা: মামলা থেকে রায়

বিশ্বের ইতিহাসে জাতিগত নিধন ও আন্তর্জাতিক গণহত্যা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিচার হয়েছে। এসব বিচারে শুধু সরাসরি হত্যাকারী নয়, বরং রাষ্ট্রপ্রধান, সামরিক কমান্ডার, রাজনৈতিক নেতা, সেনা কর্মকর্তা এবং গণহত্যার পরিকল্পনাকারীদেরও বিচারের মুখোমুখি করা হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে যে অভিযোগ এনেছে গাম্বিয়া, সেটি আনা হয়েছিল অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা ওআইসি'র পক্ষ থেকে।

অভিযোগে গাম্বিয়া বলেছে, রোহিঙ্গাদের উপর নৃশংস সামরিক অভিযান চালানোর মাধ্যমে ১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘের মানবাধিকার সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার।

বিশ্লেষকরা বলছেন, গণহত্যা প্রতিরোধ ও এর শাস্তি বিধানের বিষয়ে ১৯৪৮ সালে জাতিসংঘের গৃহীত 'ইউএন কনভেনশন অব দ্যা প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্যা ক্রাইম অব জেনোসাইড' হল এই গণহত্যার বিচারের আন্তর্জাতিক দলিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মীর মাসুদুল আলম বিবিসি বাংলাকে বলেন, "গণহত্যার সংজ্ঞা, অপরাধের ধরন এবং এর শাস্তি নির্ধারণের ক্ষেত্রে এই কনভেনশনই আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। বিশ্বের বিভিন্ন স্থানে গণহত্যার বিচারপ্রক্রিয়ায় এই কনভেনশনের সংজ্ঞা ও বিধান অনুসরণ করা হয়েছে"।

ওই মামলায় মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য দায়ী ঘোষণা এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধ, ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিশ্চিতের দাবি জানানো হয়।

২০২০ সালে অন্তর্বর্তী রায়ের প্রায় সাড়ে ছয় বছর পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হয়। পরে চলতি বছরের জানুয়ারিতে মামলার মূল শুনানি শেষ হয়। শুনানিতে গাম্বিয়া ও মিয়ানমারের আইনজীবীরা নিজেদের যুক্তি এবং বিভিন্ন তথ্যপ্রমাণ উপস্থাপন করেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের মতে, গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক সনদ আছে ১৯৪৮ সালের, সেই সনদটা ইন্টারন্যাশনাল ল'র একটি মূল অংশে পরিণত হয়েছে।

প্রশ্ন হচ্ছে, আইসিজে কি এখন মিয়ানমারকে বিচারের আওতায় আনতে পারবে?

জিয়াউদ্দিনের মতে, আইসিজে'র সামনে হাজির হওয়ার জন্য সার্বভৌম দেশ হিসেবে মিয়ানমার বাধ্য নয়। আইসিজে'র সে ক্ষমতাও নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনির্দিষ্ট অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


সুনির্দিষ্ট অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, রাজধানীর বিভিন্ন স্থানে ব্লক রেইড এবং চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এ ধরনের অভিযানে ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়াজ মেহেদী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, "তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।" সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত দুজনকে আজ আদালতে হাজির করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু গ্রেফতার

আইনশৃঙ্খলা বাহিনী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেফতার করেছে রংপুর জেলা পরিষদের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) তিনি ঢাকা বিমানবন্দরে উপস্থিত হলে থাইল্যান্ডের উদ্দেশে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মোসাদ্দেক হোসেন বাবলু গুরুতর অসুস্থ ছিলেন এবং তার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা ছিল।

এদিকে পুলিশ জানায়, মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা চূড়ান্ত হলেও দুটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম বলেন, ‘মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিএমইএ: শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের বাধায় কাজে যোগ দিতে পারছেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


বিজিএমইএ: শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের বাধায় কাজে যোগ দিতে পারছেন না

শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত থাকলেও বাইরের কিছু লোকের বাধার কারণে তারা কাজে যোগ দিতে পারছেন না, এমনটি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় এই অভিযোগ উত্থাপন করে সংগঠনটি।

বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে, মজুরি বোর্ডের ঘোষণা আসার পরেও গাজীপুরে গত তিন সপ্তাহ ধরে বিভিন্ন কারখানা ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিদিন শ্রমিকরা কর্মস্থলে এলেও বাইরের কিছু লোকের বাধার কারণে তারা কাজে যোগ দিতে পারছেন না। কিছু পক্ষ শ্রমিক অসন্তোষকে ভিন্ন দিকে পরিচালিত করে প্রশাসন, সরকার এবং মালিকপক্ষের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি করছে।

এদিকে, শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ওই দিন মজুরির বিষয়টি নিশ্চিত করতে হবে। যত রাতই হোক, আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


বান্দরবানে ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের মরদেহ উদ্ধার

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী মিসকাতের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশে অবস্থিত একটি ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৫-৬ শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা শৈলপ্রপাতের পাশের একটি ঝর্ণায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝর্ণা থেকে উপরে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি। বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%