০৮:৪৩ পি.এম
ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেই গড়ে উঠবে। তিনি বলেন, ভালো ফলাফলের সাথে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শনিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
প্রতিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার জন্য মেধাবী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ক্রেস্ট, ফুল ও গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্যসচিব মো. এনামুল কাদির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার নির্বাচনী এলাকায় তিন দিনের সরকারি সফরের শেষ দিনে নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এই সময়, তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া ছাড়াও বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার বিষয়টি জানান।
পরে প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সড়ক ও জনপথের রাস্তা থেকে ডা. আবু আলী ফকিরের রাস্তা পর্যন্ত আরসিসিকরণ কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
এসময় পরিবেশে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন