০৪:১১ পি.এম
অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ সফর নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে মুখ খুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা জানিয়েছেন, বঙ্গবন্ধু সফরে ভারতীয় দলের আসা এখন পুরোপুরি ভারত সরকারের অনুমতির ওপর নির্ভর করছে।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে ওই কর্মকর্তা উল্লেখ করেন, বাংলাদেশ সফর নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা চলছে। তবে সরকার অনুমতি দেওয়ার পরেই সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। কিন্তু এখনও পর্যন্ত দুই দেশের কোনো পক্ষই সিরিজটি নিয়ে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল ভারতীয় দলের।
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরো জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ভারতের সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে তারা এখনো সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় আছে।
তিনি বলেন, ‘বিসিবির সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে। তবে সরকার থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনো সিরিজের সূচি ঠিক করা হয়নি। অনুমতি পাওয়া গেলেই সেটি দ্রুত নির্ধারিত হয়ে যাবে।’
এদিকে, বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে নানা জটিলতা তৈরি হয়েছে। সর্বশেষ আইপিএল থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশগ্রহণ করেনি।
এর মধ্যে আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত ১১ আগস্ট প্রকাশিত ওই সূচির প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সিরিজের অনিশ্চয়তা আরও বেড়েছে।
আরও পড়ুন: সম্পত্তির বিরোধে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিলেন ছেলে
তবে, বিসিসিআই কর্মকর্তার বক্তব্যে আপাতত স্পষ্ট যে, বাংলাদেশ সফর বাতিলের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের সরকারের অনুমতির পরই সিরিজের ভবিষ্যৎ নিশ্চিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন